চাঁপাইনবাবগঞ্জ
৯ ঘণ্টা পর রহনপুর-রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
চাঁপাইনবাবগঞ্জের রহনপুর-রাজশাহী রুটে প্রায় ৯ ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
জ্বালানি তেলবাহী একটি ট্রেনের ৪টি ওয়াগন লাইনচ্যুত হওয়ার ঘটনায় রহনপুর-রাজশাহী রুটে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। পরে উদ্ধারকারী ট্রেন এসে কাজ সম্পন্ন করলে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।
আমনুরা রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হাসিবুল হাসান জানান, খুলনা থেকে আমনুরা পাওয়ার প্লান্টের উদ্দেশে তেলবাহী একটি ট্রেন আসছিল। বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা রেলওয়ে জংশনের কছেই ট্রেনটির ৪টি ওয়াগন লাইনচ্যুত হয়। এতে রহনপুর-রাজশাহী রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
স্টেশন মাস্টার আরও জানান, খবর পেয়ে ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী ট্রেন সকাল ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। দীর্ঘ চেষ্টার পর দুপুর সোয়া ২টার দিকে লাইনচ্যুত ওয়াগনগুলো সরিয়ে লাইন সচল করা সম্ভব হয়।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।
২ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে যোগ দিলেন বিএনপির ৬০ নেতা-কর্মী
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নির্বাচনি পথসভায় বিএনপি ছেড়ে জামায়াত ইসলামীতে যোগ দিয়েছেন অন্তত ৬০ জন নেতা-কর্মী।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের মফিজ মোড়ে আয়োজিত এক পথসভায় আনুষ্ঠানিকভাবে তারা জামায়াতে যোগ দেন।
চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কেরামত আলী নবাগতদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন।
নতুন করে জামায়াতে যোগ দেওয়া ব্যক্তিরা জানান, আদর্শগত মিল, নৈতিক রাজনীতি এবং বর্তমান রাজনৈতিক বাস্ততার কারণে তারা জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এ সময় কেরামত আলী বলেন, ‘দেশ, ইসলাম ও মানবতার পক্ষে কাজ করতে আগ্রহী সবাইকে জামায়াতে ইসলামী স্বাগত জানায়। আপনাদের এই যোগদান আমাদের সংগঠনকে আরও শক্ত ভিত্তির ওপর দাঁড় করাবে।’
তিনি আরও বলেন, সত্য, ন্যায় ও ইনসাফভিত্তিক রাজনীতির মাধ্যমেই একটি মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গড়া সম্ভব।
অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলামের সাবেক আমির ও কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেফাউল মূলকসহ স্থানীয় জামায়াত এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
২১ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে গান পাউডার ও বোমা তৈরির সরঞ্জাম জব্দ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ গান পাউডার ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন—র্যাব।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ৮টার দিকে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ঘাড়াপাখিয়া ইউনিয়নের ৫ নম্বর বেড়িবাঁধ-সংলগ্ন একটি লিচু বাগান থেকে ওইসব সরঞ্জাম জব্দ করে।
অভিযানে বাগানে পরিত্যক্ত অবস্থায় থাকা দুটি বাজার করার প্লাস্টিক ব্যাগের ভেতর থেকে বিপজ্জনক আলামত উদ্ধার করেছে র্যাব।
উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে—পলিথিনে মোড়ানো সাদা, কালো ও হলুদ বর্ণের মোট ৩ কেজি ৩০৬ গ্রাম গান পাউডার, বোমা তৈরির কাজে ব্যবহৃত কাঁচের গুঁড়া ৮৫৫ গ্রাম, পাথর ৮০২ গ্রাম, লোহার পেরেক ১৮৭ গ্রাম, ২টি লাল রঙের স্কচটেপ, ১২টি জর্দার কৌটা এবং ৬টি গ্যাস লাইটার।
আজ (শনিবার) সকালে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, পলাশ নামের এক ব্যক্তির লিচু বাগানে অভিযান চালিয়ে দুটি ব্যাগ সন্দেহজনকভাবে পড়ে থাকতে দেখা যায়। পরবর্তীতে স্থানীয়দের সামনে ব্যাগ দুটি তল্লাশি করে এসব আলামত জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, ঘটনাস্থলের আশপাশে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারও করা সম্ভব হয়নি। জব্দ করা আলামতগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
২১ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৪
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বকচর সীমান্ত এলাকা থেকে এক মানব পাচারকারীসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকদের মধ্যে একজন সক্রিয় মানব পাচারকারী বলে জানিয়েছে বিজিবি।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বকচর বিওপির একটি টহলদল বকচর সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে অভিযান চালায়। এ সময় পাচারকারী শাহিন আলীসহ চারজনকে আটক করা হয়।
