অপহরণ
দস্যুর ভয়ে সুন্দরবনের জেলেদের মাছ ধরা বন্ধ, রাজস্ব ঘাটতির আশঙ্কায় বন বিভাগ
বনদস্যু আতঙ্কে দুবলারচরের দশ হাজারের অধিক শুঁটকিকরণ জেলে গতকাল (বুধবার) সন্ধ্যা থেকে সাগরে মাছ ধরা বন্ধ রেখে চরে অবস্থান নিয়েছেন। গত দুই দিনেও সন্ধান মেলেনি সোমবার রাতে অপহৃত ২০ জেলের। মাছধরা বন্ধ থাকায় বনবিভাগ রাজস্ব ঘাটতির আশঙ্কায় রয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ দুবলার আলোরকোল থেকে বলেন, সুন্দরবন ও সাগরে নিরাপত্তা না থাকায় বনদস্যুদের হাতে অপহরণের আতঙ্কে দুবলার দশ হাজারের অধিক শুঁটকিকরণ জেলে বুধবার সন্ধ্যা থেকে সাগর ও সুন্দরবনের নদীতে মাছ ধরা বন্ধ করে দিয়েছেন। জেলেরা এখন চরে অলস সময় কাটাচ্ছেন। মৌসুমের শেষে এসে কী নিয়ে বাড়ি যাবেন, সে চিন্তায় তারা দিশেহারা হয়ে পড়ছেন।
তিনি বলেন, সুন্দরবনে জাহাঙ্গীর, সুমন, শরীফ ও করিম বাহিনী নামে বনদস্যুদের চারটি গ্রুপ সক্রিয় রয়েছে। দস্যুরা বেপরোয়া হয়ে সুন্দরবন ও সাগর দাপিয়ে বেড়াচ্ছে। জেলেদের ধরে নিয়ে আটকে মুক্তিপণ আদায় করে ছেড়ে দিচ্ছে। যারা টাকা দিতে পারছে না তাদের বেদম মারধর করছে দস্যুরা। গত সপ্তাহে দস্যুদের মারধরে গুরুতর আহত হয়ে ৪ জন জেলে রামপাল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন।
তিনি আরও বলেন, সুন্দরবনে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা না থাকায় দস্যুরা বেপরোয়া হয়ে গেছে। ২০১৮ সালে তৎকালীন সরকার সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেছিল। তখন থেকে জেলেরা নিরাপদে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছিল। অন্তর্বর্তীকালীন সরকারের সময় সুন্দরবনে দস্যুরা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে বলে দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি জানিয়েছেন।
আলোরকোলের রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী বলেন, আগে প্রবাদ ছিল, ‘জলে কুমির, ডাঙ্গায় বাঘ। এখন এর সঙ্গে যুক্ত হয়েছে, সাগরে গেলে ডাকাত।’
তিনি বলেন, দস্যুদের তাণ্ডবে মাছ ধরা বন্ধ করা হয়েছে। গত ১৫ দিনের মধ্যে অনেক জেলেকে দস্যুরা অপহরণ করে নিয়ে গেছে। দস্যুদের হাতে এখন কমপক্ষে শতাধিক জেলে আটক রয়েছেন। গত সোমবার রাতে ২০ জেলেকে নিয়ে যাওয়ার সময় তাদের সঙ্গে যোগাযোগের জন্য মোবাইল নম্বর দিয়ে গেছে। গত দুই দিনেও ২০ জেলের সন্ধান পাওয়া যায়নি।
সুন্দরবন পূর্ব বন বিভাগের জেলেপল্লী দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মিলটন রায় বলেন, দস্যু আতঙ্কে জেলেরা মাছ ধরা বন্ধ রাখায় রাজস্ব ঘাটতির আশঙ্কা রয়েছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা ফরেস্ট স্টেশন কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মো. খলিলুর রহমান বলেন, বনদস্যু আতঙ্কে আমাদের স্টেশন অফিস থেকে কোনো জেলে সুন্দরবনে মাছ ধরার পাস নিচ্ছেন না। ফলে আমাদের মাসিক রাজস্বের টার্গেটে বড় ধরনের প্রভাব পড়ছে।
