মৃত্যু
কেন্দ্রীয় কারাগারের অসুস্থ কয়েদির মৃত্যু
ঢাকা কেন্দ্রীয় কারাগারে আব্দুল খালেক (৬৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আব্দুল খালেকের কয়েদি নম্বর ৬৭১৮/এ। তার বাবার নাম মৃত কফিল উদ্দিন। তবে কি মামলায় তিনি কারাগারে কয়েদি হিসেবে ছিলেন সে বিষয়ে কিছু জানা যায় নি।
কারারক্ষী আব্দুল্লাহ জানান, আব্দুল খালেক নামে ওই কয়েদি বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে কয়েকজন কারারক্ষী চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের পর কারা কর্তৃপক্ষের প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
১ দিন আগে
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় নিহত ৪
দক্ষিণ আফ্রিকায় একটি ভয়াবহ বাস দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। ওই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩১ জন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এই দুর্ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
আফ্রিকার প্রাদেশিক পরিবহনমন্ত্রী ভায়োলেট ম্যাথিয়ে জানিয়েছেন, বাসটি যখন দক্ষিণ আফ্রিকার গাউতেং প্রদেশ থেকে জিম্বাবুয়ের দিকে যাচ্ছিল, তখন হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে এটি সীমান্তের কাছাকাছি এন১ মহাসড়কের পাশের একটি খাদে পড়ে যায়।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এসএবিসিকে ম্যাথিয়ে বলেন, ‘এখন পর্যন্ত আমরা চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছি। আরও কিছু লোককে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই বিষয়ে হালনাগাদ তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা জানাব।’ বাসটি যখন খাদে পড়ে যায়, তখন এতে আরও যাত্রী ছিল বলেও জানান তিনি।
লিম্পোপো পরিবহ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।
২০২৫ সালে অক্টোবর মাসে যেখানে আরেকটি বাস দুর্ঘটনায় ৪২ জন নিহত হয়েছিল, সেই একই এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে।
২ দিন আগে
ঠাকুরগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হার্ট অ্যাটাক, পুলিশ সদস্যের মৃত্যু
ঠাকুরগাঁওয়ে গভীর রাতে পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে শহিদুল ইসলাম নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে জেলার পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া সরদারপাড়া গ্রামে গিয়ে তিনি অসুস্থ হয়ে যান। পরে তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শহিদুল ইসলাম রংপুরের পীরগাছা উপজেলার বাসিন্দা ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে পীরগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আবদুল হাই সরকার জানান, আজ (সোমবার) সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ লাইনে পীরগঞ্জ থানায় কর্মরত এএসআই পদে শহিদুল ইসলামের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। এরপর মরদেহ তার গ্রামের বাড়ি পাঠানো হয়েছে। সেখানে দ্বিতীয় দফায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
৫ দিন আগে
মসজিদে যাওয়ার পথে দুর্বৃত্তের গুলি, রাজশাহীতে মুসল্লি নিহত
রাজশাহী মহানগরীতে মসজিদে নামাজ আদায় করতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে এক মুসল্লি নিহত হয়েছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নগরীর খোঁজাপুর গোরস্তানের প্রাচীরসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. মোস্তফা (৫০)। তিনি নগরীর মতিহার থানার ডাঁশমারী এলাকার তইমুর উদ্দীনের ছেলে ছিলেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবুল কালাম আজাদ স্থানীয়দের বরাত দিয়ে জানান, মোস্তফা মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার ডান পায়ে গুলি লাগে এবং তিনি ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎস তাকে মৃত ঘোষণা করেন।
রামেক হাসপাতালের জরুরি বিভাগের কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, মোস্তফাকে হাসপাতলে আনা হলে তাকে আমারা মৃত অবস্থায় পাই। তিনি ডান পায়ে গুলিবিদ্ধ হয়েছিলেন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে ওসি বলেন, কী কারণে হামলা হয়েছে, সেটি এখনও জানা যায়নি। হামলাকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি। এই বিষয়ে এখন তদন্ত করা হচ্ছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
৬ দিন আগে
ধানের শীষের পরাজয়ের খবরে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু
নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে ধানের শীষের প্রার্থী মো. সামসুজ্জোহা খানের পরাজয় এবং জামায়াতে ইসলামীর প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হকের সংসদ সদস্য হওয়ার খবর শুনে রিয়াজ উদ্দিন (৬৭) নামের এক বিএনপি কর্মীর হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে।
