সহিংসতা
নির্বাচন-পরবর্তী সহিংসতা: নিজ দলের ৫ কর্মীকে পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি
নির্বাচন-পরবর্তী সময়ে এলাকায় ব্যাপক হানাহানি ও বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগে নিজ দলের পাঁচ কর্মীকে পুলিশে দিয়েছেন চাঁদপুর-৩ আসনে নব-নির্বাচিত এমপি শেখ ফরিদ আহমেদ মানিক।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ ঢালীর নেতৃত্বে ছাত্রদলের ওই ৫ কর্মীকে চাঁদপুর মডেল থানায় সোপর্দ করেন তিনি।
তারা হলেন— শহরের ওয়ারলেস বাজার এলাকার নাহিদুল ইসলাম জনি, মোবারক হোসেন বেপারী, জনি গাজী, মনির ও ফাহিম। তাদের থানা হেফাজতে রাখা হয়েছে।
এর আগে, ১২ ফেব্রুয়ারি চাঁদপুর পৌর এলাকার ১৩ নম্বর ওয়ার্ডে নির্বাচন চলাকালীন এবং ১৩ ফেব্রুয়ারি শুক্রবার দেশীয় অস্ত্র নিয়ে দুই গ্রুপের মধ্যে হানাহানি, উত্তেজনা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এদের শনাক্ত করা হয়। পরে তাদের ধরে পুলিশে দেওয়া হয়।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (১৪ ফেব্রুয়ারি) মো. ফয়েজ আহমেদ ইউএনবিকে জানান, শুক্রবার রাতে আটক ৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত অন্যদেরও আটকের জন্য অভিযান চলছে।
৭ দিন আগে
মুন্সীগঞ্জে নির্বাচন-পরবর্তী সহিংসতায় নিহত ১, আহত ১২
মুন্সীগঞ্জ-৩ আসনের সদর উপজেলার চরআব্দুল্লাহ গ্রামে নির্বাচন-পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক জসিম উদ্দিন (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় তার পরিবারের সদস্যরা আহত হয়েছেন। এছাড়া পৃথক ঘটনায় আরও ১০ জন আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পূর্ববিরোধ ও নির্বাচনি দ্বন্দ্বের জেরে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহতের বড় ভাই মসিউর নায়েব অভিযোগ করেন, ধানের শীষের নেতা শাকিল দেওয়ানের লোকজন গতকাল (শুক্রবার) বিকেলে তাদের বাড়িতে ঢুকে তাকে, তার বাবা ও ভাইদের নির্মমভাবে পেটায়। পরে তাদের তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে গতকাল সন্ধ্যায় জসিমের মৃত্যু হয়।
নিহত জসিম উদ্দিন ফুটবল প্রতীকের প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থক ছিলেন। অভিযুক্ত শাকিল সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।
পুলিশ জানায়, জসিম উদ্দিন ও তার পরিবারের লোকজন ফুটবল প্রতীকের সমর্থক ছিলেন। ওই গ্রামের ধানের শীষের সমর্থক শাকিল গতকাল বিকেল ৩টার দিকে ৫০-৬০ জনের একটি দল নিয়ে জসিমের বাড়িতে যান। তারা জসিম উদ্দিন, তার বাবা মাফিক নায়েব, ভাই মোখলেস নায়েব ও মহসিন নায়েবকে পিটিয়ে আহত করেন। গুরুতর অবস্থায় ২ ভাই জসিম ও মোখলেস এবং বাবা মাফিক নায়েবকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। এরপর সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় জসিম মারা যান।
মসিউর নায়েব আরও বলেন, ‘আমরা ফুটবল প্রতীকের নির্বাচন করেছিলাম। এটাই আমাদের একমাত্র দোষ ছিল। আমরা কখনও কারও সঙ্গে কোনো অন্যায় করিনি। কারও সঙ্গে কোনো শত্রুতাও ছিল না। নাসির ডাক্তার ও তার ছেলে শাকিলরা আমার ভাইকে পিটিয়ে মেরে ফেলেছে।’
এ বিষয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা শাকিল বলেন, ‘সকালে জসিম উদ্দিনদের লোকজন আমাদের সমর্থকদের ওপর হামলা করে। পরে আমি এ ঘটনায় অভিযোগ করতে থানায় যাই। তখন জসিম ও তার লোকজন এলাকা থেকে বের হয়ে যেতে পুনরায় আক্রমণের প্রস্তুতি নেন। পরে এলাকার লোকজন একত্রিত হয়ে জসিমদের মারধর করেছে। আমি ঘটনাস্থলে ছিলাম না।’
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, পূর্ববিরোধ এবং নির্বাচনি দ্বন্দ্বের জেরে এই ঘটনা। অপরাধীদের আটকের ব্যাবস্থা নেওয়া হচ্ছে।
অন্যদিকে, মুন্সীগঞ্জ-৩ আসনের সদর উপজেলার বিভিন্ন স্থানে নির্বাচন পরবর্তী সহিংসতায় আরও ১০ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, মুন্সীগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ সম্পাদক মো. কামরুজ্জামান রতন। তিনিই মুন্সীগঞ্জ-৩ আসনে বিজয়ী হয়েছেন। দলের মনোনয়ন না পেয়ে ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. মহিউদ্দিন। পরে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