সুন্দরবন-সংলগ্ন শরণখোলা বাজারের জালাল মোল্লা, আনোয়ার সওদাগর, রিপন হাওলাদারসহ কয়েকজন মুদি দোকানি বলেন, জেলেরা সুন্দরবনে না যাওয়ায় আমাদের বেচাকেনা প্রায় বন্ধ হয়ে গেছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম বলেন, সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা বৃদ্ধি পাওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বনরক্ষীরা জেলেদের নিরাপত্তায় কাজ করছেন।
২ দিন আগে
খুলনায় অপহৃত স্কুলছাত্রী সিলেটে উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার
সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার কায়স্তরাইল এলাকা থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন—র্যাব। এ সময় অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (১৪ জানুয়ারি) রাতে র্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করেছে বলে জানান র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া উইং) কে এম শহিদুল ইসলাম সোহাগ।
গ্রেপ্তার সোহাগ মিয়া (২৯) সুনামগঞ্জ জেলার ছাতক থানার ছনখাইর এলাকার বাসিন্দা।
অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) ওই ছাত্রী স্কুলে যাওয়ার পর সে আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর মেয়েটির পরিবার জানতে পারে, অজ্ঞাতনামা ৩-৪ জন যুবক তাকে খুলনা শহরের খানজাহান আলী থানাধীন ফুলবাড়ি গেইট বাসস্ট্যান্ড থেকে জোর করে অটোরিকশায় তুলে নিয়ে যায়।
এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে খুলনার খানজাহান আলী থানায় নারী ও শিশু নির্যাতন মামলা করেন। মামলার সূত্র ধরে র্যাবের একটি দল তাকে উদ্ধার করে।
উদ্ধার হওয়া স্কুলছাত্র্রী খুলনার খানজাহান আলী থানাধীন একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী।
৩৭ দিন আগে
অপহরণের ৩০ ঘণ্টার মধ্যে সিলেটে স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ২
সিলেটের মোগলাবাজার থানা এলাকা থেকে অপহরণ করা নবম শ্রেণির স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) মোগলাবাজার থানা পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার ভানুগাছ রোড থেকে ওই কিশোরীকে (১৫) উদ্ধার করে। অভিযান চলাকালে অপহরণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— মৌলভীবাজার সদর থানার কাশিনাথ রোড এলাকার আল আমিন হাসান (১৮) এবং একই থানার কাচরিবাজার এলাকার মাহি আহমেদ নয়ন (১৮)।
পুলিশ জানায়, সোমবার (৫ জানুয়ারি) স্কুলে যাওয়ার পথে মেয়েটি দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকা থেকে নিখোঁজ হয়। পরে তার বাবা মোগলাবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির সূত্র ধরে তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহজালাল শুভ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, নিখোঁজের পরপরই পুলিশ মেয়েটিকে উদ্ধারে কাজ শুরু করে এবং সফলভাবে তাকে উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
