ঢাকা
মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় মায়ের সঙ্গে অভিমান করে নুরজাহান (১৪) নামে এক কিশোরী বসতঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের চরমহিষকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নুরজাহান ওই গ্রামের জহিরুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানান, নুরজাহানের সঙ্গে তার মা রুচিয়া বেগমের সাংসারিক কাজকর্ম নিয়ে কথা কাটাকাটি হয়। এর জেরে অভিমান করে সে নিজের শোবার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। পরে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়।
এ সময় পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। পরে তাকে উদ্ধার করে দ্রুত গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান নুরজাহান আর বেঁচে নেই।
গোসাইরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) সজিবুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ থানায় নিয়ে আসে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে। অনুমতি পেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
৭ ঘণ্টা আগে
কেন্দ্রীয় কারাগারের অসুস্থ কয়েদির মৃত্যু
ঢাকা কেন্দ্রীয় কারাগারে আব্দুল খালেক (৬৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আব্দুল খালেকের কয়েদি নম্বর ৬৭১৮/এ। তার বাবার নাম মৃত কফিল উদ্দিন। তবে কি মামলায় তিনি কারাগারে কয়েদি হিসেবে ছিলেন সে বিষয়ে কিছু জানা যায় নি।
কারারক্ষী আব্দুল্লাহ জানান, আব্দুল খালেক নামে ওই কয়েদি বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে কয়েকজন কারারক্ষী চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের পর কারা কর্তৃপক্ষের প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
২৩ ঘণ্টা আগে
গাজীপুরে ট্রেনের ধাক্কায় হাত-পা বিচ্ছিন্ন রেলওয়ে পুলিশের
গাজীপুরে রেলওয়ে পুলিশের একজন উপপরিদর্শক (এসআই) মোবাইল ফোনে কথা বলতে বলতে ট্রেনের নিচে পড়ে গুরুতর আহত হয়েছেন। এতে তার ডান হাত ও ডান পা কেটে গেছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে শহরের জয়দেবপুর রেলওয়ে ষ্টেশনের ৪ নম্বর লাইনে অসাবধানতাবসত তিনি মোবাইল ফোনে কথা বলতে বলতে হাঁটার সময় এই দুর্ঘটনা ঘটে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইয়ুম আলী জানান, আজ (বৃহস্পতিবার) সকালে ঢাকা রেঞ্জের গাজীপুর জেলায় কর্মরত এসআই হাবীব ট্রেনে কাটা পড়ে গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় তার ডান হাত ও ডান পা কেটে গেছে। তাকে প্রথমে শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজে ভর্তি করা হয়। পরে সেখানের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন।
২ দিন আগে
রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এনসিপির ছাত্র নেতা আহত
রাজধানীর কদমতলীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মোঃ জানভির আলম(২৩) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। তিনি কদমতলী থানার এনসিপির ছাত্র শক্তির সিনিয়র যুগ্ম- আহবায়ক ও নারায়ণগঞ্জ সোনারগাঁ ইউনিভার্সিটির অনার্সের প্রথম বর্ষের শিক্ষার্থী।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে রায়েরবাগ বাস স্ট্যান্ড পুতুলবাড়ি রেস্টুরেন্টের সামনে এই ঘটনাটি ঘটে। পরে রাত সাড়ে ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
আহত জানভির শনির আখড়া বোয়ালবাড়ি মোড় এলাকার মো. ইব্রাহিম মিয়ার ছেলে।
জানভির হতের সহকর্মী সাদেক মির্জা জানান, আজ রাতের দিকে পুতুলবাড়ি রেস্তোরাঁর সামনে বসে থাকা অবস্থায় ৩ থেকে ৪ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে জানভিরের ডান কাঁধের পেছনে ও পিঠে আঘাত করে পালিয়ে যায়। আমরা খবর পেয়ে প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসি।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক। তিনি জানান, আজ রাতের দিকে ঘাড়ে ও পিঠে জখম অবস্থায় ওই যুবককে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। আমরা বিষয়টি কদমতলী থানা পুলিশকে জানিয়েছি।
৪ দিন আগে
সাভারে হানিফ পরিবহনের বাসে আগুন
