দুর্ঘটনা
দিনাজপুরে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
দিনাজপুরের বিরামপুরে কলেজ বাজার এলাকায় ট্রাকের চাপায় একটি মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— দিনাজপুরের ঘোড়াঘাটের শালিকাদহ গ্রামের মিজানুর রহমানের ছেলে সজিব (৩৫) এবং একই গ্রামের তহিদুল ইসলামের ছেলে রাব্বি (৩৪)।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, উপজেলার গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে একটি ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে গেছে। ঘটনাস্থলেই মোটরসাইকেলটির চালক ও আরোহী নিহত হন। ট্রাকটির চালককে এখনও আটক করা সম্ভব হয়নি বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
১ দিন আগে
ময়মনসিংহে সেনা ট্রাক-বাস সংঘর্ষে নিহত ২, আহত ১৫ জন
ময়মনসিংহে সেনাবাহিনী সদস্যবহনকারী ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে উভয় গাড়ির চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের বালিয়া মোড় এলাকায় কাকলি রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— সেনাবাহিনীর ট্রাকচালক সার্জেন্ট রেজাউল (৩৬) ও বাসচালক আব্দুল বাসেত (৫০)। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনায় আহতদের পরিচয় পাওয়া যায়নি।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান জানান, আজ (বুধবার) সকালে সেনাবাহিনী তাদের ক্যাম্প কার্যক্রম শেষ করে ফুলপুর থেকে ময়মনসিংহ ফেরার পথে বালিয়া মোড়ে পৌঁছালে শেরপুরগামী যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সেনাবাহিনীর ট্রাক ও যাত্রীবাহী বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় আহত হয় কমপক্ষে ১৫ জন।
আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ৯ জনকে ভর্তি করা হয়েছে। বাকি ৬ জনকে ময়মনসিংহ সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে মমেক হাসপাতালে নেওয়ার পথে ট্রাকটির ড্রাইভার সার্জেন্ট রেজাউল করিম (৩৬) এবং যাত্রীবাহী বাসের চালক আব্দুল বাসেত (৫০) মারা যান।
ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, এই ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, দুর্ঘটনার পরপরই ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সম্মিলিতভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে দুর্ঘটনার শিকার যান সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
৩ দিন আগে
সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা ও বিয়ানীবাজার উপজেলার আছিরগঞ্জ এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ৯টার মধ্যে দুর্ঘটনাগুলো ঘটে।
আজ সকাল ৯টার দিকে বিয়ানীবাজার উপজেলার আছিরগঞ্জ এলাকার বসন্তপুরে হাইড্রোলিক ট্রাক্টর ও টমটমের সংঘর্ষে কামাল হোসেন নামের এক টমটমযাত্রী নিহত হন।
নিহত কামাল হোসেন (৪২) বিয়ানীবাজারের তিলপাড়া ইউনিয়নের বড়াউট গ্রামের মক্তার আলীর ছেলে।
পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে বিয়ানীবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, ঘটনার পর পুলিশ ট্রাক্টরটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন।
এর আগে, সকাল ৮টার দিকে গোলাপগঞ্জ উপজেলায় অপর সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক ফরহাদ হাসান (৩০) নিহত হয়েছেন।
ফরহাদ বিয়ানীবাজার উপজেলার মাটিজুরা গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে।
পুলিশ জানায়, সকালে দুর্ঘটনার শিকার মোটরসাইকেল ও চালকের নিথর দেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি।
৩ দিন আগে
পাবনায় দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল ২ জনের
পাবনা-ঢাকা মহাসড়কের শোলাবাড়িয়া এলাকায় দুই বাসের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার শোলাবাড়িয়া সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজার রহমান জানান, সকালে যাত্রীবাহী শাহজাদপুর ট্রাভেলসের একটি বাস পাবনা থেকে ঢাকায় যাচ্ছিল। পথে শোলাবাড়িয়া সেতুর কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাছরাঙা পরিবহনের একটি বাসের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। এরপর পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। তাদের মধ্যে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, নিহত বা আহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। তবে নিহত দুজনের মধ্যে একজন শাহজাদপুর ট্রাভেলসের বাসচালক এবং অপরজন মাছরাঙা পরিবহনের বাসের সহকারী। গুরুতর আহত ৭ থেকে ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
১১ দিন আগে
রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১৪ জন
রংপুরের পীরগঞ্জে ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৪ জন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে পীরগঞ্জ পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— গাজীপুরের রাহিমা আক্তার মুন্নি (৩৫), রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছের আব্দুল রাজ্জাক হওলাদার (৫৫) ও তার ছেলে আরাফাত সানী সানভী (২২)।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানান, একটি ট্রাক সামনে থাকা আরেটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। একই সময় দ্রুতগতিতে পেছন দিক থেকে আসা যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাস দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের যাত্রী রাহিমা আক্তার মুন্নি ঘটনাস্থলেই মারা যান।
গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুরের হারাগাছের রাজ্জাক হওলাদারকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং তার ছেলে সানভীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। খবর পেয়ে বড়দরগাহ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন।
বড়দরগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
১৫ দিন আগে
বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রীসহ নিহত ৫
ভারতের মহারাষ্ট্রের বারামতিতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় রাজ্যটির উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ার নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ব্যক্তিগত বিমানটিতে থাকা আরও চারজন নিহত হয়েছেন।
বুধবার (২৮ জানুয়ারি) স্থানীয় সময় সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানিয়েছে, একটি দলীয় র্যালিতে যোগ দিতে ব্যক্তিগত বিমানে করে মুম্বাই থেকে নিজ শহর বারামতি যাচ্ছিলেন অজিত পওয়ার। মুম্বাই থেকে প্রায় ২৫৪ কিলোমিটার দূরে গিয়ে জরুরি অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয়ে তাতে আগুন ধরে যায়।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। টেলিভিশনের ফুটেজে ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।
ভারতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তরের (ডিজিসিএ) প্রাথমিক বিবৃতিতে বলা হয়, মাঝারি আকারের লিয়ারজেট ৪৫ বিমানটিতে ছিলেন পাওয়ারের দুই স্টাফ সদস্য ও দুই ক্রু সদস্য। দুর্ঘটনায় সবাই নিহত হয়েছেন।
রাজ্য রাজনীতিতে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত পাওয়ার মহারাষ্ট্রে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন শাসক জোটের অংশ হিসেবে রাজ্যের দ্বিতীয় সর্বোচ্চ নির্বাচিত পদে দায়িত্ব পালন করছিলেন। রাজ্যের চিনি উৎপাদন অঞ্চলে তার প্রভাব ছিল ব্যাপক। গ্রামীণ ভোটারদের সংগঠিত করার সক্ষমতার জন্য তিনি পরিচিত ছিলেন।
এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাওয়ারকে একজন নিবেদিতপ্রাণ জনসেবক হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মোদি বলেন, ‘প্রশাসনিক বিষয়ে তার গভীর উপলব্ধি এবং দরিদ্র ও বঞ্চিত মানুষের ক্ষমতায়নে তার আগ্রহ ছিল উল্লেখযোগ্য। তার অকালমৃত্যু অত্যন্ত মর্মান্তিক ও শোকের। তার পরিবার ও অগণিত শুভানুধ্যায়ীকে আমার সমবেদনা।’
২৪ দিন আগে
যুক্তরাষ্ট্রে ৮ আরোহীসহ ব্যক্তিগত বিমান বিধ্বস্ত
যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যে ৮ আরোহী নিয়ে একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়েছে। ঝড়ের কবলে পড়ে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সময় রবিবার (২৫ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে ব্যাঙ্গর আন্তর্জাতিক বিমানবন্দরে বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০০ নামের বিমানটি বিধ্বস্ত হয়।
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এ তথ্য জানিয়েছে। তবে বিমানের যাত্রীদের অবস্থা সম্পর্কে তারা প্রাথমিকভাবে কোনো তথ্য দিতে পারেনি। এফএএ ও জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড দুর্ঘটনার বিষয়ে তদন্ত করছে।
রবিবার দেশের অন্যান্য অংশের সঙ্গে ব্যাঙ্গরেও টানা তুষারপাত হয়। এই মধ্যে নিউ ইংল্যান্ডসহ দেশটির বেশিরভাগ অঞ্চলে রাতে ঝড় হয়। ঝড়ের মধ্যে পড়ে বিমানটি বিধ্বস্ত হয়।
এক বিবৃতিতে ব্যাঙ্গর আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি উড্ডয়নের সময় জরুরি কর্মীরা বিমানবন্দরে ছিলেন। তবে বিমানটি ছেড়ে যাওয়ার পর বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়।
এই বিমানবন্দরটি ওরল্যান্ডো, ফ্লোরিডা, ওয়াশিংটন, ডিসি এবং শার্লট, উত্তর ক্যারোলিনার মতো শহরগুলোতে সরাসরি ফ্লাইট পরিচালনা করে থাকে। বোস্টন থেকে এটি প্রায় ৩২০ কিলোমিটার উত্তরে অবস্থিত।
গত সপ্তাহজুড়ে প্রবল ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের বেশিরভাগ অংশে শিলাবৃষ্টি এবং তুষারপাত হয়েছে। এর ফলে বহু বিমান ও সড়ক যোগাযোগ বন্ধ করা হয়েছে এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের অসংখ্য বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে দেশটির বেশিরভাগ অংশে বাণিজ্যিক বিমান চলাচলও ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।
বিমানের ফ্লাইট শনাক্তকারী ওয়েবসাইট ফ্লাইটওয়্যার ডটকমের তথ্য অনুসারে, রবিবার যুক্তরাষ্ট্রে প্রায় ১২ হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে এবং আরও অন্তত ২০ হাজার ফ্লাইট ছাড়তে দেরি হয়েছে। ঝড়ের কারণে ফিলাডেলফিয়া, ওয়াশিংটন, বাল্টিমোর, উত্তর ক্যারোলিনা, নিউ ইয়র্ক ও নিউ জার্সির বিমানবন্দরগুলোতেও দৈনন্দিন কার্যক্রম প্রভাবিত হয়েছে।
বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০০ হলো একটি চওড়া আকৃতির ব্যবসায়িক জেট বিমান যা ৯ থেকে ১১ জন যাত্রীর জন্য তৈরি। এটি ১৯৮০ সালে ওয়াক-অ্যাবাউট কেবিনসহ প্রথম ব্যক্তিগত জেট হিসেবে চালু হয় এবং এয়ারচার্ট সার্ভিস ডটকমের তথ্য অনুসারে, এটি বর্তমানে একটি জনপ্রিয় ব্যক্তিগত বিমান হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।
২৬ দিন আগে
পঞ্চগড়ে ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত
পঞ্চগড়ে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ২ জন নারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে জেলার বোদা উপজেলার চন্দনবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার আমলাহা এলাকার মৃত ধীরেন রায়ের স্ত্রী খৈটালি বালা (৫২) এবং ঠাকুরগাঁও জেলার ভূল্লি থানার বোর্ড অফিস কাঠালতলি এলাকার আব্দুল সাত্তারের স্ত্রী চম্পা খাতুন (৪৫)।
স্থানীয়রা জানান, ঘটনাস্থলেই নিহত হন খৈটালি বালা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে সেখানে মারা যান চম্পা খাতুন । এই ঘটনায় আহত হয়েছেন ৪ জন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ৩ জনকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে এবং ১ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আহতরা হলেন নাছরিন আক্তার, হিমেল, নাসিমা ও মকলেছার।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, গতকাল (মঙ্গলবার) বিকেলে সিএনজিচালিত অটোরিকশা কয়েকজন যাত্রী নিয়ে দেবীগঞ্জ থেকে বোদা এলাকার দিকে যাত্রা করে। পথের মাঝে বিপরীত দিক থেকে আসা পাথরভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে মাথা ও শরীরে আঘাত পেয়ে ঘটনাস্থলেই খৈটালিবালা নিহত হন। অটোরিকশার বাকি যাত্রীরা আহত হন। প্রত্যক্ষদর্শী ও পথচারীরা তাৎক্ষণিক তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চম্পা খাতুন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় অপমৃত্যুর মামলা হবে। এ ছাড়াও অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
৩১ দিন আগে
রাতে রাজধানীতে দুই সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
গতরাতে রাজধানীতে দুটি সড়ক দুর্ঘটনায় দুইজনের প্রাণহানি ঘটেছে। একটি দুর্ঘটনা ঘটে যাত্রাবাড়ী এলাকায় এবং অন্যটি ডেমরায়।
শনিবার (১৭ জানুয়ারি) রাত ১০টা থেকে ১২টার মধ্যে দুর্ঘটনা দুটি ঘটে।
যাত্রাবাড়ীর দনিয়া কলেজের সামনের রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় মো. জাহিদ (১১) নামে এক পথশিশু নিহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগি নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জাহিদের বন্ধু রাব্বি বলে, আমরা দুজনেই রাস্তায় বোতল কুড়িয়ে বিক্রি করি। আজ রাতে দনিয়া কলেজের সামনের রাস্তা পার হচ্ছিলাম। এ সময় একটি ট্রাক আমার বন্ধুকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে আমিসহ কয়েকজন মিলে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, আমার বন্ধু আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে।
এর আগে, ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে লেগুনার সংঘর্ষে অজ্ঞাত (৪০) এক ব্যক্তি নিহত হন।
নিহত ব্যক্তি একজন ভ্যানচালক ছিলেন বলে জানা গেছে।
শনিবার রাত ১০টার দিকে স্টাফ কোয়ার্টার সেতুর ওপর এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালেরর জরুরি বিভাগে নিয়ে গেলে রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা রবিউল ইসলাম নামের এক যুবক জানান, রাত ১০টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার সেতুর ওপর সিএনজি ও লেগুনার সংঘর্ষ ঘটে। এতে পাশে থাকা ভ্যানচালক গুরুতর আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনার বিষয়টি ডেমরা থানা পুলিশকে জানানো হয়েছে।
৩৪ দিন আগে
সিলেট নগরীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবক নিহত
সিলেট নগরীর তালতলা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— সিলেট নগরীর মির্জাজাঙাল এলাকার বাসিন্দা ইমন দাস এবং জিন্দাবাজার এলাকার বাসিন্দা গৌরাঙ্গ দাসের ছেলে দীপ্ত দাস। দীপ্ত দাস একাদশ শ্রেণির ছাত্র ছিল।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তালতলা শাখা জানায়, রাত ১টা ২৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনায় ২২ থেকে ২৩ বছর বয়সী দুই তরুণ ঘটনাস্থলেই গুরুতর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম জানান, নিহতদের লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনার পর ময়নাতদন্তের সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে, গতকাল (শনিবার) সকালে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে তিনটি বাসের সংঘর্ষে দুজন নিহত হন। সুনামগঞ্জ সড়কে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে আরও একজনের মৃত্যু হয়। এছাড়া জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক শিশুর প্রাণহানি ঘটে। রাতে তালতলার দুর্ঘটনায় দুজনের মৃত্যুতে একদিনে মোট ছয়জনের মৃত্যু দেখল সিলেটবাসী।
৩৪ দিন আগে