সিলেট
হবিগঞ্জ জেলা আ.লীগের কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন ও স্লোগান
হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের ধ্বংসপ্রাপ্ত কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এ ঘটনায় ভিডিওটি নতুন নাকি পুরোনো তা যাচাইয়ের কথা জানিয়েছে পুলিশ।
ভিডিওতে দেখা যায়, ২০২৪ সালের ৩ আগস্ট আন্দোলনকারীরা শহরের টাউন হল রোডে অবস্থিত জেলা আওয়ামী লীগের পুড়িয়ে দেওয়া কার্যালয়ের সামনে কয়েকজন যুবক ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে’, ‘রাজপথ কাঁপবে’সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তাদের হাতে জাতীয় ও দলীয় পতাকা ছিল এবং কয়েকজনের মুখ ঢাকা ছিল।
ওই সময় একজন বক্তা বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা ও জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আবু জাহিরের নির্দেশে আজ থেকে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয় নেতাকর্মীদের জন্য উন্মুক্ত ঘোষণা করা হলো।’
অন্যদিকে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে থাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি দুটি ভিডিও ও দুটি ছবি ফেসবুকে প্রকাশ করে দাবি করেন, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জেলা আওয়ামী লীগের উদ্যোগে এবং হবিগঞ্জ সদর ও পৌর আওয়ামী লীগ, জেলা ও সদর উপজেলা যুবলীগ, জেলা, পৌর ও কলেজ ছাত্রলীগ এবং তৃণমূল নেতা-কর্মীদের উপস্থিতিতে সশস্ত্র জঙ্গি সন্ত্রাসীদের দ্বারা ধ্বংসপ্রাপ্ত কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কার্যালয়টি পুনরায় নেতা-কর্মীদের জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের জেলা কার্যালয়ে একটি জাতীয় ও একটি দলীয় পতাকা টানানো রয়েছে। তবে স্থানীয় কয়েকজন জানান, এ বিষয়ে তারা কিছুই জানেন না।
হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোছা. ইয়াছমিন খাতুন বলেন, আমরা মাত্র ভিডিওটি দেখেছি। ঘটনাটি আজকের নাকি পুরোনো, তা নিশ্চিত হতে বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করার পর বলা যাবে।
৩ দিন আগে
সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা ও বিয়ানীবাজার উপজেলার আছিরগঞ্জ এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ৯টার মধ্যে দুর্ঘটনাগুলো ঘটে।
আজ সকাল ৯টার দিকে বিয়ানীবাজার উপজেলার আছিরগঞ্জ এলাকার বসন্তপুরে হাইড্রোলিক ট্রাক্টর ও টমটমের সংঘর্ষে কামাল হোসেন নামের এক টমটমযাত্রী নিহত হন।
নিহত কামাল হোসেন (৪২) বিয়ানীবাজারের তিলপাড়া ইউনিয়নের বড়াউট গ্রামের মক্তার আলীর ছেলে।
পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে বিয়ানীবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, ঘটনার পর পুলিশ ট্রাক্টরটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন।
এর আগে, সকাল ৮টার দিকে গোলাপগঞ্জ উপজেলায় অপর সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক ফরহাদ হাসান (৩০) নিহত হয়েছেন।
ফরহাদ বিয়ানীবাজার উপজেলার মাটিজুরা গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে।
পুলিশ জানায়, সকালে দুর্ঘটনার শিকার মোটরসাইকেল ও চালকের নিথর দেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি।
৩ দিন আগে
প্রথম নির্বাচিত নারী এমপি পেল সিলেট
সিলেট জেলা প্রথমবারের মতো নির্বাচিত নারী এমপি পেয়েছে। নির্বাচিত এ সংসদ সদস্য হলেন তাহসিনা রুশদীর লুনা। তিনি বিজয়ী হয়েছেন বিপুল ভোটের ব্যবধানে।
জাতীয় সংসদ সদস্য নির্বাচনের ফলাফল ঘেটে পাওয়া গেছে এ তথ্য।