৪৫ দিন আগে
অপহরণের পর বিবস্ত্র করে মুক্তিপণ আদায়, সিলেটে গ্রেপ্তার ২
সিলেটে এক ব্যক্তিকে অপহরণ পরবর্তীতে বিবস্ত্র করে শারীরিক নির্যাতন এবং ভিডিও ধারণের পর মুক্তিপণ আদায়ের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন—র্যাব-৯।
বুধবার (১৭ ডিসেম্বর) রাতে র্যাবের একটি দল সিলেট নগরীর দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন— ওই এলাকার বাসিন্দা আহমদ হোসেন মাহিন (৩০) এবং শরীয়তপুর জেলার নাড়িয়া থানার হালইসার এলাকার বাসিন্দা সুহেল আহমদ (২৪)। আর ভুক্তভোগী সিলেটের কানাইঘাট উপজেলার সোনারখেওড় এলাকার বাসিন্দা।
এ বিষয়ে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত ৩০ নভেম্বর দুপুরে ভুক্তভোগী সিলেট আদালতে একটি মামলায় হাজিরা শেষে বাসে চড়ে নিজের বাড়ির উদ্দেশে রওনা হন। অপহরণকারীরা দক্ষিণ সুরমা থানার কদমতলী ওভার ব্রিজের পূর্ব পাশে রাস্তার ওপর চলন্ত বাসের গতিরোধ করে একটি মাইক্রোবাসে করে ভুক্তভোগীকে জোরপূর্বক তুলে নিয়ে যান। মাইক্রোবাসে তুলে তারা তার দুই চোখ কাপড় দিয়ে এবং দুই হাত পেছনের দিকে বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যান। সেখানে তারা ভুক্তভোগীকে বিবস্ত্র করে বেধড়ক মারপিট করেন। পরে নির্যাতনের ভিডিও তার পরিবারের কাছে পাঠিয়ে ৮ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।
পরবর্তী সময়ে ভুক্তভোগীর স্বজনরা তাকে বাঁচানোর জন্য ৮ লাখ টাকার মধ্যে পৃথকভাবে ৫ লাখ টাকা ও ৩ লাখ টাকা অপহরণকারী চক্রকে পাঠান। এরপর গত ৭ ডিসেম্বর সন্ধ্যায় সিলেটের তালতলা এলাকায় ভুক্তভোগীকে তার পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা করেন। মামলার পর তথ্য প্রযুক্তির সহায়তায় তদন্ত করে তাকে গ্রেপ্তার করে র্যাব।
৬৫ দিন আগে
সুন্দরবন থেকে ৭ জেলে অপহরণ, মুক্তিপণ দাবি
মুক্তিপণের দাবিতে ডন বাহিনীর সদস্য পরিচয়ে সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকে ৭ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা।
রবিবার (৭ ডিসেম্বর) সকালে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মালঞ্চ নদীর হাঁসখালী, চেলাকাটা, হেতালবুনি খাল থেকে জেলেদের অপহরণ করা হয় বলে জানিয়েছেন ফিরে আসা জেলেরা।
অপহৃত জেলেরা হলেন— সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দক্ষিণ কদমতলা গ্রামের আব্দুল আজিজ (৫০), ইব্রাহিম হোসেন (৪৫), আনারুল ইসলাম (২২), নাজমুল হক (৩৪), শামিম হোসেন (৩৬), আনোয়ার হোসেন (৩২) ও হরিনগর জেলেপাড়ার মুজিবুল হোসেন (৩৫)।
