অগ্নিকাণ্ড
নড়াইলে বিএনপি সভাপতির বাড়িতে অগ্নিকাণ্ড, পাল্টাপাল্টি অভিযোগ
নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ূন মোল্যার বাড়িতে পেট্রোল বোমা মেরে প্রতিপক্ষের লোকজন অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। হুমায়ুন মোল্যা হবখালী ইউনিয়নের বিলডুমুরতলা এলাকার বাসিন্দা।
বিএনপি নেতা হুমায়ূন মোল্যার পরিবারের সদস্যরা জানান, সোমবার রাত ১টার দিকে বিকট শব্দ পেয়ে তাদের ঘুম ভেঙে যায়। এ সময় তারা ঘরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখতে পান। আগুনে ধান, রবিশস্যসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। তবে ঘরে কোনো লোক ছিলেন না।
তারা আরও অভিযোগ করেন, নির্বাচনে তারা নড়াইল-২ আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলামের পক্ষে কাজ করায় বিএনপির প্রার্থীর সমর্থকরা তাদের ঘরে পেট্রোল বোমা মেরে আগুন ধরিয়ে দিয়েছেন।
তবে এ অভিযোগ অস্বীকার করে ধানের শীষের সমর্থক হবখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রিয়াজুল ইসলাম টিংকু বলেন, বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা ষড়যন্ত্র করে আগুন দিয়ে আমাদের লোকজনের ওপর দোষ চাপাচ্ছেন। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত চাই।
এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, আগুনের বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
৪ দিন আগে
গাজীপুরে ভয়াবহ আগুনে ৩৬ বসতঘর ভস্মীভূত
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ডে একটি কলোনির ৩৬টি বসতঘর পুড়ে গেছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মাওনা উত্তরপাড়া এলাকার একটি ভাড়া বাসায় গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর মুহূর্তেই তা আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।
আগুনে নগদ টাকা, টেলিভিশন, ফ্রিজ, আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্রসহ ভাড়াটিয়াদের সব মালামাল পুড়ে যায়। খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ক্ষতিগ্রস্তদের বেশিরভাগই নিম্ন আয়ের পোশাক শ্রমিক। ঘটনার সময় তারা কর্মস্থলে থাকায় ঘর থেকে কোনো কিছুই বের করতে পারেননি।
ভুক্তভোগীদের দাবি, এ ঘটনায় প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. নুরুল করিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণে কাজ চলছে।
১৬ দিন আগে
গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিকাণ্ড
পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে অগ্নিকাণ্ড ঘটেছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোরে স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলার সংরক্ষণাগারে এ আগুন লাগে।
তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত জানা না গেলেও সংরক্ষণাগারে থাকা পর্যাপ্ত ওষুধ, প্রয়োজনীয় কাগজপত্র, আসবাবপত্রসহ কম্পিউটার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মেজবাহ উদ্দিন।
আগুন লাগার সংবাদ পেয়ে উপজেলার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এর মধ্যে রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মেজবাহ উদ্দিন বলেন, ‘ভোর ৫টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসি। স্টোর রুমে গলাচিপা-রাঙ্গাবালী উপজেলার ওষুধ, সার্জিক্যাল যন্ত্রপাতি, জরুরি রেজিস্ট্রারসহ অন্যান্য মালামাল রয়েছে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা হয়নি।’
ফায়ার সার্ভিসের গলাচিপা স্টেশনের উপকর্মকর্তা কামাল হোসেনে জানান, আগুন লাগার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি পাম্পসহ উপজেলা সদর হাসপাতালে উপস্থিত হয়ে আগুন নেভাতে সক্ষম হয়েছে তাদের দুটি ইউনিট। পরে দশমিনা থেকে আরও একটি ইউনিট উপস্থিত হয়। আগুন লাগার সূত্র তদন্তের পর বলা যাবে বলে জানান এ কর্মকর্তা।