এর আগে, লুনার স্বামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম. ইলিয়াস আলী সিলেট-২ আসনে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ৭৯ হাজার ২৫১ ভোটের ব্যবধানে পরাজিত করে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে স্বামীর পর সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ইলিয়াসপত্নী লুনা। তিনি সিলেট-২ আসনের প্রথম মহিলা সংসদ সদস্য। এছাড়া তিনি সিলেটের ৬টি আসনের মধ্যে এই প্রথম নির্বাচিত নারী এমপি হয়েছেন।
সিলেট-২ আসনের ১২৮টি (বিশ্বনাথ উপজেলার ৭৪টি ও ওসমানীনগর উপজেলার ৫৪টি) ভোট কেন্দ্রের বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে বিএনপি প্রার্থী লুনা পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী খেলাফত মজলিস মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী মুহাম্মদ মুনতাছির আলী পেয়েছেন ৩৭ হাজার ৪৪৬ ভোট। তাদের প্রাপ্ত ভোটের ব্যবধান ৭৯ হাজার ২৫১ ভোট।
এছাড়া সিলেট-২ আসনের অপর ৩ প্রার্থীর মধ্যে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী পেয়েছেন ১ হাজার ৪০৪ ভোট, ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা আমির উদ্দিন পেয়েছেন ১ হাজার ৩৮৯ ভোট ও গণফোরাম মনোনীত উদিয়মান সূর্য প্রতীকের প্রার্থী মুজিবুল হক পেয়েছেন ৬৩২ ভোট।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটানিং কর্মকর্তা উম্মে কুলসুম রুবি উপজেলার ৭৪টি কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করেন। অপরদিকে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটানিং কর্মকর্তা মুনমুন নাহার আশা উপজেলার ৫৪টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন।
৬ দিন আগে
টানা ৫ দিন বন্ধ সিলেটের তামাবিল স্থলবন্দর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ বুধবার থেকে টানা ৫ দিন বন্ধ থাকবে সিলেটের তামাবিল স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম।
বুধবার (১১ ফেব্রুয়ারি) থেকে রবিবার (১৫ ফেব্রুয়ারি) পর্যন্ত টানা ৫ দিন তামাবিল স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। নির্বাচন শেষে আগামী সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে যথারীতি বন্দরের কার্যক্রম পুনরায় চালু হবে বলে জানিয়েছে স্থলবন্দর সূত্র।
তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রমে সম্পৃক্ত মালিক, কর্মচারী, হ্যান্ডেলিং শ্রমিক ও ট্রাকচালকরা ভোট প্রদানের জন্য নিজ নিজ এলাকায় অবস্থান করছেন। এ কারণে নির্ধারিত সময় পর্যন্ত এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী সোমবার সকাল থেকে আবারও নিয়মিত কার্যক্রম শুরু হবে।
১০ দিন আগে
নিজেকে ভোট দিতে পারবেন না সিলেটের ৩ প্রার্থী
জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ করে সিলেটের ছয়টি আসনের প্রার্থী এবং ভোটাররা অপেক্ষার প্রহর গুনছেন ভোটের জন্য। তবে এবারের নির্বাচনে অন্য আসনের প্রার্থী হওয়ায় তিন জন নিজেকে ভোট দিতে পারবেন না।
সিলেট জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ৬টি আসনে এবার ৩৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ২৯ লাখ ১৬ হাজার ৫৭৯ ভোটার।
সিলেটের ৬টি আসনের মধ্যে সিলেট-১ আসন গঠিত সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলা নিয়ে। সিলেট-২ আসন গঠিত হয়েছে বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা নিয়ে। সিলেট-৩ আসন দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে। সিলেট-৪ আসন গঠিত হয়েছে জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা নিয়ে। সিলেট-৫ আসন জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলা নিয়ে গঠিত হয়েছে। সিলেট-৬ আসন গঠিত হয়েছে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা নিয়ে।
নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে সিলেট জেলার ৬টি আসনে মোট ভোটার ২৯ লাখ ১৬ হাজার ৫৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ লাখ ৯৮ হাজার ৯৫৩ এবং নারী ভোটার ১৪ লাখ ১৭ হাজার ৬১০ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার ১৬ জন।
নির্বাচনি আসনের হিসাব অনুযায়ী সিলেট-১ আসনে মোট ভোটার ৬ লাখ ৮০ হাজার ৯৪৩ জন, সিলেট-২ আসনে মোট ভোটার ৩ লাখ ৬৮ হাজার ৯০০ জন, সিলেট-৩ আসনে মোট ভোটার ৪ লাখ ১৫ হাজার ৯৬৬ জন, সিলেট-৪ আসনে মোট ভোটার ৫ লাখ ১২ হাজার ৯৩৩, সিলেট-৫ আসনে মোট ভোটার ৪ লাখ ২৮ হাজার ৭৪৬ জন এবং সিলেট-৬ আসনে মোট ভোটার ৫ লাখ ৯ হাজার ৯১ জন।
১২ ফেব্রুয়ারির নির্বাচনে সিলেট-১ আসনের ৮ প্রার্থী হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) খন্দকার আবদুল মুক্তাদির, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাওলানা হাবিবুর রহমান, ইসলামী আন্দোলনের মাহমুদুল হাসান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রণবজ্যোতি পাল, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) সঞ্জয় কান্ত দাস, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মোহাম্মদ আনোয়ার হোসেন, গণঅধিকার পরিষদের আকমল হোসেন এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. শামীম মিয়া।
সিলেট-২ আসনের ৫ প্রার্থী হলেন বিএনপির মোছা. তাহসিনা রুশদীর লুনা, খেলাফত মজলিসের মুহাম্মদ মুনতাসির আলী, জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আমীর উদ্দিন এবং গণফোরামের মো. মুজিবুল হক।
সিলেট-৩ আসনের ৬ প্রার্থী হলেন বিএনপির মোহাম্মদ আবদুল মালিক, জাতীয় পার্টির মো. আতিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের মুছলেহ উদ্দিন রাজু, ইসলামী আন্দোলন বাংলাদেশের রেদওয়ানুল হক চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মঈনুল বাকর এবং ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী।
সিলেট-৪ আসনের ৫ প্রার্থী হলেন বিএনপির আরিফুল হক চৌধুরী, জামায়াতের জয়নাল আবেদীন, জাতীয় পার্টির মোহাম্মদ মুজিবুর রহমান ডালিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা সাঈদ আহমদ এবং গণঅধিকার পরিষদের জহিরুল ইসলাম।
সিলেট-৫ আসনের ৪ প্রার্থী হলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলানা উবায়দুল্লাহ ফারুক, খেলাফত মজলিসের মুফতি মোহাম্মদ আবুল হাসান, স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) মামুনুর রশিদ এবং বাংলাদেশ মুসলিম লীগের মো. বিলাল উদ্দিন।
সিলেট-৬ আসনের ৫ প্রার্থী হলেন বিএনপির এমরান আহমদ চৌধুরী, জামায়াতের মো. সেলিম উদ্দিন, জাতীয় পার্টির মো. আবদুন নূর, গণঅধিকার পরিষদের জাহিদুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলাম।
সিলেটের ৬টি আসনে মোট ভোটকেন্দ্র ১ হাজার ১৬টি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত রয়েছে ২১৭টি কেন্দ্র। এই ২১৭টির মধ্যে বিয়ানীবাজার উপজেলায় ২টি, দক্ষিণ সুরমা উপজেলায় ৪টি, ফেঞ্চুগঞ্জ উপজেলায় ১২টি, গোয়াইনঘাট উপজেলায় ৪৬টি, কানাইঘাট উপজেলায় ৫০টি, কোম্পানীগঞ্জ উপজেলায় ১টি, সদর উপজেলায় ৪৫টি, জকিগঞ্জ উপজেলায় ৯টি, জৈন্তাপুর উপজেলায় ২৪টি এবং বালাগঞ্জ উপজেলায় ২৪টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে। এ ছাড়া সিলেট নগরীতে মোট ২৯৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৯৫টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সিলেট জেলা পুলিশের গণমাধ্যম কর্মকর্তা মো. সম্রাট তালুকদার বলেন, ‘ঝুঁকিপূর্ণ নয়, আমরা ভোটকেন্দ্রগুলোকে গুরুত্বপূর্ণ এবং সাধারণ দুইভাবে ভাগ করেছি। এসব কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ও নির্বাচনে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন সবার সঙ্গে সমন্বয় করেই আমরা কাজ করছি।’
সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘নগরীর সব ভোটকেন্দ্রে পুলিশ, মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে এবং পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।’
নিজেকে ভোট দিতে পারবেন না ৩ প্রার্থী
নির্বাচনে নিজ আসনে নিজের ভোট দিতে পারবেন না সিলেটের ৩ প্রার্থী। এই তিন প্রার্থী যে আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সে আসনে তাদের ভোট না থাকায় এবারের নির্বাচনে তারা নিজের ভোট নিজেকে দিতে পারবেন না।
ভোট না দিতে পারা প্রার্থীরা হলেন— সিলেট-১ (সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলা) আসনের গণঅধিকার পরিষদের আকমল হোসেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন সুমন এবং সিলেট-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী।
এসব প্রার্থীদের নির্বাচনি হলফনামা ও ভোটার তথ্য অনুযায়ী, সিলেট-১ আসনের ট্রাক প্রতীকে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের ভোটকেন্দ্র তার স্থায়ী ও বর্তমান ঠিকানা গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণভাগ-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
একই আসনে কাস্তে প্রতীকে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন সুমনের ভোট তার স্থায়ী ও বর্তমান ঠিকানা সুনামগঞ্জ জেলায়। তিনি সুনামগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের ভোটার। তার ভোটকেন্দ্র প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র জামতলা সুনামগঞ্জে।
সিলেট-২ আসনে লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরীর ভোট তার বর্তমান ঠিকানা সিলেট সিটি করপোরেশনের মজুমদারি এলাকায়। তার ভোটকেন্দ্র সিলেট সিটি করপোরেশনের আম্বরখানা গালস স্কুল অ্যান্ড কলেজ।
প্রার্থীদের ভোট দেওয়ার ব্যাপারে সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও সহকারী রিটার্নিং কর্মকর্তা পিংকি সাহা বলেন, যার ভোট যেখানে তাকে সেখানেই ভোট দিতে হবে। তবে কোনো প্রার্থী যদি তার নির্বাচনি এলাকার ভোটার না হন তবে তিনি আবেদন করলে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।
এ ব্যাপারে সিলেট-১ আসনের বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন সুমন বলেন, আমার ভোট সুনামগঞ্জে। পোস্টাল ভোটের জন্য আবেদন করিনি। যেহেতু সিলেট-১ আসন আমার নির্বাচনি এলাকা, তাই ভোট দিতে সুনামগঞ্জ যেতে পারব না।
সিলেট-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী বলেন, আমার ভোট সিলেট সিটি করপোরেশনে। পোস্টাল ভোটের জন্য আবেদন করিনি। নির্বাচনের দিন সময় হলে সিটি করপোরেশনে ভোট দিতে যাব।
১০ দিন আগে
সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ১১ লাখ টাকার ভারতীয় গরু জব্দ
সুনামগঞ্জে পৃথক অভিযানে মধ্যনগর সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১৪টি ভারতীয় গরু জব্দ করেছে বিজিবি।
রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ও গভীর রাতে বিজিবি ২৮ ব্যাটালিয়ন এসব অভিযান চালায়। জব্দ করা গরুগুলোর মোট বাজারমূল্য আনুমানিক ১১ লাখ ১৫ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত সুরক্ষা ও চোরাচালান বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালিত হয়। অভিযান দুটি মধ্যনগর উপজেলার দুটি ভিন্ন বিওপির অধীনে পরিচালিত হয়। রবিবার বিকেলে মাটিরাবন বিওপির একটি টহল দল সীমান্ত পিলার থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কড়াইবাড়ী এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ৮টি ভারতীয় গরু জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৫ লাখ ৯০ হাজার টাকা। পরে একই উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের কীর্তনছড়া এলাকায় গভীর রাতে দ্বিতীয় অভিযানটি পরিচালনা করে বাংগালভিটা বিওপি। সীমান্ত থেকে প্রায় ২০০ গজ অভ্যন্তরে পরিচালিত এই অভিযানে ৬টি গরু আটক করা হয়, যার আনুমানিক মূল্য ৫ লাখ ২৫ হাজার টাকা।