ফিরে আসা দুই জেলে ফজের আলী ও সবুজ মিয়া জানান, সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন থেকে পাশ নিয়ে কাঁকড়া ধরার জন্য তারা সুন্দরবনে যান। বনে কাঁকড়া শিকারের জন্য রবিবার তারা মালঞ্চ নদীর বিভিন্ন খালে অবস্থান করছিলেন। একপর্যায়ে তিনটি নৌকায় ১০ জন বন্দুকধারী তাদের ঘিরে ধরে। এ সময় তারা প্রতি নৌকা থেকে একজন করে উঠিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি বিকাশ নম্বর দিয়ে সেটিতে মুক্তিপণের মাথাপিছু ৫০ হাজার টাকা পাঠানোর নির্দেশ দেয়।
তারা আরও জানান, ঋণ করে তারা বনে গিয়েছিলেন। এখন চালান তো উঠবেই না, উল্টো মুক্তিপণ দিয়ে সহকর্মীদের ছাড়াতে হবে। এমন দুরবস্থার মধ্যে পড়ার চেয়ে মৃত্যুও ভালো ছিল বলে আক্ষেপ করেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে সুন্দরবনের রেঞ্জ কর্মকর্তা মো. ফজলুল হক বলেন, বনবিভাগের স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা নিচে রয়েছে। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। বিষয়টি আপনারা কোস্টগার্ডকে একটু অবহিত করেন।
কোস্টগার্ড কৈখালী বিসিজি স্টেশন সূত্র জানায়, ইতোমধ্যে বিষয়টি তারা শুনেছেন। অপহরণের শিকার জেলেদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে। সবকিছু নিশ্চিত হয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
৭৫ দিন আগে
কুষ্টিয়ায় অপহৃত সেই ব্যবসায়ীকে বাড়ির সামনে ফেলে গেল অপহরণকারীরা
কুষ্টিয়ায় অপহরণের একদিন পর ব্যবসায়ী মো. জাহা বক্সকে (৩৮) অচেতন অবস্থায় বাড়ির সামনে ফেলে রেখে গেছে অপহরণকারীরা।
সোমবার (১৬ জুন) দিবাগত রাত ১২টার দিকে দুই ব্যক্তি মোটরসাইকেলে করে এসে চোখ ও মুখ বাঁধা অবস্থায় তাকে বাড়ির সামনে ফেলে রেখে যায় বলে নিশ্চিত করেছে পুলিশ ও পারিবারিক সূত্র।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, অপহরণের পর তাকে মারধর করা হয়েছে। শারীরিকভাবে অসুস্থ থাকায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
জাহা বক্স কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন আব্দালপুর ইউনিয়নের পশ্চিম আব্দালপুর গ্রামের মৃত কুদ্দুস আলীর ছেলে। তিনি বাড়ির পাশে ‘প্রান্ত স্টোর’ নামে একটি পাইকারি মুদি দোকান চালাতেন।
আরও পড়ুন: মুক্তিপণ না পেয়ে অপহৃত যুবককে হত্যা
এর আগে রবিবার দিবাগত রাত ১টার দিকে নিজ প্রতিষ্ঠান থেকে নগদ টাকাসহ তাকে অপহরণের অভিযোগ ওঠে। অপহরণকারীরা একটি চিঠির মাধ্যমে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। চিঠিতে পাঁচ দিনের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় টাকা না দিলে তাকে হত্যা করে লাশ গুম করে দেওয়ার হুমকিও দেওয়া হয়।
এ ঘটনায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলী হায়দার স্বপনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং চরমপন্থি সংগঠন জাসদ গণবাহিনীর আঞ্চলিক নেতা হিসেবে পরিচিত আলী রেজা সিদ্দিক কালুর ভাই।
আজ (মঙ্গলবার) সকালে জাহা বক্সের ছেলে প্রান্ত জানান, ‘রাত ১২টার দিকে আমাদের বাড়ির বারান্দায় কিছু একটা পড়ে যাওয়ার শব্দ শুনি। বাইরে বেরিয়ে দেখি বাবা অচেতন অবস্থায় পড়ে আছেন। তার মুখ ও চোখ বাঁধা ছিল।’
