খুলনায় সোহেল ওরফে চেগা সোহেল (২৮) নামে এক যুবককে গুলি করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে নগরীর মওলার বাড়ি খালপাড় বোর্ড ঘরের সামনে ঘটনাটি ঘটে।
আহত যুবক ওই এলাকার শাহাদতের ছেলে।
স্থানীয়রা বলেন, সোহেলের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। তিনি মাদক কারবারের সঙ্গে জড়িত। মাদকসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের একটি দল তাকে গুলি করে হত্যার চেষ্টা করে।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন স্থানীয়দের বরাত দিয়ে বলেন, সোহেলকে লক্ষ্য করে ‘সন্ত্রাসীরা’ এলোপাতাড়ি গুলি করে। একটি গুলি তার কোমরের বাঁ পাশে বিদ্ধ হয়। এ ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তার পরিবারের সদস্যদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।