মৃত রিয়াজ উদ্দিন নওগাঁর পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বদনপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তার বাবার নাম মৃত রইস উদ্দিন।
নওগাঁর পত্নীতলা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল হামিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে তিনি জানান, এক কথায় বিএনপি ও ধানের শীষের পাগল ছিলেন রিয়াজ উদ্দিন। গত ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা শুরু হলে বিএনপি ও ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে দিনরাত মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন রিয়াজ উদ্দিন। তার আশা ছিল, দীর্ঘ ১৭ বছর পর বিএনপি ক্ষমতায় আসবে এবং নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. সামসুজ্জোহা খান সংসদ সদস্য নির্বাচিত হবেন। এ লক্ষ্যে দিনরাত এক করে বিরামহীন প্রচার-প্রচারণায় নেমেছিলেন রিয়াজ উদ্দিন।
আব্দুল হামিদ বলেন, ১২ ফেব্রুয়ারি নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে ধানের শীষের পরাজয় এবং জামায়াতে ইসলামীর প্রার্থীর বিজয়ী হওয়ার খবর মেনে নিতে পারেননি দলভক্ত রিয়াজ উদ্দিন। গতকাল (শুক্রবার) সকালে খবর শুনেই হার্ট অ্যাটাকে অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে তিনি মারা যায়। তার মৃত্যুর খবরে এলাকার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
তিনি আরও জানান, রাজশাহীতে মারা যাওয়ার পর রাতে তার মরদেহ নওগাঁর পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বদনপুর গ্রামে বাড়িতে নিয়ে আসা হয়েছে। আজ (শনিবার) তাকে দাফন করা হবে।
আব্দুল হামিদ বলেন, ‘বিএনপি ও ধানের শীষ পাগল এ ধরনের একজন মানুষের মর্মান্তিক মৃত্যুতে আমরা খুবই শোকাহত। দলীয়ভাবে আমরা সবকিছু খোঁজখবর রাখার চেষ্টা করছি। সাবেক সংসদ সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মো. সামসুজ্জোহা খানকে বিষয়টি জানানো হয়েছে। তিনি এই কর্মীর মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন এবং তার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।’
উল্লেখ্য, নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) ভোটকেন্দ্র ১২৪টি। সবকয়টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী জামায়াতে ইসলামির প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে ইঞ্জিনিয়ার এনামুল হক ১ লাখ ৪১ হাজার ৫২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. সামসুজ্জোহা খান ভোট পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৫৩৩টি।
৭ দিন আগে
চুয়াডাঙ্গায় জামায়াতের বিজয় মিছিলে অসুস্থ হয়ে কর্মীর মৃত্যু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াতের প্রার্থী মাসুদ পারভেজ রাসেলের বিজয় মিছিলে গিয়ে অসুস্থ্য হয়ে এক কর্মীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফজলুর রহমান চুয়াডাঙ্গা পৌর এলাকার নুরনগর কলোনীপাড়ার মৃত নুর ইসলামের ছেলে।
নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের এলাকায় ফার্মপাড়া ভোটকেন্দ্রের বেসরকারি ফল প্রকাশের পর বিজয় মিছিল বের হয়। ওই মিছিলে অংশ নিয়ে হঠাৎ করে অসু্স্থ হয়ে পড়েন ফজলুর রহমান। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জেসমিন আক্তার জেসি জানান, তিনি আর বেঁচে নেই।
ফজলুর রহমানের ভাই নজির হোসেন বলেন, তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন। বিজয় মিছিলে গিয়ে গুরুতর আসুস্থ হয়ে পড়েন। তারপর তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা জেলা জামায়াতের প্রচার সম্পাদক মফিজুর রহমান জানান, তিনি জামায়াতের একনিষ্ঠ কর্মী ছিলেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন নেতারা।
৮ দিন আগে
ভোট দিতে গেলেন মা, পানিতে পড়ে সন্তানের মৃত্যু
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় মা ভোট দিতে যাওয়ার পর পুকুরের পানিতে ডুবে হাসান (৩) নামে এক শিশু সন্তানের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে খোরদ গ্রামে নিহতের নানাবাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত হাসান উপজেলার শেখপাড়া গ্রামের ইসরাইল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, ইসরাইল হোসেনের স্ত্রী তার জমজ দুই সন্তানকে নিয়ে বাবার বাড়ি বেড়াতে আসেন। আজ (বৃহস্পতিবার) সকালে পরিবারের সদস্যরা ভোট দিতে কেন্দ্রে যান। এ সময় দুই জমজ শিশু হাসান-হুসাইনকে বাড়িতেই রেখে যান তিনি।