‘পরে জানতে পারি দুইজন ব্যক্তি মোটরসাইকেলে করে তাকে নামিয়ে দিয়ে চলে গেছে। বাবাকে মারধর করা হয়েছে, মাথায় দাগও রয়েছে। তিনি এখন কথা বলার মতো অবস্থায় নেই।’
অপহরণের রাতে কীভাবে ঘটনাটি ঘটেছিল তা জানাতে গিয়ে প্রান্ত বলেন, ‘একজন ব্যক্তি স্যালাইন নেওয়ার কথা বলে বাবাকে ডেকে নিয়ে যায়। বাবা তাকে পরিচিত কেউ ভেবেছিলেন, কিন্তু বাইরে গিয়ে দেখেন তিনি অপরিচিত। প্রথমে একজন থাকলেও পরে আরও একজনকে দেখা যায়। দোকান খোলার পরপরই পেছন থেকে বাবার মুখ, চোখ ও হাত বেঁধে তাকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। ক্যাশ বাক্সের নিচে রাখা টাকাও তারা নিয়ে গেছে। রাতেই পুলিশ বাড়িতে এসে কথা বলে গেছে।’
তিনি বলেন, ‘আমাদের কোনো অভিযোগ নেই। বাবা জীবিত ফিরে এসেছেন, এটাই যথেষ্ট।’
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘জাহা বক্সকে উদ্ধারে পুলিশ, ডিবি ও অন্যান্য বাহিনী সক্রিয় ছিল। তিনি শারীরিকভাবে অসুস্থ। বর্তমানে পুলিশের তত্ত্বাবধায়নে আছেন। সুস্থ হলে তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।’
আটক ইউপি চেয়ারম্যান সম্পর্কে ওসি জানান, ‘তার বিরুদ্ধে আরও কিছু অভিযোগ রয়েছে। তাকে অন্য একটি মামলায় গ্রেপ্তার দেখানো হবে।’
২৪৯ দিন আগে
বানরেরাও অপহরণ করে! বিজ্ঞানীদের অদ্ভুত আবিষ্কার
উত্তর আমেরিকার দেশ পানামার ছোট্ট একটি দ্বীপে প্রাণীজগতের অদ্ভূত এক আচরণের সন্ধান পেয়েছেন একদল গবেষক। সেখানে ক্যাপুচিন প্রজাতির বানররা হাওলার প্রজাতির বানরের বাচ্চা অপহরণ করছে। দ্বীপটিতে এমন ঘটনা অহরহ ঘটতে দেখা গেছে।
স্তন্যপায়ী প্রাণীটির এমন আচরণে হতবাক হয়ে গবেষক দলটি এ নিয়ে খতিয়ে দেখতে শুরু করেন। সোমবার (১৯ মে) কারেন্ট বায়োলজি নামের এক সাময়িকীতে এ-সংক্রান্ত গবেষণার বিস্তারিত প্রকাশিত হয়েছে।
তাতে বলা হয়েছে, ২০২২ থেকে ২০২৩ সালের মধ্যে দ্বীপের বিভিন্ন অংশে ক্যামেরা স্থাপন করা হয়। সেসব ক্যামেরায় অন্তত ১১টি হাওলার বানরের বাচ্চা ক্যাপুচিন বানরদের হাতে অপহৃত হওয়ার ঘটনা ধরা পড়েছে।
জার্মানির দ্য ম্যাক্স প্ল্যাংক ইনস্টিটিউট অব অ্যানিমেল বিহেভিয়ারের গবেষক জো গোল্ডসবরো বলেছেন, ‘এটি খুবই চমকপ্রদ আবিষ্কার। প্রাণীজগতে আমরা এ রকম কিছু আগে দেখিনি।’
ক্যাপুচিন প্রজাতির বানরের আকার পোষা বিড়ালের মতো, এরা দীর্ঘজীবী ও চালাক। এ প্রজাতির বানরেরা একে অপরের কাছ থেকে নতুন নতুন আচরণ শেখে। এমনকি, পানামায় ক্যাপুচিন বানরদের একটি দল শক্ত আবরণযুক্ত খাবার, যেমন: বাদাম ও সামুদ্রিক খাবার ভাঙার জন্য পাথরের হাতিয়ার ব্যবহার করতে শিখে গেছে বলে জানান গবেষকরা।
আরও পড়ুন: শ্রীলঙ্কাজুড়ে বিদ্যুৎ বিভ্রাট, বানরকে দায়ী করলেন মন্ত্রী
