গাজীপুর
গাজীপুরে ট্রেনের ধাক্কায় হাত-পা বিচ্ছিন্ন রেলওয়ে পুলিশের
গাজীপুরে রেলওয়ে পুলিশের একজন উপপরিদর্শক (এসআই) মোবাইল ফোনে কথা বলতে বলতে ট্রেনের নিচে পড়ে গুরুতর আহত হয়েছেন। এতে তার ডান হাত ও ডান পা কেটে গেছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে শহরের জয়দেবপুর রেলওয়ে ষ্টেশনের ৪ নম্বর লাইনে অসাবধানতাবসত তিনি মোবাইল ফোনে কথা বলতে বলতে হাঁটার সময় এই দুর্ঘটনা ঘটে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইয়ুম আলী জানান, আজ (বৃহস্পতিবার) সকালে ঢাকা রেঞ্জের গাজীপুর জেলায় কর্মরত এসআই হাবীব ট্রেনে কাটা পড়ে গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় তার ডান হাত ও ডান পা কেটে গেছে। তাকে প্রথমে শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজে ভর্তি করা হয়। পরে সেখানের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন।
২ দিন আগে
গাজীপুরে ভয়াবহ আগুনে ৩৬ বসতঘর ভস্মীভূত
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ডে একটি কলোনির ৩৬টি বসতঘর পুড়ে গেছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মাওনা উত্তরপাড়া এলাকার একটি ভাড়া বাসায় গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর মুহূর্তেই তা আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।
আগুনে নগদ টাকা, টেলিভিশন, ফ্রিজ, আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্রসহ ভাড়াটিয়াদের সব মালামাল পুড়ে যায়। খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ক্ষতিগ্রস্তদের বেশিরভাগই নিম্ন আয়ের পোশাক শ্রমিক। ঘটনার সময় তারা কর্মস্থলে থাকায় ঘর থেকে কোনো কিছুই বের করতে পারেননি।
ভুক্তভোগীদের দাবি, এ ঘটনায় প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. নুরুল করিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণে কাজ চলছে।
১৬ দিন আগে
গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের রেলপথ অবরোধ
উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি প্রকৌশলীদের জন্য ৩৩ শতাংশ কোটার সিদ্ধান্তের প্রতিবাদে এবং উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ডিগ্রীধারীদের নিয়োগ দেওয়ার প্রস্তাব প্রত্যাহারসহ ৫ দফা দাবিতে গাজীপুরে রেলপথ অবরোধ করেছেন ডিপ্লোমা প্রকৌশলী ও ডিপ্লোমা শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে ডিপ্লোমা প্রকৌশলীরা ভুরুলিয়া মিস্ট মোড় এলাকায় জড়ো হয়ে সেখান থেকে শিমুলতলী-গাজীপুর সড়কে মিছিল নিয়ে ভুরুলিয়া এলাকায় গিয়ে রেলপথ অবরোধ করেন।
এতে ঢাকা-রাজশাহী ও ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
জয়দেবপুর রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাইয়ুম আলী জানান, রেলপথ অবরোধ করায় বনলতা এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, চাঁপাইএক্সপ্রেস, তিস্তা এক্সপ্রেস ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে।
১৮ দিন আগে
১২ ফেব্রুয়ারি ভোট ডাকাতি করতে দেবেন না: গাজীপুরে তারেক রহমান
চব্বিশের জুলাই আন্দোলনকে স্মরণ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জুলাই আন্দোলনে গাজীপুরের মানুষের বিরাট একটা ভূমিকা রয়েছে। লাখ লাখ মানুষ রাজপথে অধিকার আদায়ের জন্য লড়াই করেছেন। এই যে গণতন্ত্রের লড়াই হয়েছে সেটি রক্ষা করতে আগামী ১২ তারিখ সবাই ভোরে ভোটকেন্দ্রে যাবেন। ফজরের নামাজ ভোটকেন্দ্রের সামনে জামাত করে পড়বেন। যাতে আগে থেকেই কেউ সেখানে অবস্থান না করতে পারে। বিগত বছরে যেভাবে ভোট ডাকাতি হয়েছে এবার সেই ডাকাতি করতে দেবেন না। নিজ অধিকার নিশ্চিত করেই ফিরবেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে মহানগর বিএনপির আয়োজিত নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেছেন।