সাভারে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী পার্কিং করা বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। এটি অগ্নিসংযোগ নাকি কেবলই অগ্নিকাণ্ড, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় কফিল পেট্রোল পাম্পের সামনে এ অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুই ইউনিট আধা ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে, এ ঘটনায় আর কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকার কফিল পেট্রোল পাম্পের সামনে আরিচাগামী লেনে হানিফ পরিবহনের একটি বাস পার্কিং করা ছিল। হঠাৎ ওই বাসে পথচারীরা আগুন দেখতে পান। পরে সাভার ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
সাভার ফায়ার সার্ভিসে ফায়ার ফাইটার আবু হানিফ বলেন, খবর পেয়ে আমাদের দুই ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা জানা যায়নি।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। গাড়ির যান্ত্রিক ক্রুটির কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে। তবে, এটি নাশকতা কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
উল্লেখ্য, হানিফ পরিবহনের মালিক কফিলউদ্দিন সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা।
৫ দিন আগে
শ্যামপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় পথচারী নিহত
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর রাস্তা পারাপারের সময় অজ্ঞাতগাড়ির ধাক্কায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তিনি মারা যান।
নিহত রহিমের বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মথুরাপুর গ্রামে। তার বাবার নাম আব্দুর রহমান। ওই গ্রামে তার একটি দোকান রয়েছে। ঢাকায় তিনি কী কারণে এসেছিলেন, তা জানা যায়নি।
শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) মাইনুদ্দিন তালুকদার জানান, রাত সাড়ে ১২টার দিকে পোস্তগোলা সেতুর ওপর রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন ওই ব্যক্তি। পরে পথচারীরা তাকে পড়ে থাকতে দেখে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢামেকে নিয়ে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এসআই আরও জানান, সড়কের সিসিটিভি ও প্রযুক্তি সহায়তায় ওই গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।
৫ দিন আগে
যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাদরাসা শিক্ষার্থী খুন
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মাহিম কিশোরগঞ্জ সদরের দিন ইসলামের ছেলে। সে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় থাকত। স্থানীয় একটি মাদরাসায় হেফজ বিভাগে সে পড়ত বলে জানিয়েছেন তার স্বজনরা।
নিহতের ভগ্নিপতি মো. রাফি জানান, রবিবার রাতে স্কুল গলিতে কয়েকজন কিশোর মাহিমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে স্বজনরা খবর পেয়ে তাকে করে ঢামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, সেই বিষয়ে কিছু জানতে পারেননি তারা।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে।
৫ দিন আগে
প্রেম করে বিয়ে, এরপর মেয়ের পরিবারের ধাওয়া খেয়ে প্রাণ গেল যুবকের
রাজধানীর কলাবাগান এলাকায় প্রেম করে বিয়ে করার পর মেয়ের পরিবারের ধাওয়া খেয়ে ৬ তলার ছাদ থেকে পড়ে শহিদুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালের দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
নিহত শহিদুল ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার দক্ষিণ মাঝপাড়া গ্রামের মৃত চানমিয়ার ছেলে ছিলেন। বর্তমানে কলাবাগান থানার কাঠালবাগান এলাকার একটি বাসায় তার ভাইয়ের সঙ্গে থাকতেন।
কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম জানান, শহিদুল ইসলাম নামে এক যুবক নারায়ণগঞ্জ থেকে হাসি নামের ১৪ বছরের এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক করে ১১ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ থেকে ঢাকায় নিয়ে আসেন। পরে কলাবাগানে শহিদুলের বড় ভাই রফিকুল ইসলামের বাসায় আসেন। তার বড় ভাই তাদের দুজনের সম্মতিতে বিয়ে দিয়ে দেন।
তিনি বলেন, মেয়ের পরিবারের সদস্যরা রফিকুলের বাসায় তাদের মেয়ে আছে জেনে ওই বাসার নিচে আসেন। এরপর শহিদুল বাসার নিচে নামলে তাদের দেখতে পান। পরে মেয়েটির খালু তার পেছন পেছন ওই ভবনের সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকেন। ভয় পেয়ে শহিদুল প্রথমে ওই ভবনের পাশের ভবনে লাফ দিয়ে চলে যান, কিন্তু দ্বিতীয় ভবন পার হওয়ার সময় অসাবধানতাবশত নিচে পড়ে নিহত হন।