ম্যাক্স প্ল্যাংক ইনস্টিটিউট ও স্মিথসোনিয়ান ট্রপিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের গবেষকরা ক্যাপুচিন বানরের হাতিয়ার ব্যবহার প্রত্যক্ষ করতে ৮০টিরও বেশি ক্যামেরা স্থাপন করেছিলেন। তবে, ২০২২ সালের প্রথম দিকে প্রথমবারের মতো ক্যাপুচিন বানরের সঙ্গে হাউলার বানরের বাচ্চাকে দেখে তারা অবাক হয়ে যান।
ভিডিও ফুটেজে গবেষকরা দেখেছেন, ক্যাপুচিন বানরেরা তাদের পিঠে বাচ্চা ও হাতে পাথরের হাতিয়ার নিয়ে হাঁটছে। এ সময় তারা চেঁচামেচি ও একটু পরপরই হাতে থাকা পাথরে আঘাত করে শব্দ করছিল। তবে সেসব ফুটেজে অপহরণের মুহূর্তগুলো ধারণ করা সম্ভব হয়নি।
হাওলার বানরেরা দিনের বেশিরভাগ সময়ই গাছে কাটায়। সেখানেই অপহরণের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা বিজ্ঞানীদের। ম্যাক্স প্ল্যাংক ও স্মিথসোনিয়ানের সহ-লেখক মার্গারেট ক্রোফুট বলেছেন, ‘এই বিষয়ে আমাদের ধারণা খুবই সীমিত।’
গবেষকরা জানিয়েছেন, বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চা হাওলার বানরগুলো মারা গেছে। সাধারণত, হাওলার বানরশিশুরা তাদের মায়েদের দুধ খায়। ভিডিওতে আসা সব বাচ্চা কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস বয়সী। দুধ ছাড়ানোর মতো বয়স এগুলোর হয়নি। সম্ভবত মায়ের দুধ না পাওয়ার কারণেই তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
গবেষক ক্রোফুট বলেন, ‘আমার আশাবাদী মন বলছে, কিছু বাচ্চা পালিয়ে তাদের মায়ের কাছে গেছে, যদিও এ বিষয়ে আমি কিছু জানি না।’
কেন ক্যাপুচিন বানরেরা এমন আচরণ করছে— এ প্রশ্নের জবাব খুঁজে বের করার চেষ্টা করেন গবেষকরা। গবেষক দলটি প্রাথমিকভাবে ধারণা করেন, ক্যাপুচিন বানররা হয়তো শিকার করা কিংবা সহিংসতার প্রবণতা থেকে এমন আচরণ করছে।
তবে গবেষণায় দেখা গেছে, অপহরণের পর ক্যাপুচিন বানরের বাচ্চাগুলোর প্রতি কোনো ধরনের আক্রমণাত্মক আচরণে করেনি, উল্টো বাচ্চাগুলোকে আদর-যত্ন করছিল।
বিজ্ঞানীরা মনে করছেন, এটি একধরনের আচরণগত বিভ্রান্তি হতে পারে। এটির সূত্রপাত হয়তো কোনো এক ক্যাপুচিনের মাতৃত্বের ভুল প্রবৃত্তি কারণে। পরে এটি অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: কৃষকের ভাগ্য বদলে দিল বিএডিসির সেচ প্রকল্প
এটিকে বন্যপ্রাণীর বিরল সামাজিক ও আচরণগত ঘটনা বলে আখ্যায়িত করেছেন ফ্রান্সের সিএনআরএস ইনস্টিটিউট ফর কগনিটিভ সায়েন্সেসের গবেষক ক্যাথেরিন ক্রকফোর্ড।
ক্যাথেরিন একজন প্রাইমাটোলোজিস্ট। সাধারণত, যারা বানর ও মানুষসহ বুদ্ধিমান স্তন্যপায়ী প্রাণী বিশেষজ্ঞ তাদের প্রাইমাটোলোজিস্ট বলা হয়। তবে তিনি এই গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন না। ক্যাথেরিন বলেন, ‘এ ধরনের ঘটনা একই প্রজাতির মধ্যে ব্যাপক বৈচিত্র্যের ইঙ্গিত দেয়।’
২৭৪ দিন আগে
অপহরণের ৫ বছর পর বাবা-মায়ের কাছে ফিরল সামাউন
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অপহরণের পাঁচ বছর পর বাবা-মায়ের কাছে ফিরেছে সামাউন আলী (২০) নামে এক তরুণ। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) দিবাকর অধিকারী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে অপহরণকারীরা তাকে বালিয়াডাঙ্গী চৌরাস্তায় ফেলে রেখে যায়। পরে সেখান থেকে পুলিশ ও সামাউন আলীর স্বজনরা তাকে উদ্ধার করে।
