চুয়াডাঙ্গা শহরতলীর মৌসুমী ফুড বেকারিতে অভিযান চালিয়ে ব্যবহৃত ডালডার ভেতর মৃত ইঁদুর পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহার ও পণ্য পুনরায় প্যাকেটজাত করে বাজারজাত করার অভিযোগে এক মালিকের দুটি প্রতিষ্ঠানকে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ভোক্তা অধিকার সংরক্ষণ সমিতির (ক্যাব) প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি দল।
অভিযান সূত্রে জানা যায়, দৌলতদিয়াড়ে মেসার্স মৌসুমী ফুড প্রোডাক্টে অভিযানে গিয়ে বেকারিতে ব্যবহৃত ডালডার ভেতর মৃত ইঁদুর পাওয়া যায়। এছাড়া মেয়াদোত্তীর্ণ ফ্লেভার ব্যবহার এবং আগাম বেকারি পণ্য প্রস্তুত করে পরবর্তীতে চলতি তারিখ উল্লেখ করার প্রমাণ মেলে। এসব অপরাধে প্রতিষ্ঠানের মালিক মো. সাইদুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, এদিন আরেকটি অভিযানে মেয়াদোত্তীর্ণ পাউরুটি নতুন মোড়কে পুনরায় প্যাকেটজাত করে বাজারজাত করার দায়ে সাইদুল ইসলামের অপর প্রতিষ্ঠান অনন্যা ফুড প্রোডাক্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোহাম্মদ মামুনুল হাসান বলেন, পবিত্র রমজান উপলক্ষে হোটেল, সেমাই ও মসলা মিলেও তদারকি কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ সময় ব্যবসায়ীদের মানসম্মত পণ্য বিক্রি নিশ্চিত করা এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রি থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।