এই পুলিশ কর্মকর্তা বলেন, পরে আমরা খবর পেয়ে গতকাল (শনিবার) রাত সাড়ে ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করি। পরে সকালের দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরবর্তীতে আমরা ওই কিশোরীকে তার পরিবারের কাছে মুচলেকা নিয়ে হস্তান্তর করি। যেহেতু মেয়ে অপ্রাপ্তবয়স্ক, তাই আমরা তাকে তার পরিবারের জিম্মায় হস্তান্তর করেছি।
এসআই আরও জানান, ফেসবুকের মাধ্যমে হাসির সঙ্গে শহিদুলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা দুজনেই পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেন।
৬ দিন আগে
মুন্সীগঞ্জে জসিম হত্যাকাণ্ড পারিবারিক দ্বন্দ্বের জেরে: সেনাবাহিনী
মুন্সীগঞ্জে নিহত জসিম উদ্দিনের ঘটনা মূলত পারিবারিক দ্বন্দ্বের জেরে ঘটেছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোথাও বড় ধরনের বিশৃঙ্খলা ঘটেনি। কয়েকটি স্থানে উত্তেজনার আশঙ্কা দেখা দিলেও তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জ সার্কিট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন লেফটেন্যান্ট কর্নেল আকিব জাভেদ।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, সেনাবাহিনীর বিশ্লেষণে দেখা গেছে, জসিম উদ্দিনের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট দুপক্ষের মধ্যে আগে থেকেই পারিবারিক বিরোধ ছিল। নির্বাচনের পর কথাকাটাকাটির মাধ্যমে সেই বিরোধ নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে। দুই পক্ষ ভিন্ন রাজনৈতিক অবস্থানে থাকলেও ঘটনার মূল কারণ ছিল পারিবারিক কলহ।
তিনি উল্লেখ করেন, চর আব্দুল্লাপুর এলাকায় নাসিরের পক্ষ ও জসিমের পক্ষের মধ্যে আগে থেকেই সম্পর্কের অবনতি ছিল। পারিবারিক সূত্রে তাদের মধ্যে পূর্বশত্রুতা ছিল। নির্বাচনের পর সেই বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। প্রথমে হাতাহাতি হয়, পরে বিকেল আড়াইটার দিকে নাসির পক্ষের অতর্কিত হামলায় জসিম গুরুতর আহত হন। তাকে ঢাকায় নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনার পরপরই সেনাবাহিনী ও পুলিশ এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জড়িতদের আটকের চেষ্টা চলছে এবং কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান লেফটেন্যান্ট কর্নেল আকিব জাভেদ।
তিনি আরও জানান, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কোথাও বড় ধরনের বিশৃঙ্খলা ঘটেনি। কয়েকটি স্থানে উত্তেজনা সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। মোল্লাকান্দির একটি কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা কেন্দ্রের বাইরে ঘটেছিল। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল আকিব জাভেদ বলেন, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জেলার কয়েকটি এলাকায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। শ্রীনগরে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। আনন্দপুর ও মোল্লাকান্দি এলাকায় উত্তেজনার আশঙ্কা দেখা দিলে সেখানে টহল জোরদার করা হয়। আগলা এলাকায় ঘরবাড়ি ভাঙচুরের ঘটনায় ২ জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোল্লাকান্দিসহ জেলার বিভিন্ন উপজেলায় সেনা মোতায়েন অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
৭ দিন আগে
ফরিদপুরে দুই উপজেলাবাসীর সংঘর্ষে আহত ২০, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ও নির্বাচন-পরবর্তী সহিংসতায় ফরিদপুরের সালথা উপজেলা ও বোয়ালমারী উপজেলাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে দুই উপজেলার সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত সালথা উপজেলা ও বোয়ালমারী উপজেলার সীমান্তে ময়েনদিয়া বাজার এলাকায় এ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ও নির্বাচনে ভোট দেওয়া নিয়ে বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মান্নান মাতু্ব্বরের সমর্থকদের সঙ্গে সালথা উপজেলার খারদিয়া গ্রামের টুলু মিয়া ও জিহাদ মিয়ার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ (শনিবার) সকাল ১০টার দিকে সংঘর্ষ বাঁধে। এ সময় বাড়িঘর ভাঙচুর ও অগিসংযোগ করে সংঘর্ষকারীরা। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।
৭ দিন আগে