আটক মানব পাচারকারী হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহিন আলী। অপর তিনজন হলেন— রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার তারাজুল ইসলাম, রাজশাহী জেলার শফিকুল ইসলাম মুন্না এবং চাঁপাইনবাবগঞ্জের মিজানুর রহমান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, শাহিন আলীর সহায়তায় তারা রাজমিস্ত্রির কাজ করার উদ্দেশ্যে অবৈধভাবে ভারতের চেন্নাই প্রদেশে যাওয়ার চেষ্টা করছিলেন।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান।
৩৭ দিন আগে
রেলওয়ের অবহেলায় ধুঁকছে আমনুরা জংশন, যাত্রী দুর্ভোগ চরমে
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী আমনুরা রেলওয়ে জংশন দীর্ঘদিন ধরে অবহেলার শিকার হয়ে আছে। ১৯০৯ সালে আব্দুলপুর–মালদা রেললাইনের অংশ হিসেবে নির্মিত এই জংশনের যাত্রী ছাউনি প্রায় দেড় দশক আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়। এরপর থেকে খোলা আকাশের নিচেই ট্রেনের জন্য অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের।
স্টেশন এলাকায় নেই সুপেয় পানির ব্যবস্থা, নেই শৌচাগার কিংবা বসার উপযোগী অবকাঠামো। এতে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ছেন। যাত্রীদের ভাষ্য, বর্ষা ও শীত মৌসুমে এই দুর্ভোগ আরও তীব্র আকার ধারণ করে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাইপাস রেললাইন নির্মাণের পর থেকে আমনুরা জংশনে ট্রেনের যাত্রাবিরতি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর ফলে জেলা শহরের সঙ্গে রেল যোগাযোগে সংকট সৃষ্টি হয়েছে। ফলে স্থানীয় শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীদের চলাচলে বাড়তি ভোগান্তি পোহাতে হচ্ছে।
আব্দুর রাকিব নামে এক যাত্রী বলেন, ‘এক সময় এই স্টেশন ছিল এলাকার মানুষের প্রধান ভরসা। এখন এখানে কোনো সুবিধা নেই। রোদ–বৃষ্টি মাথায় নিয়েই ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়।’
৩৮ দিন আগে
চাঁপাই সীমান্তে বিএসএফের নির্যাতনে এক বাংলাদেশির ‘মৃত্যু’
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের নির্যাতনে রবিউল ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
রবিবার (৪ জানুয়ারি) সদর উপজেলার জহুরপুর টেক সীমান্তে এ ঘটনা ঘটে। বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি রবিউলের মৃত্যুর বিষয়ে জানালেও কীভাবে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত করতে পারেনি।
নিহত রবিউল ইসলাম সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
রবিউলের পরিবারের দাবি, শনিবার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন রবিউল। পরে তারা জানতে পারেন, অবৈধভাবে ভারতে গেলে বিএসএফের হাতে তিনি ধরা পড়েন এবং তাদের নির্যাতনে মারা যান।
৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, রবিবার বিকেলে রবিউলের বাবা ঘটনাটি বিজিবিকে জানান। এরপর সন্ধ্যায় এ ব্যাপারে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএসএফ জানায়, রবিবার ভোর সাড়ে ৪টার দিকে রবিউলসহ ৪-৫ জন ভারতে অনুপ্রবেশ করে। প্রায় দুই কিলোমিটার ভারতের ভেতরে বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করলে অন্যরা পালিয়ে গেলেও রবিউল ইসলামকে ধরে ক্যাম্পে নিয়ে যান বিএসএফ সদস্যরা। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
কাজী মুস্তাফিজুর রহমান আরও জানান, ভারতে রবিউলের মরদেহ ময়নাতদন্ত হবে, এরপর তা ফেরত দেবে বলে জানিয়েছে বিএসএফ। তবে কীভাবে রবিউলের মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে জানা যাবে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
৪৭ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে গান পাউডার ও ককটেল তৈরির সরঞ্জাম জব্দ
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ১৫০ গ্রাম গান পাউডার ও ককটেল তৈরির সরঞ্জাম জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব।
রবিবার (২৮ ডিসেম্বর) রাতে জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের জিলানী মোড় এলাকায় একটি আম বাগান থেকে এসব বিস্ফোরক দ্রব্য জব্দ করা হয়।