এ বিষয়ে সুনামগঞ্জ বিজিবি ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, ‘সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা এবং সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে আমাদের এই কঠোর অবস্থান বজায় থাকবে।’
জব্দ করা গরুগুলো যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম চলছে বলে জানান এ কর্মকর্তা।
১২ দিন আগে
বিয়ানীবাজারে জমিয়ত ও ফুলতলী মসলকের সমর্থন পেল বিএনপি
সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে বিজয়ী করার প্রতিশ্রুতি দিয়েছে আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলাম। নির্বাচন কমিশনে অনিবন্ধিত ধর্মভিত্তিক এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠা করেন প্রয়াত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী। তার প্রতিষ্ঠিত এই দলের অনুসারীদের সংক্ষেপে ‘ফুলতলী মসলক’ বলে সম্বোধন করা হয়।
এদিকে স্থানীয় জমিয়তে উলামায়ে ইসলামও বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়েছে। জমিয়তের প্রার্থী বিদ্রোহ করে এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। স্বতন্ত্র প্রার্থী হলেও নির্বাচনি মাঠে বেশ প্রভাব ফেলেছেন তারা।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পৌরশহরের সুপাতলা এলাকার লতিফিয়া মাদরাসায় অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত হয় যে, বিয়ানীবাজার-গোলাপগঞ্জের উন্নয়ন স্বার্থে এমরান আহমদ চৌধুরীকে বিজয়ী করার জন্য আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলাম এবং তাদের অনুসারীরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন। এ সভায় বিএনপির পক্ষে সিলেট জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা, যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজমুল হোসেন, আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামের পক্ষে আল-ইসলাহর সংগঠক আব্দুর রহমান নিজামী, উপজেলা শাখার সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক গৌছ উদ্দিন, পৌর সভাপতি হাজী বদরুল ইসলাম, উপজেলা তালামীযে ইসলামিয়ার সভাপতি হাফিজ জফরুল আলম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হিফজুর, পৌর শাখার সভাপতি রিফাত আহমদ, কলেজ সভাপতি মফিজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
অপরদিকে, বিয়ানীবাজার জমিয়তে উলামায়ে ইসলামের নেতা-কর্মীরা সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে সমর্থন দিয়েছেন।
জমিয়তে উলামায়ে ইসলামের বিয়ানীবাজার উপজেলা শাখার উদ্যোগে এ মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিলেট জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মোস্তাক আহমদ চৌধুরী, উপদেষ্টা মাওলানা আব্দুল মতিন, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক আব্দুল হক কাসেমী, উপজেলা যুব জমিয়তের সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, পৌর ছাত্র জমিয়ত নেতা তোফায়েল আহমদ ও জমিয়ত নেতা রাজু আহমদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
১৩ দিন আগে
সিলেটে চার গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ১০