সামাউন আলী উপজেলার ভানোর ইউনিয়নের গোগবস্তি গ্রামের আব্দুস সোবহানের ছেলে।
সামাউন আলীর পরিবারের সদস্যরা জানান, পাঁচ বছর আগে চাকরি দেওয়ার কথা বলে সামাউনকে ঢাকায় নিয়ে যান তার চাচাতো ভাই জমিরুল ইসলাম ওরফে মিঠুন। ঢাকায় যাওয়ার কিছুদিন পর থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে একাধিকবার ছেলেকে ফেরত চেয়ে উদ্ধারের চেষ্টা করেন সামাউনের বাবা সোবহান। তাকে ফেরত পাঠানোর কথা বলে মিঠুন কয়েক দফা টাকাও নিয়েছেন সামাউনের বাবার কাছ থেকে, কিন্তু তার ছেলেকে আর ফেরত দেননি।
ছেলের খোঁজে ব্যর্থ হয়ে সাত মাস আগে ঠাকুরগাঁও আদালতে মামলা করেন সোবহান। এতে মিঠুন ও তার বাবা আব্দুল খালেককে আসামি করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে বালিয়াডাঙ্গী থানার পুলিশকে এটি এজাহার হিসেবে রুজু এবং সামাউনকে উদ্ধারের নির্দেশ দেন।
আরও পড়ুন: নড়াইলে সিএনজি-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে হতাহত ৫
সোবহান বলেন, ‘সালিস বসিয়ে ছেলেকে ফেরতে চেয়েছি। আসামিরা কোনো কথা শোনেনি। মামলা করার পর পুলিশ যখন আসামিদের ধরতে চাইল, তখন তারা ছেলেকে ফেরত দিল।’
সামাউন বলেন, ‘তাকে নরসিংদী জেলার কোনো এক গুদামে রাখা হয়েছিল। তিনি কাজ করতেন, বেতন তুলতেন অন্য কেউ। কিছুদিন এভাবে চলার পর সবার সঙ্গে তার যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। এরপর কোথায় ছিলেন, কী করছিলেন—কিছুই বলতে পারছেন না।’
৩০০ দিন আগে
অপহরণের সাত দিনেও উদ্ধার হননি রবির টেকনিশিয়ান ইসমাইল
খাগড়াছড়ি থেকে অপহরণ হওয়া মোবাইল নেটওয়ার্ক কোম্পানি রবির টেকনিশিয়ান ইসমাইল মিয়ার সাত দিনেও কোনো সন্ধান মেলেনি।
শনিবার (২৬ এপ্রিল) নরসিংদী জেলা প্রশাসন কার্যালয়ে স্বরাষ্ট্র সচিবের সামনে ইসমাইলকে ফিরে পেতে কান্নায় ভেঙ্গে পড়েন তার পরিবারের সদস্যরা।
আরও পড়ুন: কাজের জন্য কক্সবাজার গিয়ে নিখোঁজ ৬
নরসিংদীর বাসিন্দা ইসমাইল রবির টেকনিশিয়ান হিসেবে খাগড়াছড়িতে কর্মরত ছিলেন। তিনি বেলাবো উপজেলার বীর বাগবের এলাকার নুরুল ইসলামের ছেলে।
গত ১৯ এপ্রিল খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ময়ুরখীল এলাকায় কাজ করতে গিয়ে নিখোঁজ হন এই যুবক। এ ঘটনায় মাকিছড়ি থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে।
এদিকে আজ (শনিবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গণির সঙ্গে দেখা করেন অপহৃত ইসমাইলের পরিবার। এ সময় শিগগিরই তাকে খুঁজে বের করা হবে বলে পরিবারকে আশ্বস্ত করেন জ্যেষ্ঠ সচিব। তবে এ বিষয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।