৭ দিন আগে
নড়াইলে নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহত ১৪
নির্বাচন পরবর্তী সহিংসতায় নড়াইল-২ আসনে সদর উপজেলার গাবতলা এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী কলস প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার গাবতলা এলাকায় এ সংঘর্ষ ঘটে। এ ঘটনায় দুপক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করেছে।
কলস প্রতীকের প্রার্থী মনিরুল ইসলামের সমর্থকরা জানান, গতকাল (শুক্রবার) বিকেলে চায়ের দোকানে বসে ছিলাম। এ সময় হঠাৎ করে ধানের শীষের লোকজন আমাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় ২ নারীসহ আমাদের ৯ জন আহত হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে ধানের শীষের সমর্থকরা দাবি করেন, কলস প্রতীকের সমর্থকেরা আমাদের ধানের শীষের অফিস ভাঙচুর করতে আসে। আমরা বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আমাদের ৫ জন আহত হয়েছে।
এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, কলস সমর্থক ও ধানের শীষের সমর্থকদের মাঝে মারামারি হয়েছে। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
৭ দিন আগে
শেরপুরের সহিংসতায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে: অন্তর্বর্তী সরকার
শেরপুরে সংঘটিত সাম্প্রতিক সহিংসতায় জামায়াতে ইসলামীর এক রাজনৈতিক কর্মীর মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকার এক বিবৃতির মাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছে। সরকার জানিয়েছে, এ ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সরকার এ কথা জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, সহিংসতার ফলে প্রাণহানি সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং অত্যন্ত দুঃখজনক। জাতীয় নির্বাচন আর মাত্র দুই সপ্তাহ দূরে থাকাকালে সরকার বিএনপি ও জামায়াতে ইসলামসহ সকল রাজনৈতিক দলের প্রতি দায়িত্বশীল নেতৃত্ব প্রদর্শন এবং তাদের সমর্থকদের মধ্যে সংযম নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণহানির কোনো স্থান নেই।
শেরপুরে সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে সরকার বলেছে, এ ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে জেলার সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এছাড়া সব রাজনৈতিক দল, নেতা এবং নির্বাচনী প্রচারণায় যুক্ত সকলের প্রতি শান্তি বজায় রাখা, আইনের শাসনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং শান্তিপূর্ণ ও গঠনমূলক উপায়ে ভোটারদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়েছে, শান্ত পরিবেশ, শৃঙ্খলা ও গণতান্ত্রিক আচরণের ওপরই জাতির ভবিষ্যৎ নির্ভরশীল। অন্তর্বর্তীকালীন সরকার একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
২৩ দিন আগে
প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনায় আরও ৯ জন গ্রেপ্তার
জাতীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আরও ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (গণমাধ্যম ও জনসংযোগ) তালেবুর রহমান মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল (সোমবার) পর্যন্ত হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত হিসেবে ৩১ জনকে শনাক্ত করার কথা জানিয়েছে পুলিশ। এর মধ্যে ১৯ জনকে গতকাল গ্রেপ্তার করার কথা পুলিশ জানায়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৩ জন লুটপাট এবং ৪ জন হামলার সঙ্গে জড়িত বলে জানায় পুলিশ। বাকিদের বিষয়ে কিছু জানানো হয়নি। আজ আরও ৯ জনকে গ্রেপ্তারের কথা জানানো হয়।
গত বৃহস্পতিবার রাতে এক দল দুর্বৃত্ত হামলা চালায় প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে। দীর্ঘ সময় ধরে এই হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায় তারা। আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিসের গাড়িকেও বাধা দেয় তারা। ওই রাতে ছায়ানট ভবনেও হামলা ও অগ্নিসংযোগ করা হয়।