তারেক রহমান গাজীপুরকে বাংলাদেশের গার্মেন্টসের রাজধানী উল্লেখ করে বলেন, এদেশে এই গার্মেন্টস শিল্প এনেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার হাত ধরেই শিল্পের প্রসার ঘটেছিল বাংলাদেশে। এর ফলে দেশের লক্ষ লক্ষ মা-বোন ও ভাইদের কর্মসংস্থান হয়েছে।
তিনি বলেন, ‘এদেশ থেকে বিদেশে শ্রমিক পাঠানোর কাজটিও বিএনপি সরকার করেছিল। এদেশের খেটে খাওয়া মানুষের উন্নয়নের জন্য জন্য যদি কেউ চিন্তা করে থাকে সেটিও বিএনপি সরকার। এই শিল্পকে নিয়ে আমাদের একটা বড় পরিকল্পনা রয়েছে। গাজীপুরে যাতে আরও লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হয় সেই জন্য আমরা পরিকল্পনা নিয়েছি। ফ্যামিলি কার্ড, কৃষক ভাইদের কৃষিকার্ড প্রদান বাস্তবায়ন করব। শ্রমিকদের অধিকার নিশ্চিত করব।’
বিএনপির চেয়ারম্যান বলেন, গাজীপুরের জয়দেবপুর রেল গেইট এলাকায় তীব্র যানজটে দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। এই দুর্ভোগ লাঘবে দ্রুত এখানে ফ্লাইওভার করতে হবে।
তারেক রহমান আরও বলেন, গাজীপুরের মধ্যে বড় বড় কয়েকটি খাল রয়েছে সেগুলো হলো তুরাগ, লবনদহ ও চিলাই। আগামী ১২ তারিখ নির্বাচন শেষে এই তিন খাল খনন শুরু করব। সাথে আপনারা থাকবেন। দূষিত পানি যাতে আর গাজীপুরে না থাকতে পারে সেই ব্যবস্থা করতে হবে। এছাড়াও শিল্প কারখানায় মা-বোনদের নিরাপত্তার পাশাপাশি শ্রমিকদের আবাসনের জন্য কাজ করতে হবে।
বক্তব্যের মাঝে তারেক রহমান গাজীপুরের ৫টি আসনে মনোনীত ধানের শীষের প্রার্থীদের সম্মুখে এনে পরিচয় করিয়ে দেন। এ সময় তিনি প্রার্থীদের জন্য ভোট প্রার্থনা করে বলেন, ‘স্বাধীনতা যুদ্ধের আগে আমি এই মাঠে অনেক খেলেছি। শিশু কাল আমার এখানে কেটেছে। সে হিসেবে আমার ভোটের হক আছে। গাজীপুর নিয়ে আমাদের যেসব পরিকল্পনাগুলো রয়েছে সেগুলো বাস্তবায়ন করতে এই প্রার্থীদের পাশে থাকবেন। তাদের বিজয় নিশ্চিত করতে হবে।’
এর আগে সন্ধ্যা ৬টায় ময়মনসিংহ থেকে গাজীপুরের উদ্দেশে রওনা হয়েছেন তারেক রহমান। গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে জয়দেবপুর সড়ক ধরে নেতা-কর্মীদের ভিড় ঠেলে দীর্ঘসময় পর রাত পৌনে ১২টার দিকে স্ত্রী ডা.জোবায়দা রহমানকে সঙ্গে নিয়ে সভামঞ্চে ওঠেন তারেক রহমান।
এই সমাবেশে গাজীপুর মহানগর বিএনপি সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়্যেদুল আলম বাবুল, সাবেক সংসদ সদস্য হাসান উদ্দিন সরকারসহ মঞ্চে উপস্থিত বিএনপির অন্যান্য নেতারা।
জাতীয় সংসদ নির্বাচনের আগে তারেক রহমানের এই জনসভাকে ঘিরে সকাল থেকেই বিএনপির সমর্থকদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছিল। দীর্ঘ ২০ বছর পর তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ব্যানার, ফেস্টুনে ছেয়ে যায় পুরো রাজবাড়ী ময়দান। দুপুরের পর থেকে দলে দলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে মাঠে আসতে শুরু করেন। সন্ধ্যার আগে পুরো রাজবাড়ী মাঠ জনসমুদ্রে পরিণত হয়। এছাড়া সংসদীয় আসনে মনোনীত প্রার্থীর পক্ষের কর্মী সমর্থকরা আলাদা ক্যাপ, হ্যান্ডবিল ও দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে আলাদা আলাদা ভাবে জড়ো হয়েছেন।
২৪ দিন আগে
গাজীপুরে অটোরিকশা চালকদের মহাসড়ক অবরোধ প্রত্যাহার
গাজীপুরের শ্রীপুরে অটোরিকশা চলাচলের অনুমতি ও পুলিশি হয়রানি বন্ধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন অটোরিকশা চালকরা। পুলিশের চেষ্টায় প্রায় দেড় ঘণ্টা পর সকাল ১০টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
রবিবার (২৫ জানুয়ারি) সকালে শ্রীপুর উপজেলার নতুন বাজার এলাকায় ২০০ থেকে ২৫০ জন অটোরিকশাচালক একত্র হয়ে এই অবরোধ শুরু করেন।
