রাজধানী
রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এনসিপির ছাত্র নেতা আহত
রাজধানীর কদমতলীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মোঃ জানভির আলম(২৩) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। তিনি কদমতলী থানার এনসিপির ছাত্র শক্তির সিনিয়র যুগ্ম- আহবায়ক ও নারায়ণগঞ্জ সোনারগাঁ ইউনিভার্সিটির অনার্সের প্রথম বর্ষের শিক্ষার্থী।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে রায়েরবাগ বাস স্ট্যান্ড পুতুলবাড়ি রেস্টুরেন্টের সামনে এই ঘটনাটি ঘটে। পরে রাত সাড়ে ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
আহত জানভির শনির আখড়া বোয়ালবাড়ি মোড় এলাকার মো. ইব্রাহিম মিয়ার ছেলে।
জানভির হতের সহকর্মী সাদেক মির্জা জানান, আজ রাতের দিকে পুতুলবাড়ি রেস্তোরাঁর সামনে বসে থাকা অবস্থায় ৩ থেকে ৪ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে জানভিরের ডান কাঁধের পেছনে ও পিঠে আঘাত করে পালিয়ে যায়। আমরা খবর পেয়ে প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসি।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক। তিনি জানান, আজ রাতের দিকে ঘাড়ে ও পিঠে জখম অবস্থায় ওই যুবককে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। আমরা বিষয়টি কদমতলী থানা পুলিশকে জানিয়েছি।
৪ দিন আগে
সোমবার মধ্যরাত পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে
রক্ষণাবেক্ষণের জন্য একটি এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় গ্যাস সরবরাহে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। এ কারণে তিতাস গ্যাসের আওতাভুক্ত এলাকায় সব শ্রেণির গ্রাহক পর্যায়ে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানায়, এলএনজি থেকে প্রাপ্ত গ্যাস সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় সোমবার দিবাগত রাত ১২টা পর্যন্ত এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।
তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, আবাসিক, বাণিজ্যিক ও শিল্প—সব ধরনের গ্রাহকই কম চাপের কারণে ভোগান্তিতে পড়তে পারেন। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখপ্রকাশ করেছে কোম্পানিটি।
৬ দিন আগে
রাজধানীতে বাসায় ঝুলছিল গৃহবধূর মরদেহ
রাজধানীর ডেমরার একটি ভাড়া বাসা থেকে মারিয়া আক্তার শ্রাবণী (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত মারিয়া আক্তার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সৈয়দ টোলা গ্রামের মৃত সুবেদ মিয়ার মেয়ে ছিলেন। বর্তমানে পরিবারের সাথে ডেমরার ৪৩৬/১০ নম্বর বাঁশেরপুল এলাকায় ভাড়া থাকতেন।
নিহতের খালা জাহানারা বেগম বলেন, মারিয়া আমার একমাত্র ভাগ্নি ছিলেন। আড়াই বছর আগে তার বিয়ে হয়েছিল, কিন্তু স্বামী কোনো কাজকর্ম করত না। তাই গত চার মাস আগে স্বামীর সঙ্গে রাগ করে সে বাপের বাড়ি চলে যায়। গতকাল স্বামী ইমনের সঙ্গে মোবাইল ফোনে কথা কাটাকাটি হয় তার। এরপর কাউকে কোনো কিছু না বলে ঘরের দরজা বন্ধ করে রাখে। তারপর বেশ কিছু সময় পেরিয়ে গেলেও তার কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখি, সে ফ্যানের সঙ্গে ঝুলে আছে। পরে আমরা বিষয়টি ডেমরা থানা পুলিশকে জানাই।
নিহত ওই নারীর দুই বছরের একটি ছেলে রয়েছে বলে জানান তিনি।
ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) সুজন চন্দ্র রায় বলেন, গতরাতে আমিনবাগের আনোয়ার নামের এক ব্যক্তির বাড়ির দ্বিতীয় তলার একটি বাসার শয়নকক্ষ থেকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানতে পারি, স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জেরে তিনি এ ঘটনা ঘটিয়েছেন। তবুও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে আজ (বৃহস্পতিবার) দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।
১৬ দিন আগে
রাজধানীতে প্রাইভেট কারের ধাক্কায় রিকশাচালক নিহত
রাজধানীর খিলগাঁওয়ে দ্রুতগতির একটি প্রাইভেট কারের ধাক্কায় মো. শাহীন (৪৮) নামে এক ব্যাটারিচালিত রিকশাচালক নিহত হয়েছেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) খিলগাঁওয়ের মেরাদিয়া এলাকায় দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত শাহীন হবিগঞ্জের লাখাই উপজেলার সাতাক গ্রামের মো. আলাউদ্দিন মিয়ার ছেলে। বর্তমানে মেরাদিয়া পুরাবাড়ি এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন তিনি।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল জানান, গতরাত সোয়া ১২টার দিকে মেরাদিয়া সাফিয়া কার সেন্টারের বিপরীত পাশের মেইন রোডে রিকশা চালাচ্ছিলেন শাহীন। এ সময় পেছন থেকে একটি দ্রুতগতির প্রাইভেট কার তার রিকশাকে ধাক্কা দেয়। এতে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে আমরা আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে নিয়ে যাই।