সিলেট নগরীর একটি পথসভায় চেয়ারে বসাকে কেন্দ্র করে মধ্যরাতে চার গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের ছোড়া ঢিলে পুলিশসহ অন্তত ৮ থেকে ১০ জন আহত হয়েছেন।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে নগরীর তেমুখি পয়েন্টে এ সংঘর্ষ শুরু হয়। প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে আশপাশের বেশ কিছু এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (বুধবার) রাতে তেমুখি পয়েন্টে একটি পথসভায় কুমারগাঁও ও সাহেবের গাঁও গ্রামের দুই দল কিশোরের মধ্যে চেয়ারে বসাকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি হয়। তখন উপস্থিত লোকজন বিষয়টি মীমাংসা করে দেন। তবে ঘণ্টাখানেক পর উভয় পক্ষ আবারও এ বিষয় নিয়ে তর্কে জড়িয়ে পড়ে।
একপর্যায়ে কিশোরদের পক্ষ নিয়ে কুমারগাঁও এলাকার বাসিন্দাদের সঙ্গে নাজিরের গাঁওয়ের লোকজন একাত্মতা প্রকাশ করলে সাহেবের গাঁওয়ের সঙ্গে চারুগাঁও এলাকার কয়েকজন যোগ দেন। এতে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। এ সময় প্রায় দেড় ঘণ্টা উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
পুলিশ আরও জানায়, সংঘর্ষের কারণে সিলেট–সুনামগঞ্জ সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় যান চলাচল শুরু হয়। বর্তমানে এলাকায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবীব বিষয়টি নিশ্চিত করে বলেন, মধ্যরাতে আধিপত্য বিস্তার নিয়ে চার গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এ সময় পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে।
১৬ দিন আগে
সিলেটে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলআরোহী যুবক নিহত
সিলেটের বিয়ানীবাজার উপজেলায় মোটরসাইকেলে মাইক্রোবাসের ধাক্কায় এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার চারখাই ইউনিয়নের বাগবাড়ী মডেল স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাধন আহমেদ উপজেলার নওয়াখানী গ্রামের বাসিন্দা রুহেল আহমেদের ছেলে। দুর্ঘটনায় আহত মাহিন নিহত বাধন আহমেদের বন্ধু।
স্থানীয়রা জানান, মাইক্রোবাসটির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাধন ও মাহিন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে বাধনের মৃত্যু হয়। আর মাহিনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। সেখানে চিকিৎসা চলছে তার।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
১৯ দিন আগে
সিলেটের সারি নদে চোরাবালিতে তলিয়ে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু
সিলেটের জৈন্তাপুরে সারি নদে চোরাবালিতে তলিয়ে গিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো: মুসআব আমীন (২৮) শাবিপ্রবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২০২৩ সেশনের শিক্ষার্থী। তিনি গাজীপুর জেলার কালিয়াকর উপজেলার সকিপুর গ্রামের মো: শহিদুর রহমানের ছেলে।
মুসআব শাকসু নির্বাচনে সৈয়দ মুজতবা আলী হল সংসদে সদস্যপদে প্রার্থী ছিলেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, জৈন্তাপুরের সারি নদে আজ (শুক্রবার) সকালের দিকে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন মুসআব। দুপুরের দিকে সারি নদের সাহেবমারা এলাকায় বন্ধুদের সঙ্গে নদের পানিতে গোসলে নেমেছিলেন তিনি। এ সময় নদের পানির নিচে চোরাবালিতে তলিয়ে যান। তাৎক্ষণিকভাবে সঙ্গে থাকা বন্ধুরা খোঁজাখুঁজি করে তাকে পাচ্ছিলেন না।
খবর পেয়ে জৈন্তাপুর উপজেলার ফায়ার সার্ভিস ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের দুটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান চালিয়ে বিকাল ৪টার দিকে তার নিথর দেহ উদ্ধার করে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহবুবুর রহমান মোল্লা জানান, সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌছে দীর্ঘ তিন ঘণ্টা তল্লাশি চালিয়ে নিখোঁজ ছাত্রের মরদেহ উদ্ধার করে। আমরা ময়নাতদন্ত করার জন্য মরদেহটি সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছি।
২১ দিন আগে