এ সময় তারা মহাসড়কে অটোরিকশা চলাচলের বৈধ অনুমতি প্রদান এবং অযৌক্তিক পুলিশি হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ করেন। অবরোধের কারণে দীর্ঘ যানজটে পড়ে কর্মজীবী মানুষ, শিক্ষার্থীসহ সাধারণ যাত্রী ও পথচারীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন জানান, খবর পেয়ে থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। মহাসড়ক থেকে অবরোধকারীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে দেড় ঘণ্টা সময় লাগে তাদের।
২৭ দিন আগে
টঙ্গীতে আন্দোলন চলাকালে শতাধিক পোশাক শ্রমিক অসুস্থ
বেতন পরিশোধের দাবিতে গাজীপুরের টঙ্গীতে আন্দোলন চলাকালে ব্রাভো অ্যাপারেলস লিমিটেডের দুইটি কারখানার অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।
বুধবার (১৩ জানুয়ারি) সকাল থেকে হঠাৎ করে একের পর এক শ্রমিক অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয় তাদের।
অসুস্থ শ্রমিকদের মধ্যে মা আওয়ার টাওয়ার ও আলম টাওয়ারে অবস্থিত কারখানার শ্রমিকরাই বেশি আক্রান্ত হয়েছেন। তাদের দ্রুত টঙ্গী সরকারি হাসপাতালসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, আক্রান্ত শ্রমিকদের অধিকাংশই বমি, শ্বাসকষ্ট, মাথা ঘোরা ও অস্বস্তিজনিত উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন। জরুরি বিভাগে একসঙ্গে বিপুলসংখ্যক রোগী আসায় কিছু সময়ের জন্য হাসপাতাল চত্বরে চাপ সৃষ্টি হয়েছে।
স্থানীয় ও কারখানা সূত্র জানায়, নভেম্বর মাসের বেতন পরিশোধ না হওয়ায় শ্রমিকরা রবিবার (১১ জানুয়ারি) সারা দিন কর্মবিরতি ও আন্দোলন করেন। একই দাবিতে পরদিন সোমবার সকালে কাজে যোগ দিয়েও তারা পুনরায় আন্দোলন শুরু করেন। আন্দোলনের মধ্যেই হঠাৎ একে একে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়তে শুরু করেন। তবে কী কারণে তারা অসুস্থ হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাহিদ সুলতানা বলেন, আক্রান্ত শ্রমিকদের মধ্যে প্যানিক অ্যাটাক, বমি ও শ্বাসকষ্টজনিত সমস্যার লক্ষণ দেখা যাচ্ছে। বর্তমানে অধিকাংশ শ্রমিকই আশঙ্কামুক্ত রয়েছেন।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, অসুস্থতার পরিপ্রেক্ষিতে গার্মেন্টস কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ বিষয়টি গুরুত্বসহ তদন্ত করছে।
৩৮ দিন আগে
গাজীপুরে এনসিপিকর্মীকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই
গাজীপুরে এনসিপির কর্মী হাবিব চৌধুরীকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
গাজীপুর মহানগর এনসিপি নেতা ইব্রাহিম মুসা জানান, মোটরসাইকেল কেনার বাহানা ধরে হাবিবকে হত্যার উদ্দেশ্যে নগরের মোগর খাল এলাকায় এসে দুই যুবক কথা বলতে থাকেন তার সঙ্গে। একপর্যায়ে তাদের একজন মোটরসাইকেলে চড়ে বসেন এবং অপরজন মোটরসাইকেলের কাগজপত্র দেখার ভান ধরে হাবিবকে উদ্দেশ্য করে গুলি ছোড়েন।
তিনি আরও জানান, হাবিবের কানের কাছ দিয়ে গুলি চলে গেলে অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। আত্মরক্ষার্থে কিছুটা দূরে সরে গেলে আরও এক রাউন্ড গুলি করা হয় তাকে।
ইব্রাহিম মুসা জানান, হাবিব কয়েকদিন আগে আওয়ামী লীগবিরোধী মিছিল করায় তিনি নানা ধরনের হুমকির মুখে ছিলেন। তারই ধারাবাহিকতায় গুলি ও মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে ধারণার কথা জানান তিনি।
গাজীপুর মহানগরীর বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, মোটরসাইকেলটি বিক্রি করার জন্য বিক্রয় ডটকমে বিজ্ঞাপন দিয়েছিলেন হাবিব। সেটি কেনার জন্য এসে দুই যুবক যখন মোটরসাইকেলটি নিয়ে যাচ্ছিল, তখন হাবিব চৌধুরী বাধা দিলে তার দিকে গুলি ছোড়েন তারা। ঘটনাস্থল থেকে গুলির একটি খোসা উদ্ধার করা হয়। ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে বলে জানান এ কর্মকর্তা।
৪৪ দিন আগে
দলে অনুপ্রবেশ করে একটি গোষ্ঠী অরাজক পরিস্থিতি তৈরি করতে চাইছে: নাহিদ ইসলাম
জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর সঙ্গে ন্যায়বিচার করা হয়নি এবং পুরো বিষয়টি বানোয়াট ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
সেমাবার (৫ জানুয়ারি) রাতেই জামিনে মুক্তি পাওয়া তাসলিমাকে দেখতে গিয়ে এ কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, কিছু কিছু মিডিয়া জাতীয় নির্বাচনকে সামনে রেখে গণঅভ্যুত্থানের সামনের সারিতে থাকা ব্যক্তিদের চরিত্র হননের চেষ্টা করছে। সুরভীর ঘটনাটিও তারই ধারাবাহিকতা বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, দলের মধ্যে অনুপ্রবেশ করে একটি গোষ্ঠী দেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে চাইছে। সে ব্যাপারে সবাইকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।
গতকাল সকালে এক সাংবাদিকের করা অপহরণ ও চাঁদাবাজীর মামলায় আদালতে তোলে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এমন খবরে ততক্ষণে বিক্ষোভ শুরু করেন ছাত্র জনতা। পরে রিভিশন আবেদন করলে এদিন রাতেই তার রিমান্ড বাতিল করে জামিন মঞ্জুর করেন আদালত।
এর আগে, গত ২৫ ডিসেম্বর রাত সাড়ে ১২টার দিকে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সুরভী ওই এলাকার সেলিম মিয়ার মেয়ে।
পুলিশ জানায়, সুরভীর বিরুদ্ধে কালিয়াকৈর থানায় নাইমুর রহমান দুর্জয় নামের এক যুবকের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। মামলায় চাঁদাবাজি, অপহরণ করে অর্থ আদায় ও ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ আনা হয়েছে। এছাড়া তিনি সেনাবাহিনী প্রধানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত কুরুচিপূর্ণ মন্তব্য করতেন বলেও দাবি পুলিশের।
৪৬ দিন আগে
জুলাই যোদ্ধা সুরভী রিমান্ডে, মুক্তির দাবিতে গাজীপুরে বিক্ষোভ
প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার আলোচিত জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটনের লক্ষ্যে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (৫ জানুয়ারি) আদালতের বিচারক এই আদেশ দেন।
এদিকে, তার মুক্তির দাবিতে অভ্যুত্থানকারী ছাত্র-শ্রমিক-জনতার ব্যানারে আদালত এলাকায় বিক্ষোভ করা হয়েছে। এ সময় বিক্ষোভকারীদের নেতারা সেখানে বক্তব্য রাখেন। এছাড়া, গারদখানা থেকে প্রিজনভ্যানে তোলার সময় তাহরিমা নিজেও নানা কথা বলে ক্ষোভ প্রকাশ করতে থাকেন।
গত বছরের ২৬ নভেম্বর গাজীপুরের কালিয়াকৈর থানায় তার বিরুদ্ধে মামলাটি করা হয়। পরে গত ২৫ ডিসেম্বর টঙ্গীর বাসা থেকে গ্রেপ্তার হন তাহরিমা জামান সুরভী।
৪৭ দিন আগে
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ৩
গাজীপুরের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে ৩ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে জেলার আড়িখোলা রেলওয়ে স্টেশনের পাশের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— কালীগঞ্জ পৌরসভার দেওয়ালেরটেক গ্রামের মোবারক হোসেনের স্ত্রী সাদিয়া বেগম (২৪) ও একই এলাকার বাবু মিয়ার মেয়ে অনাদি আক্তার (১৩) এবং নরসিংদীর শিবপুর উপজেলার মরজালের কমলা বেগম (৫৫)। অনাদি ও কমলা সম্পর্কে নাতনি ও নানী। সাদিয়া বেগম ছিলেন তাদের প্রতিবেশি।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি আড়িখোলা রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। এ সময় নানী-নাতনি ও সাদিয়া বেগম একসঙ্গে হাঁটতে বের হয়ে অসাবধানতাবশত ট্রেনে কাটা পড়েন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অনাদি আক্তারকে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান।
রেলওয়ের নরসিংদী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলোর সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। নিহতদের পরিবারের লোকজনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে।
৫৭ দিন আগে