গত রবিবার রাতে প্রথম আলো এ ঘটনায় তেজগাঁও থানায় মামলা করেছে। সন্ত্রাসবিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন ও সাইবার সুরক্ষা অধ্যাদেশ, হত্যাচেষ্টাসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলাটি করা হয়। মামলায় অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়।
৬০ দিন আগে
গণতন্ত্রকামী সব মানুষকে ঐকবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের
দেশের শীর্ষ দুটি গণমাধ্যমের ওপর হামলা প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডেইলি স্টার বা প্রথম আলো নয়—আজ আঘাত এসেছে গণতন্ত্রের ওপর। স্বাধীনভাবে চিন্তা করার অধিকার, কথা বলার অধিকার প্রশ্নবিদ্ধ হয়েছে। এখন শুধু সচেতন হলে চলবে না, অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।
সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সম্পাদক পরিষদ ও নোয়াব আয়োজিত ‘মব ভায়োলেন্স’ বা সংঘবদ্ধ সহিংসতাবিরোধী প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘সংবাদপত্রের ওপর হামলা শুধু গণমাধ্যমের ওপর নয়, এটি সরাসরি গণতন্ত্র ও জুলাই বিপ্লবের ওপর আঘাত। এখন শুধু সচেতন হলে চলবে না, অপশক্তির বিরুদ্ধে সক্রিয়ভাবে রুখে দাঁড়াতে হবে।
‘আমি জানি না আমরা এই মুহূর্তে কোন বাংলাদেশে দাঁড়িয়ে আছি। আমার বয়স ৭৮। সারা জীবন সংগ্রাম করেছি একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দেখব বলে। আজ যে বাংলাদেশ দেখছি, এ বাংলাদেশের স্বপ্ন আমি কোনোদিন দেখিনি।’
তিনি বলেন, আমার স্বাধীনভাবে চিন্তা করার যে অধিকার, আমার কথা বলার যে অধিকার তার ওপর আবার আঘাত এসেছে, জুলাই যুদ্ধের ওপর আঘাত এসেছে। জুলাই যুদ্ধ ছিল এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার যুদ্ধ। আজ সেই জায়গায় আঘাত এসেছে। তাই আমার অনুরোধ, কোনো রাজনৈতিক চিন্তা নয়, দল নয়, সব গণতন্ত্রকামী মানুষের এক হওয়ার সময় এসেছে।
বিএনপি মহাসচিব বলেন, আমরা যারা অন্ধকার থেকে আলোতে আসতে চাই, আমরা যারা আমাদের বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে দেখতে চাই, তাদের শুধু সচেতন হলে চলবে না, রুখে দাঁড়াতে হবে। এখন রুখে দাঁড়ানোর সময় এসে গেছে।
তিনি আরও বলেন, আমি আপনাদের আহ্বান জানাবো, এখানে এসে শুধু একাত্মতা ঘোষণা নয়, মানববন্ধন করে সংহতি প্রকাশ করা নয়, আজ সর্বক্ষেত্রে সর্বশক্তি নিয়ে আপনারা যারা বাংলাদেশকে ভালবাসেন তারা সবাই ঐক্যবদ্ধ হন, এই অপশক্তিকে রুখে দিতে হবে।
অনুষ্ঠানে নিউ এজের সম্পাদক নুরুল কবির বলেন, পৃথিবীর সব জায়গায় সংবাদ মাধ্যমের নিজস্ব সম্পাদকীয় নীতি থাকে, সে নীতি পছন্দ না হলে গণমাধ্যমে আগুন লাগিয়ে দেওয়া কোনও গণতন্ত্রিক প্রক্রিয়া নয়।
নোয়াব সভাপতি এ কে আজাদ বলেন, যখন প্রথম আলোতে আগুন দেওয়া হয় তখন মাহফুজ আনাম বুঝতে পেরেছিলেন ডেইলি স্টার ভবনে হামলা হতে পারে। তখন তিনি সরকারের এমন কোনও পর্যায় নেই, যেখানে ডেইলি স্টারের প্রটেকশন দেওয়ার অনুরোধ করেননি। কিন্তু কেউই তার ডাকে সাড়া দেননি। সেদিন যদি আর ১৫ মিনিট আগুন জ্বলত তাহলে নিশ্বাস বন্ধ হয়ে সাংবাদিকরা মারা যেতেন।
তিনি আরও বলেন, আমাদের কণ্ঠকে স্তব্ধ করা যাবে না। সেই লক্ষ্যে সবার মতামতের ভিত্তিতে আমরা সারা বাংলাদেশের সাংবাদিক নিয়ে জানুয়ারির মাঝামাঝি সময়ে আমরা একটা মহা সম্মেলন করবো। সেই মহাসম্মেলন এর মাধ্যমে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। আমার বিশ্বাস, এর মধ্যে সরকার যারা দায়ী, যারা প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানটে আগুন দিয়েছে, উদীচিতে আগুন দিয়েছে, তাদের বিচারের আওতায় আনবে।
প্রতিবাদ সভায় নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত হয়ে মব ভায়োলেন্সের বিরুদ্ধে তাদের শক্ত অবস্থান ব্যক্ত করেন। একই সঙ্গে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা।
৬১ দিন আগে