এসআই আরও জানান, এ ঘটনায় ঘাতক প্রাইভেট কার ও এর চালক থানা পুলিশের হেফাজতে রয়েছেন। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।
১৮ দিন আগে
রাজধানীতে এক ব্যক্তির হাতবাঁধা ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর রামপুরা থানা এলাকায় হাসান ভূঁইয়া (৪৩) নামে এক ব্যক্তির হাতবাঁধা ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় তার স্ত্রী মিলাকে (২৮) জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত হাসানের বড় ভাই নাসির ভূইয়ার অভিযোগ, পারিবারিক কলহের জেরে আমার ছোট ভাইয়ের স্ত্রী মিলা তাকে হত্যা করেছে। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠিয়েছে।
তিনি বলেন, ‘প্রেম করে ৬ বছর আগে মিলাকে বিয়ে করে আমার ছোট ভাই। বিয়ের পর থেকে আমাদের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। তাদের ৫ বছরের একটি ছেলে সন্তানও রয়েছে।
‘গতকাল সকালে জানতে পারি, ভাই আমার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এরপর ঘটনাস্থলে গিয়ে দেখি গলায় ফাঁস লাগানো আছে ঠিকই, কিন্তু তার পেছনে হাত বাঁধা রয়েছে। বাসার ছাদের পানির ট্যাংকির পাইপের সঙ্গে গলায় রশি ও হাত বেঁধে আমার ভাইকে তার স্ত্রী মিলা হত্যা করেছে।’
তিনি আরও বলেন, ‘আমরা ধারণা করছি, তার স্ত্রীর সঙ্গে পারিবারিক কোনো বিষয় নিয়ে ঝামেলার কারণে তাকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে সে। এ ঘটনার পর মিলাকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ। আমি বাদী হয়ে রামপুরায় থানায় একটি মামলা দায়ের করেছি।’
বিষয়টি নিয়ে জানতে চাইলে মতিঝিল বিভাগের খিলগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আল আমিন জানান, গতকাল হাসান ভূঁইয়া নামে একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। কিন্তু মরদেহ উদ্ধার করার সময় তার হাত শরীরের পেছনে বাঁধা অবস্থায় ছিল। এতে মনে হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড।
নিহতের বড় ভাই অজ্ঞাতদের আসামি করে মামলা করেছেন জানিয়ে তিনি বলেন, আমরা সিসিটিভি ফুটেজ এবং বিভিন্ন বিষয়ে মাথায় রেখে তদন্ত করছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।
২১ দিন আগে
রাতে রাজধানীতে দুই সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
গতরাতে রাজধানীতে দুটি সড়ক দুর্ঘটনায় দুইজনের প্রাণহানি ঘটেছে। একটি দুর্ঘটনা ঘটে যাত্রাবাড়ী এলাকায় এবং অন্যটি ডেমরায়।
শনিবার (১৭ জানুয়ারি) রাত ১০টা থেকে ১২টার মধ্যে দুর্ঘটনা দুটি ঘটে।
যাত্রাবাড়ীর দনিয়া কলেজের সামনের রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় মো. জাহিদ (১১) নামে এক পথশিশু নিহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগি নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জাহিদের বন্ধু রাব্বি বলে, আমরা দুজনেই রাস্তায় বোতল কুড়িয়ে বিক্রি করি। আজ রাতে দনিয়া কলেজের সামনের রাস্তা পার হচ্ছিলাম। এ সময় একটি ট্রাক আমার বন্ধুকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে আমিসহ কয়েকজন মিলে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, আমার বন্ধু আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে।
এর আগে, ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে লেগুনার সংঘর্ষে অজ্ঞাত (৪০) এক ব্যক্তি নিহত হন।
নিহত ব্যক্তি একজন ভ্যানচালক ছিলেন বলে জানা গেছে।
শনিবার রাত ১০টার দিকে স্টাফ কোয়ার্টার সেতুর ওপর এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালেরর জরুরি বিভাগে নিয়ে গেলে রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা রবিউল ইসলাম নামের এক যুবক জানান, রাত ১০টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার সেতুর ওপর সিএনজি ও লেগুনার সংঘর্ষ ঘটে। এতে পাশে থাকা ভ্যানচালক গুরুতর আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনার বিষয়টি ডেমরা থানা পুলিশকে জানানো হয়েছে।
৩৪ দিন আগে
মগবাজারে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে নির্মাণশ্রমিক নিহত