আজ (সোমবার) সকালে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল গতকাল রাত সাড়ে ১০টার দিকে জেলার জিলানী মোড় এলাকায় একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় পলিথিন ব্যাগে থাকা ২ কেজি ১৫০ গ্রাম গান পাউডার উদ্ধার করেছে। এছাড়া অপর একটি পলিথিন ব্যাগে থাকা ককটেল তৈরির সরঞ্জাম—কাঁচের গুড়া, ভাঙ্গা ব্লেড, লোহার তারকাঁটা, লাল রংয়ের ৩টি স্কচটেপ ও ৩টি জর্দার কৌটা উদ্ধার করে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
উদ্ধারকৃত গান পাউডার ও ককটেল তৈরির সরঞ্জাম শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
৫৪ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত থেকে অনুপ্রবেশের সময় আটক ৫
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিভীষণ সীমান্ত দিয়ে ভারত থেকে অনুপ্রবেশের সময় ৫ জনকে আটক করেছে বিজিবি।
রবিবার (২৮ ডিসেম্বর) সকালে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৩ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন।
৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, আজ (রবিবার) সকাল পৌনে ৮টার দিকে বিভীষণ সীমান্তের ২১৯/৭১-আর নম্বর সীমান্ত পিলার থেকে বাংলাদেশের প্রায় এক কিলোমিটার ভেতরে লালমাটি খাড়ির ঘাট এলাকা থেকে অনুপ্রবেশকারী ৫ জনকে আটক করে বিওপির টহল দল।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান যে তারা বাংলাদেশি নাগরিক। নড়াইল ও বাগেরহাট জেলার বাসিন্দা তারা। কাজের জন্য তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সেখানে পুলিশের হাতে ধরা পড়ার পর বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে আজ তারা দেশে ফেরার সময় বিজিবি তাদের আটক করেছে।
তিনি আরও জানান, আটকদের ঠিকানা ও বাংলাদেশি নাগরিকত্বসহ বিভিন্ন বিষয় নিশ্চিত হওয়ার জন্য গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক জানান, বিজিবি আটকদের থানায় হস্তান্তর করেছে। বর্তমানে তাদের বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
৫৫ দিন আগে
চাঁপাই সীমান্তে ভারত থেকে আসা ২৭ জন আটক
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চামুশা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশের সীমানায় প্রবেশকারী ২৭ জনকে আটক করেছে বিজিবি।
সোমবার (২২ ডিসেম্বর) ভোরে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ৮ জন পুরুষ, ১২ জন নারী, ৫ জন শিশু ও ২ জন তৃতীয় লিঙ্গের মানুষ রয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোর ৪টার দিকে তারা চামুশা সীমান্তের ১৯৬ নম্বর সীমান্ত পিলার এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে। এ সময় চামুশা বিওপির টহল দল তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেদের বাংলাদেশি নাগরিক দাবি করে তারা জানায়, কাজের জন্য বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে গিয়েছিল তারা।
তিনি আরও জানান, আটকদের ঠিকানা, জাতীয় পরিচয়পত্র ও বাংলাদেশি নাগরিকত্বসহ বিভিন্ন বিষয় নিশ্চিত করার উদ্দেশ্যে ভোলাহাট থানায় তাদের হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
৬১ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জের পদ্মায় বাল্কহেডের সঙ্গে যাত্রীবাহী নৌকার ধাক্কায় নিহত ১
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে বালুবাহী বাল্কহেডের সঙ্গে যাত্রীবোঝাই এক নৌকার ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার চরবাগডাঙ্গা আলীমনগর ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. ভিখু (৫৭)। তিনি সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের এগারো রশিয়া রুস্তুম মড়লের পাড়ার মৃত আব্দুস সালামের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনেরা জানান, বিকেলে পদ্মা নদীর আলীমনগর ঘাট থেকে যাত্রীবোঝাই একটি নৌকা নারায়ণপুরের উদ্দেশে ছেড়ে যায়। এ সময় ঘাটের কাছাকাছি নদীতে দাঁড়িয়ে থাকা একটি বাল্কহেডকে ধাক্কা দেয় নৌকাটি। তখন নৌকায় থাকা ভিখু গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্বার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়। পরে রাত পৌনে ৮টার দিকে সেখানে চিকিৎসাধীন তিনি মারা যান।
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের চিকিৎসক উম্মে হাবিবা জানান, নৌকা দুর্ঘটনায় হাত ও বুকে ব্যথা পেয়েছিলেন ভিখু। পাশাপাশি হার্টের সমস্যাও ছিল তার। সেজন্য হাসপাতালের ওয়ার্ডে ভর্তি করা হয় তাকে। পরে চিকিৎসাধীন তিনি মারা যান।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, ঘটনার খবর তিনি শুনেছেন। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৬১ দিন আগে