দিনাজপুর
দিনাজপুরে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
দিনাজপুরের বিরামপুরে কলেজ বাজার এলাকায় ট্রাকের চাপায় একটি মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— দিনাজপুরের ঘোড়াঘাটের শালিকাদহ গ্রামের মিজানুর রহমানের ছেলে সজিব (৩৫) এবং একই গ্রামের তহিদুল ইসলামের ছেলে রাব্বি (৩৪)।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, উপজেলার গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে একটি ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে গেছে। ঘটনাস্থলেই মোটরসাইকেলটির চালক ও আরোহী নিহত হন। ট্রাকটির চালককে এখনও আটক করা সম্ভব হয়নি বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
১ দিন আগে
দিনাজপুরে বাসচাপায় শিশু নিহত, আহত ৫
দিনাজপুরে বাসচাপায় জুনায়েদ (৬) নামের এ শিশু নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরও ৫ শিশু আহত হয়েছে। তারা সবাই একটি কিন্ডারগার্টেনের শিক্ষার্থী ছিল।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে চিরিরবন্দরের আমতলী ব্রিজের ওপর এ দু্র্ঘটনা ঘটে।
নিহত জুনায়েদ চিরিরবন্দরের পলাশডাঙ্গী গ্রামের জুয়েলের ছেলে ছিল। আহত অপর ৫ শিক্ষার্থীকে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
চিরিরবন্দর থানার উপপরিদর্শক মাইনুল জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আহাদ পরিবহনের একটি বাস দিনাজপুর শহরে যাওয়ার সময় আমতলী ব্রিজের ওপর থেকে শিশুদের বহন করা স্কুলগামী একটি অটোভ্যানকে চাপা দেয়। এতে আমতলীর মোল্লা স্কুলের কেজি শ্রেণির ছাত্র জুনায়েদ ঘটনাস্থলে নিহত হয়।
এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় দুজন গুরুতর আহতসহ মোট ৫ শিক্ষার্থীকে দিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। বাসের চাপায় অটোভ্যানটি দুমড়েমুচড়ে গেছে। দুর্ঘটনার পর চালক বাসসহ পালিয়ে গেছেন।
২ দিন আগে
দিনাজপুরের ছয়টি আসনের ৫টিতে ধানের শীষ, একটিতে স্বতন্ত্রের জয়
দিনাজপুরের ৬টি নির্বাচনি আসনের মধ্যে ৫টি আসনে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীক। আর একটি আসনে বিএনপির বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী জয় পেয়েছেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, দিনাজপুর-১ (বীরগঞ্জ- কাহারোল) আসনে বিএনপি প্রার্থী মনজুরুল হক ১ লাখ ৭৯ হাজার ৩১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ১ লাখ ১৭ হাজার ৪৮১ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ছাত্র শিবিরের সাবেক নেতা মতিউর রহমান।
দিনাজপুর-২ (বিরল- বোচাগঞ্জ) আসনে ধানের শীষে ১ লাখ ৩৯ হাজার ৬২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী এ কে এম আফজালুল আলম দাঁড়িপাল্লায় পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৮৮৭ ভোট।
দিনাজপুর সদর-৩ আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী ১ লাখ ৪০ হাজার ৬০৮ ভোট পেয়ে সৈয়দ জাহাঙ্গীর আলম বেসরকারিভাবে জয়ী হয়েছেন। এর আগে তিনি দিনাজপুর পৌরসভায় পরপর তিনবার মেয়র ছিলেন। এর মধ্যে আওয়ামী সরকার আমলে তৎকালীন সময়ে আওয়ামী লীগের হুইপ ইকবালুর রহিমের বিপরীতে এমপি পদে নির্বাচন করেছিলেন। তবে জয় মিলেনি তার। জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা অ্যাডভোকেট মাঈনুল আলম ১ লাখ ৩৬ হাজার ২৩৯ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন।