ইসমাইলের বাবা নুরুল ইসলাম জানান, গত দুই বছর ধরে রবির টাওয়ার মেরামতের চাকরি করে আসছেন ইসমাইল। সম্প্রতি খাগড়াছড়িতে রবির ৭/৮টি টাওয়ার বিকল হয়ে যাওয়ায় নেটওয়ার্ক ব্যবস্থা ভেঙে পড়ে। ফলে কোম্পানির নির্দেশে গত ১৯ এপ্রিল সকালে মানিকছড়ির ময়ুরখীল এলাকার উদ্দেশে রওনা হন তিনি। যাওয়ার পথে মানিকছড়ি কলেজ এলাকা থেকে দুর্বৃত্তরা ইসমাইল ও তার সহযোগী আব্রে মারমাকে অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
আরও পড়ুন: চট্টগ্রামের কর্ণফুলী নদীতে জাহাজ থেকে পড়ে নাবিক নিখোঁজ
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, ‘তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। রবি কোম্পানির সঙ্গে দুর্বৃত্তদের লেনদেন-সংক্রান্ত কোনো বিষয় রয়েছে, আর সে কারণেই তাদের অপহরণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’
৩০১ দিন আগে
অপহরণের সাত দিন পর মুক্ত বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী
অপহরণের সাত দিন পর মুক্তি পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ পাহাড়ি শিক্ষার্থী। তবে বুধবার (২৩ এপ্রিল) তাদের ছেড়ে দেওয়া হলেও বিষয়টি প্রকাশ্যে আসে একদিন পর বৃহস্পতিবার।
পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) পাঁচ শিক্ষার্থীর মুক্তির বিষয়টি নিশ্চিত করে বিবৃতি দিয়েছে। অপহরণকারীদের কবল থেকে মুক্ত হওয়া পাঁচ শিক্ষার্থী বর্তমানে তাদের গ্রামের বাড়িতে অবস্থান করছেন।
এ বিষয়ে জানতে চাইলে খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, ‘পাহাড়ি ছাত্র পরিষদ বিবৃতি দিয়েছে যে তারা তাদের সংগঠনের শিক্ষার্থীদের ফিরে পেয়েছে। আমরা ওই ছাত্র-ছাত্রীদের পরিবারে সাথে যোগাযোগ করেছি। তারাও নিজেদের পরিবার সদস্যদের ফিরে পাওয়ার কথা জানিয়েছেন। তাহলে এখন মোটামুটি ধরে ধরে নেওয়া যায় যে ওই ছাত্র-ছাত্রীরা তাদের পরিবারের হেফাজতে আছেন।’
আরও পড়ুন: খাগড়াছড়িতে অপহৃত চবি শিক্ষার্থীদের উদ্ধারে যৌথ অভিযান চলছে
বিজু উৎসব উদ্যাপন শেষে ফেরার পথে ১৬ এপ্রিল সকালে খাগড়াছড়ির গিরিফুল এলাকা থেকে পাঁচ শিক্ষার্থী ও তাদের বহন করা অটোরিকশার চালককে অজ্ঞাতনামা স্থানে তুলে নিয়ে যাওয়া হয়।
অপহৃত শিক্ষার্থীরা হলেন পিসিপির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র রিশন চাকমা, চারুকলা বিভাগের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা ও অলড্রিন ত্রিপুরা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা ও প্রাণিবিদ্যা বিভাগের লংঙি ম্রো। তারা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অপহরণকারীরা চালককে ওই সময় ছেড়ে দিয়েছিল।
পাঁচ পাহাড়ি শিক্ষার্থী অপহরণের ঘটনায় শুরু থেকে ইউপিডিএফকে দায়ী করে আসছে জেএসএস–সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি নিপুন ত্রিপুরা। তবে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছেন ইউপিডিএফের অন্যতম জেলা সংগঠক অংগ্য মারমা।
৩০৩ দিন আগে