৩০ দিন আগে
রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিসহ শত শত ঘর
কক্সবাজারের উখিয়া উপজেলার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোরে সংঘটিত এই আগুনে শত শত ঘর (শেল্টার) ছাড়াও বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনা পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, ভোর ৪টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা এলাকায় অবস্থিত ১৬ নম্বর ক্যাম্পের ডি-৪ ব্লকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্লকের বাসিন্দা মোহাম্মদ আনিছ রাত পৌনে ৩টার দিকে গ্যাসের চুলায় পানি গরম করতে দিয়ে ঘুমিয়ে পড়েন। এতে চুলা থেকে আগুন ধরে দ্রুত পাশের ঘনবসতিপূর্ণ শেল্টারগুলোতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের সঙ্গে রোহিঙ্গা স্বেচ্ছাসেবকরাও অংশ নেন। দীর্ঘ পৌনে দুই ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
১৬ নম্বর ক্যাম্পের ডি-ব্লকের হেড মাঝি মোহাম্মদ রিয়াজ জানান, আগুনে ৪৪৮টি ঘর, ২টি মসজিদ, ১০টি স্কুল ও ১টি মাদ্রাসা সম্পূর্ণ পুড়ে গেছে। এতে কয়েক হাজার রোহিঙ্গা গৃহহীন হয়ে পড়েছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুন অন্য ব্লকে ছড়াতে পারেনি।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসমা বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। পাশাপাশি জরুরি মানবিক সহায়তা দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অগ্নিকাণ্ড আশঙ্কাজনকভাবে বাড়ছে। এর আগে, গত ২৬ ডিসেম্বর ৪ নম্বর ক্যাম্পে একটি হাসপাতাল এবং ২৫ ডিসেম্বর কুতুপালং ক্যাম্পে আগুনে বেশ কিছু ঘর ক্ষতিগ্রস্ত হয়।
৩২ দিন আগে
মুন্সীগঞ্জে আগুন, পুড়ে গেছে ৬টি বসতঘর
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কাছমালদা গ্রামে আগুনে ৬টি বসতঘর পুড়ে গেছে।
রবিবার (১১ জানুয়ারি) সকাল পৌনে ৬টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সকালে আগুন লাগার খবর পেয়ে টঙ্গীবাড়ি ও সিরাজদিখান ফায়ার স্টেশনের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, আগুনে ঘরের ভেতরের আসবাবপত্র পুড়ে ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের কারণ তদন্ত শেষে নিশ্চিত করে বলা যাবে।
আগুন লাগার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও ফায়ার সার্ভিসের দ্রুত অভিযানে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
৪১ দিন আগে
সুইজারল্যান্ডে অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি প্রধান উপদেষ্টার শোক
সুইজারল্যান্ডের ক্রঁ-মঁতানায় একটি স্কি রিসোর্টে সংঘটিত অগ্নিকাণ্ডে বহু প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ।
এ বিষয়ে সুইস প্রেসিডেন্টের উদ্দেশে পাঠানো এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেছেন, দুর্ঘটনায় প্রাণহানির খবরে আমি গভীরভাবে শোকাহত। শোকাবহ এই সময়ে সুইস কনফেডারেশনের প্রেসিডেন্টের প্রতি এবং তার মাধ্যমে নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের পাশাপাশি সুইজারল্যান্ডের জনগণের প্রতি আমি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি জানাচ্ছি।
বার্তায় আরও বলা হয়, এই চরম শোকের সময়ে নিহতদের পরিবার ও স্বজনদের সঙ্গে বাংলাদেশের মানুষের তাদের পাশে রয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য আমরা প্রার্থনাও করছি। সর্বশক্তিমান যেন নিহতদের আত্মার মাগফিরাত দান করেন এবং তাদের পরিবারবর্গকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন।
আমরা দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতাও কামনা করছি।
শোকবার্তার শেষে সুইস প্রেসিডেন্টের প্রতি বাংলাদেশের সর্বোচ্চ শ্রদ্ধা ও সৌজন্য জ্ঞাপন করা হয়।
৪৯ দিন আগে
মুন্সীগঞ্জে স মিলে অগ্নিকাণ্ড
মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার এলাকায় একটি স মিলে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে মিলের বিভিন্ন যন্ত্রপাতি ও কাঠসহ অন্যান্য মালামাল পুড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রবিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে পঞ্চসার এলাকার জিসান স মিলে এ অগ্নিকাণ্ড ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
৫৪ দিন আগে
কক্সবাজারে নোঙর করা সেন্টমার্টিনগামী জাহাজে আগুন, নিহত ১
কক্সবাজার থেকে সেন্টমার্টিনগামী একটি জাহাজে আগুন লেগেছে। অগ্নিকাণ্ডে জাহাজের এক কর্মচারী নিহত হয়েছেন।
যাত্রী তোলার জন্য কক্সবাজার শহরের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটে নোঙর করা দ্য আটলান্টিক ক্রজ নামের জাহাজে শনিবার সকাল সাড়ে ৬টার দিকে আগুন লাগে।
নিহত নূর কামাল (২৫) টেকনাফের বাসিন্দা ও জাহাজটির স্টাফ ছিলেন। তিনি জাহাজে ঘুমন্ত ছিলেন বলে জানা গেছে।
বাঁকখালী নদীতে ‘দ্য আটলান্টিক ক্রুজ’ নামের জাহাজটিতে আগুন লাগে বলে জানিয়েছেন কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোরশেদ বলেন, ‘সকাল ৭টার দিকে আমরা খবর পেয়ে এখানে আসি। তিনটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।’
কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম বলেন, নোঙর করা অবস্থায় জাহাজটিতে আগুন লাগে। সেটি তখন সেন্টমার্টিন যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তবে জাহাজে কোনো পর্যটক ছিল না।
সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, ওই জাহাজে করে সেন্টমার্টিন যাওয়ার কথা থাকা ছিল প্রায় ১৮০ জন যাত্রীর। তারা বোর্ডিং শুরুর আগেই আগুনের সূত্রপাত হয়। যাত্রীদের নিরাপদে অন্যান্য জাহাজে স্থানান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাহিদুল আলম বলেন, আগুনের সূত্রপাত জানতে কাজ চলমান রয়েছে। এ ঘটনায় তদন্ত দল গঠন করা হয়েছে।
৫৬ দিন আগে
আড়াই ঘণ্টা পর ইসলামবাগের আগুন নিয়ন্ত্রণে
ফায়ার সার্ভিসের আড়াই ঘণ্টার প্রচেষ্টায় পুরান ঢাকার ইসলামবাগের বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের চেষ্টায় বুধবার (১৭ ডিসেম্বর) বিকাল ৪টায় ইসলামবাগের চেয়ারম্যান ঘাট এলাকার ওই আগুন নিয়ন্ত্রণে আসে।
সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ওয়্যারহাউস পরিদর্শক আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, দুপুর ১টা ৩০ মিনিটের এই অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ১টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তাদের ছয়টি ইউনিট।
তখন আনোয়ারুল ইসলাম বলেছিলেন, আগুন নিয়ন্ত্রণে বর্তমানে লালবাগ, হাজারীবাগ ও পলাশী থেকে দুটি করে মোট ৬টি ইউনিট কাজ করছে। সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে ৩টি ইউনিট সেখানে যাচ্ছে।
তবে আগুনের ভয়বহতা বিবেচনায় ওই তিন ইউনিটের পর আরও দুটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়।
৬৬ দিন আগে
ভয়াবহ আকার নিয়েছে ইসলামবাগের আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট
পুরান ঢাকার ইসলামবাগ চেয়ারম্যান ঘাট এলাকার একটি বহুতল ভবনে লাগা আগুন ভয়াবহ আকার ধারণ করেছে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটের এই অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ১টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তাদের ছয়টি ইউনিট।
তখন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ওয়্যারহাউস পরিদর্শক আনোয়ারুল ইসলাম বলেন, আগুন নিয়ন্ত্রণে বর্তমানে লালবাগ, হাজারীবাগ ও পলাশী থেকে দুটি করে মোট ৬টি ইউনিট কাজ করছে। সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে ৩টি ইউনিট সেখানে যাচ্ছে।
তবে আগুনের ভয়বহতা বিবেচনায় ওই তিন ইউনিটের পর আরও দুটি ইউনিট তাদের সঙ্গে যোগ দিয়েছে বলে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে জানানো হয়েছে।
৬৬ দিন আগে