দিনাজপুর-৪ (চিরিরবন্দর - খানসামা) আসনে বিএনপির ধানের শীষে ১ লাখ ৬৬ হাজার ৭১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাবেক এমপি আক্তারুজ্জামান মিয়া। বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চিরিরবন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জামায়াতে ইসলামীর আফতাব উদ্দিন মোল্লা পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৫৬ ভোট।
দিনাজপুর ৫ (পাবর্তীপুর-ফুলবাড়ী) আসনে জয় পেয়েছেন বিএনপির বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী এ জেড এম রেজোয়ানুল হক। তার প্রাপ্ত ভোট ১ লাখ ২৪ হাজার ৪৮৪। এর আগে বিএনপির হয়ে ৬ বার এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন প্রবীণ এ বিএনপি নেতা। তবে ত্রয়োদশ নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল তারেক রহমানের আইনজীবি ব্যারিষ্টার এ কে এম কামরুজ্জামানকে। প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিতে লন্ডন থেকে উড়ে এসেছিলেন তিনি। ধানের শীষ মার্কায় ৯৮ হাজার ৫৪৪ ভোট পেয়ে তিনি তৃতীয় অবস্থানে রয়েছেন। নিকটতম দ্বিতীয় অবস্থানে ১১ দলীয় জোট প্রার্থী এনসিপির ডা. আব্দুল আহাদ পেয়েছেন ১ লাখ ১০ হাজার ১৯৫ ভোট।
দিনাজপুর-৬ (বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর, ঘোড়াঘাট) আসনে বিএনপির ধানের শীষে ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন ২ লাখ ৫ হাজার ১১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য। পাশাপাশি দলের চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে খ্যাতি পরিচিতি রয়েছে তার। জামায়াতে ইসলামীর আনোয়ারুল ইসলাম দাঁড়িপাল্লায় ১ লাখ ৯০ হাজার ৭০৩ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন।
৮ দিন আগে
দিনাজপুরে ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ১
দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় কাভার্ড ভ্যানের সহকারী নিহত হয়েছেন। সড়কের ওপর দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন থেকে এসে কাভার্ড ভ্যানটি দ্রুতগতিতে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত কাভার্ড ভ্যানচালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত আল আমিন (৪০) নীলফামারী জেলার সৈয়দপুরের বাসিন্দা। আর আহত ব্যক্তির নাম আমিনুল ইসলাম।
ঘোড়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, ঘোড়াঘাট এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনের সড়কে পুলিশের রেশনবাহী একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় খেজুরবাহী একটি কাভার্ড ভ্যান দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ইঞ্জিন কেবিনে আটকা পড়েন কাভার্ড ভ্যানের চালক ও সহকারী।
তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা আহত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর দুর্ঘটনাকবলিত ট্রাক এবং কাভার্ড ভ্যানটি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান এ কর্মকর্তা।
১৩ দিন আগে
আত্রাই নদী থেকে উদ্ধার ২ মরদেহের পরিচয় শনাক্ত, হত্যার কারণ এখনও অজানা
দিনাজপুরের চিরিরবন্দরের আত্রাই নদী থেকে গতকাল (সোমবার) উদ্ধার হওয়া দুই যুবকের মরদেহের পরিচয় পাওয়া গেছে। তবে তাদের হত্যার রহস্য এখনও উদঘাটন করতে পারেনি পুলিশ।
নিহত দুই যুবকের একজন হলেন মোহাম্মদ রাসেল মিয়া (২৫)। তিনি উপশহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকার সাইদুল ইসলামের ছেলে। অপরজন নিমনগর দক্ষিণ বালুবাড়ী লাইন পাড়ের বাসিন্দা মৃত নূর মোহাম্মদের ছেলে আল আমিন (২৮)। তারা ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।