তারা বলেন, ভোট দিয়ে ফিরে এসে হুসাইনকে ঘরে পেলেও শিশুর মা হাসানকে ঘরে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটির নিথর দেহ ভাসতে দেখা যায়। স্থানীয়দের সহায়তায় দ্রুত তাকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেশীরা জানান, হাসান ছিল খুবই প্রাণবন্ত ও চঞ্চল স্বভাবের। মায়ের ভোট দিতে যাওয়ার পর অল্প সময়ের মধ্যেই এমন দুর্ঘটনা ঘটায় পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল সত্যতা নিশ্চিত করেছেন।
৯ দিন আগে
ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনকালে পোলিং কর্মকর্তার মৃত্যু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে দায়িত্ব পালনকালে মো. মুজাহিদুল ইসলাম (৫০) নামে এক পোলিং কর্মকর্তা মৃত্যুবরণ করেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে সরাইল সদরের জেলা পরিষদের অডিটোরিয়ামে দায়িত্ব পালনের সময় তার মৃত্যু হয়।
মুজাহিদুল সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের ইসলামি ফাউন্ডেশনের একজন শিক্ষক ছিলেন।
সরাইল উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ভোট গ্রহণ শুরুর কিছুক্ষণ পরই মুজাহিদুল অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
৯ দিন আগে
খুলনায় ভোটকেন্দ্রের বাইরে উত্তেজনার মধ্যে বিএনপি নেতার মৃত্যু
খুলনা সদরের আলিয়া মাদরাসা ভোটকেন্দ্রের বাইরে দুই পক্ষের হট্টগোলের মধ্যে মহিবুজ্জামান কচি নামে খুলনা মহানগর বিএনপির এক নেতার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মহিবুজ্জামান কচি খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক। নগরের হাজী মহসিন রোড বাই লেনে তার বাড়ি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল ৮টায় আলিয়া মাদরাসা কেন্দ্রের সামনে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়।
খুলনা সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইউসুফ হারুন মজনু অভিযোগ করে বলেন, ‘সকাল থেকেই কেন্দ্রে উত্তেজনা ছিল। আলিয়া মাদরাসার অধ্যক্ষ জামায়াতের প্রচারণায় ছিলেন। তাকে বাধা দিলে তিনি মহিবুজ্জামান কচিকে ধাক্কা দিলে তিনি গাছের সঙ্গে মাথায় আঘাত পান। এতেই তার মৃত্যু হয়েছে।’
খুলনা-২ আসনের বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু অভিযোগ করেন, ‘আলিয়া মাদরাসায় জামায়াত নেতার ধাক্কায় বিএনপি নেতা কচি নিহত হয়েছন। আমরা অধ্যক্ষ ও জামায়াত নেতা মাহাবুবের গ্ৰেপ্তারের দাবি জানাই।’
তবে জামায়াতের কেন্দ্র পরিচালক মাহবুবুর রহমান বলেন, ‘আমাদের নারী কর্মীদের বিএনপির লোকজন বের করে দিচ্ছিল। আমি বাঁধা দেই। তখন তাদের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়েন। পরে শুনি তিনি মারা গেছেন। কাউকে ধাক্কা বা মারধরের ঘটনা ঘটেনি। মাদরাসার সিসি ক্যামেরা আছে, চেক করলে সব ধরা পড়বে।’
এ ঘটনায় অভিযুক্ত খুলনা আলিয়া মাদরাসার অধ্যক্ষ আব্দুর রহিম মিয়া বলেন, ‘আমি সবুরণনেসা কেন্দ্র থেকে ভোট দিয়ে বাড়ি প্রবেশ করছিলাম। তখন দেখি কয়েকজন মহিলাদের বের করে দিচ্ছে। আমি সবাইকে যেতে বলি। কাউকে ধাক্কা দেইনি।’
খুলনা-২ আসনে জামায়তের প্রার্থীর প্রধান এজেন্ট শেখ জাহাঙ্গীর আলম বলেন, ‘হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। এখানেও জামায়াতকে জড়ানো দুঃখজনক। অধ্যক্ষ জামায়াতের কেউ নন।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি কেন্দ্রের বাইরে ঘটেছে। এটি আমার বিষয় নয়।
কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (এসআই) খান ফয়সাল রাফি বলেন, ‘দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরির সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দেই। তখন একজনকে সিএনজিতে করে বাইরে নিয়ে যেতে দেখা যায়। এখানে ধাক্কাধাক্কি বা হাতাহাতির কোনো ঘটনা ঘটেনি।’
খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. পার্থ রায় বলেন, ‘মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না।’
৯ দিন আগে
নরসিংদীতে বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মোল্লার মৃত্যু
নরসিংদী জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, জয়নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মোল্লা ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ইন্তেকাল করেন।
তার বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গে
আজ (শনিবার) আসরের নামাজের পর নরসিংদী কালেক্টরেট মসজিদ প্রাঙ্গণে তার প্রথম জানাজা এবং এশার নামাজের পর গ্রামের বাড়ি শিবপুর উপজেলার জয়নগর গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।
আব্দুর রশিদের মৃত্যুতে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ, নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল মান্নান ভূঁইয়া গভীর শোক প্রকাশ করেছেন। শোকাহত পরিবারের প্রতিও সমবেদনা জ্ঞাপন করেছেন তারা।
১৪ দিন আগে