হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের ধ্বংসপ্রাপ্ত কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এ ঘটনায় ভিডিওটি নতুন নাকি পুরোনো তা যাচাইয়ের কথা জানিয়েছে পুলিশ।
ভিডিওতে দেখা যায়, ২০২৪ সালের ৩ আগস্ট আন্দোলনকারীরা শহরের টাউন হল রোডে অবস্থিত জেলা আওয়ামী লীগের পুড়িয়ে দেওয়া কার্যালয়ের সামনে কয়েকজন যুবক ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে’, ‘রাজপথ কাঁপবে’সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তাদের হাতে জাতীয় ও দলীয় পতাকা ছিল এবং কয়েকজনের মুখ ঢাকা ছিল।
ওই সময় একজন বক্তা বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা ও জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আবু জাহিরের নির্দেশে আজ থেকে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয় নেতাকর্মীদের জন্য উন্মুক্ত ঘোষণা করা হলো।’
অন্যদিকে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে থাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি দুটি ভিডিও ও দুটি ছবি ফেসবুকে প্রকাশ করে দাবি করেন, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জেলা আওয়ামী লীগের উদ্যোগে এবং হবিগঞ্জ সদর ও পৌর আওয়ামী লীগ, জেলা ও সদর উপজেলা যুবলীগ, জেলা, পৌর ও কলেজ ছাত্রলীগ এবং তৃণমূল নেতা-কর্মীদের উপস্থিতিতে সশস্ত্র জঙ্গি সন্ত্রাসীদের দ্বারা ধ্বংসপ্রাপ্ত কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কার্যালয়টি পুনরায় নেতা-কর্মীদের জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের জেলা কার্যালয়ে একটি জাতীয় ও একটি দলীয় পতাকা টানানো রয়েছে। তবে স্থানীয় কয়েকজন জানান, এ বিষয়ে তারা কিছুই জানেন না।
হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোছা. ইয়াছমিন খাতুন বলেন, আমরা মাত্র ভিডিওটি দেখেছি। ঘটনাটি আজকের নাকি পুরোনো, তা নিশ্চিত হতে বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করার পর বলা যাবে।