সোমবার (১২ জানিয়ারি) চিরিরবন্দরের ভিয়াইল ইউনিয়নের বানিয়াখাড়ি দোল্লা গ্রামের লক্ষ্মীতলা সেতুর কাছে আত্রাই নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করেছিল পুলিশ।
চিরিরবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আহসান হাবিব জানান, মরদেহগুলোর পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির একটি বিশেষ টিম কাজ করেছিল। তাদের আঙুলের ছাপের মাধ্যমেও পরিচয় বের করতে পারেনি সিআইডি। পরে বিকেলে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালের মর্গে পরণের কাপড় দেখে তাদের শনাক্ত করেন স্বজনেরা।
পরিবারের বরাতে পুলিশ পরিদর্শক জানান, রাসেল ও আল আমিন প্রায়ই একসঙ্গে বের হয়ে ৫ থেকে ৭ দিন পর বাড়ি ফিরতেন। গত ৬ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে তারা একসঙ্গে বাড়ি থেকে বেরিয়েছিল, এরপর আর ফেরেনি। এমনকি পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন ছিল তাদের।
তিনি আরও জানান, গতকাল (সোমবার) পরিবারের স্বজনরা বিচলিত হয়ে থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করতে এসেছিলেন। পাশাপাশি কোনো খোঁজ পেলে তাদের জানানোর জন্য ফোন নম্বর দিয়ে রেখেছিলেন। পরে দিমেক হাসপাতালের মর্গে মরদেহ আসার পর তাদের খবর দেওয়া হলে মর্গে গিয়ে পরণের পোশাক দেখে দুই যুবককে শনাক্ত করেন তাদের স্বজনেরা। টানা কয়েকদিন মরদেহ পানিতে ডুবে থাকায় চেহারা বিকৃত হয়ে গিয়েছিল দুই যুবকের।
হত্যার কারণ জানতে এবং জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চালাচ্ছেন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
৩৯ দিন আগে
দিনাজপুরে আত্রাই নদী থেকে ২ যুবকের মরদেহ উদ্ধার
দিনাজপুরের চিরিরবন্দরে আত্রাই নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের বয়স ২৪-২৫ বছর বলে ধারণা করছে পুলিশ।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার ভিয়াইল ইউনিয়নের বানিয়াখাড়ি দোল্লা গ্রামের লক্ষ্মীতলা সেতুর কাছ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। ৫ থেকে ৭ দিন আগে তারা হত্যার শিকার হয়েছেন বলে ধারণা করছে পুলিশ।
চিরিরবন্দর থানার পরিদর্শক (তদন্ত) এসএম আহসান হাবীব জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লক্ষ্মীতলা সেতুর কাছে আত্রাই নদী থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানতে পারিনি। মরদেহ শনাক্তে আঙ্গুলের ছাপ স্ক্যান করার জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি কাজ করছে।
হত্যাকারীরা নদীর উজানের কোনো স্থানে মরদেহগুলো ভাসিয়ে দিয়েছিল বলে নিজের ধারণার কথা জানান এই পুলিশ কর্মকর্তা।
৪০ দিন আগে
দিনাজপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ১ জন নিহত, আহত ৩
দিনাজপুরের পাবর্তীপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত ও ৩ জন আহত হয়েছেন। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে বদরগঞ্জ সড়কের ক্যানেল ব্রিজে এ দুর্ঘটনা ঘটেছে।
দুর্ঘটনায় নিহত আসিফ ইকবাল (১৯) জেলার পলাশবাড়ীর উত্তর ধোবাকল গ্রামের মৃত আলমের ছেলে।
পাবর্তীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক জানান, ক্যানেল ব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা দুইটি দ্রুতগতির মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এতে এক মোটরসাইকেলের চালক আসিফ ইকবাল দুর্ঘটনাস্থলে নিহত হন। মোটরসাইকেলে থাকা অপর যাত্রীরা আহন হন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
৫২ দিন আগে
দিনাজপুরে বাসের ধাক্কায় ট্রাক্টরের চালকসহ নিহত ২