রাজধানী রমনা মগবাজার মোড় এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ওপর থেকে লোহার পাইপ নিচে পড়ে তাইজুল ইসলাম (২০) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী আলতাব হোসেন জানান, মগবাজার মোড়ে এবিসি কোম্পানির একটি নির্মাণাধীন ১৩ তলা ভবনের নিচে তাইজুল বালুর কাজ করার সময় হঠাৎ ৬ তলা থেকে লোহার একটি পাইপ তার মাথার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তাইজুল কুড়িগ্রাম জেলার নাগেশ্বর থানার আকন্দ পাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। বর্তমানে ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন তিনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
৩৭ দিন আগে
ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে রাজধানীর ফার্মগেট মোড়ে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
রবিবার (৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ শুরু করেন। এতে ফার্মগেটসহ আশপাশের সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ফলে গুরুত্বপূর্ণ এই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
এদিকে, এই হত্যাকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খাঁন। দুপুর ১২টার দিকে ফার্মগেটে গিয়ে তিনি এ কথা জানান।
ডিসি জানান, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও ধরার চেষ্টা চলছে। রাজধানীর বাইরে গোয়েন্দা পুলিশ-ডিবির দুটি দল একযোগে অভিযান চালাচ্ছে।
তিনি বলেন, ‘সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ বিভিন্ন সূত্রের তথ্য যাচাই করে ঘটনার সঙ্গে সম্পৃক্তদের শনাক্ত করা হচ্ছে। এ ঘটনায় কাউকেই ছাড় দেওয়া হবে না।’
শিক্ষার্থীদের দেওয়া তথ্য অনুসারে, গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসের ছাদে মাদক সেবন করতে দেখে সাকিব ও তার কয়েকজন বন্ধু মাদকসেবীদের বাধা দেন। এ ঘটনাকে কেন্দ্র করে সেদিন রাতে কলেজের ছাত্রাবাসে বিচার বসে। সেই বিচারে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক খোরশেদ তরুণসহ আরও অনেকে। কিন্তু তারা মাদক সেবনকারীদের পক্ষ নিলে হোস্টেলের ছাত্ররা তাদের ধাওয়া দেন। ধাওয়া খেয়ে তারা ছাত্রদল কর্মীদের নিয়ে এসে হোস্টেলের প্রতিটি রুমে রুমে ঢুকে ছাত্রদের ওপর হামলা চালায়। হামলায় সাকিব আহত হন।
তার মাথায় হাতুড়ি ও রড দিয়ে আঘাত করা। এতে মাথায় প্রচুর রক্তক্ষরণ হয় সাকিবের। পরে চিকিৎসাধীন অবস্থায় চার দিন পর গত ১০ ডিসেম্বর মালিবাগের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।
৪৮ দিন আগে
রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা
রাজধানীর হাজারীবাগ থানার ঝাউচর এলাকায় মো. শিপন (২৪) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোরের দিকে গুরুত আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন।
নিহত শিপনের গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়। বর্তমানে হাজারীবাগ বড় মসজিদ গলি এলাকায় থাকতেন তিনি। তার বাবার নাম শাহআলম।
বিষয়টি নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র শেখ। তিনি বলেন, ৯৯৯-এ সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। হাজারীবাগ ঝাউচর সিয়াম স্কুল গলিতে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল ছেলেটি। সেখান থেকে তাকে উদ্ধার করে রাত সাড়ে ৩টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার মাথা, দুই হাত ও পায়ে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
তিনি আরও বলেন, কে বা কারা তাকে কুপিয়ে হত্যা করেছে, তা তৎক্ষাণিক জানতে পারিনি। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
৫১ দিন আগে
মৌচাক ফ্লাইওভারে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
রাজধানীর মৌচাক ফ্লাইওভারের ওপরে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালক ও মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল সোয়া ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতারা হলেন—অটোরিকশার চালক মো. নয়ন তালুকদার (৭০) এবং মোটরসাইকেলের আরোহী মো. ইয়াসিন আরাফাত (২১)।
নিহত নয়ন তালুকদার যাত্রাবাড়ী ধলপুর এলাকার রমেজ তালুকদারের সন্তান ও ইয়াসিন আরাফাত দক্ষিণ মুগদার ১৪১ নম্বর বাসার জহিরুল ইসলামে সন্তান।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
এই পুলিশ কর্মকর্তা বলেন, মৌচাক ফ্লাইওভারের ওপরে সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই গাড়ির চালকই গুরুতর আহত হন। পরে তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
৫১ দিন আগে