দিনাজপুরের ঘোড়াঘাটে ঢাকাগামী বাসের ধাক্কায় মেসি গাড়ির (ট্রাক্টর) চালকসহ দুইজন নিহত হয়েছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার ৩ নম্বর সিংড়া ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
এ ঘটনায় নিহত হয়েছেন সেমি গাড়ির চালক জুহিন (৩৫)। তিনি ঘোড়াঘাটের রানীগঞ্জের দক্ষিণ দেবীপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ঢাকামুখী মোল্লা পরিবহনের একটি বাসের ধাক্কায় বিপরীত দিক থেকে আসা মেসি পরিবহনের (ট্রাক্টর) চালকসহ অজ্ঞাত পরিচয় আরেকজন নিহত হয়েছেন। তার পরিচয় উদ্ধারে আঙ্গুলের ছাপ পরীক্ষার জন্য সিআইডি টিম তলব করা হয়েছে।
তিনি জানান, ঘাতক বাসটিকে জব্দ করা গেলেও বাসের চালক, হেলপার ও সুপারভাইজার পালিয়ে গেছেন।
৫৬ দিন আগে
দিনাজপুরে অটোরিকশায় গরুবাহী ট্রাকের ধাক্কা: ২ নারী নিহত, আহত ৭
দিনাজপুরের চুনিয়াপাড়া এলাকায় গরুবাহী ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী ২ নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।
শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় হতাহতের ওই ঘটনা ঘটে।
নিহতরা হলেন— জেলা সদরের ননাম মেম্বারপাড়ার আজিজুর রহমানের স্ত্রী খতেজা বেগম (৬১) এবং একই গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী শেফালী বেগম (৩১)।
দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার ওবায়দুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার অভিযানে ছুটে যান তারা। দুর্ঘটনাস্থলেই খতেজা বেগম নিহত হন। বাকি আহতদের তারা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
কোতয়ালী থানার উপপরিদর্শক সাজ্জাদ হোসেন জানান, আহতদের মধ্যে শেফালী বেগম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অন্য ৭ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর বলে জানান তিনি।
৭৬ দিন আগে
দিনাজপুর ও নীলফামারীতে পৃথক দুর্ঘটনায় নিহত ১, আহত ২০
দিনাজপুর এবং সৈয়দপুরে পৃথকস্থানে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এতে আরও অন্তত ২০ জন আহত হয়েছেন।
বুধবার(২৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে সৈয়দপুরের ওয়াপদা মোড়ে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৯ যাত্রী আহত এবং ৪টার দিকে বিরলের মঙ্গলপুরে পিকআপ মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
বিরল থানার উপপরিদর্শক সোহেল রানা জানান, বিকাল ৪টার দিকে বিরলের মঙ্গলপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত মোটরসাইকেল চালক সোহেল রানা (৩৬) বিরলের কাটিগাড়ী গ্রামের বাবুলের ছেলে। এসময় পিকআপের হেলপার আহত হয়েছেন।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর জানান, পিকআপটি জব্দ করেছেন তারা।
এর আগে দিনাজপুর রংপুর মহাসড়কের সৈয়দপুর বাইপাসে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৯ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৩জনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন, যাদের বেশিরভাগই বাসযাত্রী।
আরও পড়ুন: নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৮
খবর পেয়ে তারাগঞ্জ হাইওয়ে পুলিশ ও সৈয়দপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করেন।
সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার হামিদুর রহমান জানান, রংপুর থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী একটি গেটলক বাস সৈয়দপুর বাইপাসের ওয়াবদা মোড় এলাকা পার হওয়ার পর দুর্ঘটনার কবলে পড়ে। উল্টো দিক থেকে আসা ট্রাকের এক পাশের চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারালে বিপরিতগামী বাসটিকে ধাক্কা দেয়। এতে ১৯ যাত্রী আহত হয়েছেন।
২১৩ দিন আগে