নাশকতার আশঙ্কা: ভূমি অফিসগুলোতে নিরাপত্তা জোরদারে স্বরাষ্ট্র সচিবকে চিঠি
ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোর নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে।
সম্প্রতি ভূমি মন্ত্রণালয় থেকে পাঠানো ওই চিঠিতে দেশের বিভিন্ন স্থানে সরকারি স্থাপনায় নাশকতামূলক অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে সরকারি স্থাপনাসমূহে দুর্বৃত্তদের দ্বারা নাশকতামূলক অগ্নিসংযোগের ঘটনা লক্ষ করা যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ৬ ডিসেম্বর ভোর সোয়া ৪টার দিকে মুখোশধারী দুর্বৃত্তরা মাগুরা সদর উপজেলা ভূমি অফিসে প্রবেশ করে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ ঘটায়। একই সময়ে মাগুরা সদর সাব-রেজিস্ট্রার অফিসেও আগুন লাগে।
অগ্নিকাণ্ডে উপজেলা ভূমি অফিসের একটি কক্ষে সংরক্ষিত প্রয়োজনীয় কিছু নথিপত্র ও রেজিস্টার, একটি কম্পিউটার, একটি প্রিন্টারসহ টেবিল, চেয়ার, আলমারি ও অন্যান্য আসবাবপত্র পুড়ে যায়। ঘটনাস্থল থেকে একটি পেট্রোলের বোতল, কয়েকটি খালি বোতল ও মাস্ক উদ্ধার করা হয়েছে, যা পুলিশ আলামত হিসেবে জব্দ করেছে।
চিঠিতে আরও বলা হয়, উপজেলা ভূমি অফিস, রাজস্ব সার্কেল ও ইউনিয়ন ভূমি অফিসগুলোতে জনগণের গুরুত্বপূর্ণ ভূমি সংক্রান্ত দলিলপত্র সংরক্ষিত থাকে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভবিষ্যতে এ ধরনের নাশকতামূলক ঘটনার ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এমন পরিস্থিতিতে জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড কক্ষসহ ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠপর্যায়ের সব উপজেলা ভূমি অফিস, রাজস্ব সার্কেল ও ইউনিয়ন ভূমি অফিসে অগ্নিসংযোগসহ যেকোনো ধরনের নাশকতা ও ক্ষয়ক্ষতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং প্রয়োজনীয় সব ধরনের সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা জরুরি বলে উল্লেখ করা হয় ওই চিঠিতে।
এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সব কার্যালয়ের নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠিতে স্বরাষ্ট্র সচিবকে অনুরোধ জানানো হয়েছে।
৬১ দিন আগে
খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের বিভাগীয় প্রধানকে গুলি
খুলনায় দুর্বৃত্তের গুলিতে এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় নেতা আহত হয়েছেন।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে মোতালেব শিকদার (৪২) নামের ওই ব্যক্তির মাথায় গুলি করে দুর্বৃত্তরা।
মোতালেব শিকদার জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও খুলনা বিভাগীয় প্রধান। খুলনা মহানগরীর শেখ পাড়া এলাকার মুসলিম শিকদারের ছেলে তিনি।
আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অনিমেষ মণ্ডল বলেন, গুলিবিদ্ধ হওয়ার পর উপস্থিত জনতা তাকে উদ্ধার করে প্রথমে খুমেক হাসপাতাল নিয়ে যায়। পরে তার মাথার সিটি স্ক্যান করার জন্য সেখান থেকে শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে নিয়ে যাওয়া হয়।
তবে থানার কোন এলাকায় তার ওপর এ হামলার ঘটনা ঘটেছে, তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি। গুলিবিদ্ধ মোতালেবের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
৬১ দিন আগে
বাংলাদেশের অভ্যন্তরীণ উত্তেজনা কমানোর আহ্বান রাশিয়ার
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে একটি অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য বাংলাদেশের অভ্যন্তরীণ উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন।
সোমবার (২২ ডিসেম্বর) ঢাকায় রাশিয়া দূতাবাসে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। এ সময় প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বিদ্যমান উত্তেজনাও যত দ্রুত সম্ভব কমানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে আমরা হস্তক্ষেপ করছি না। তবে বিদ্যমান উত্তেজনা বর্তমান অবস্থা থেকে যেন আর না বাড়ে, সে জন্য একটি সমাধানের পথ খোঁজাই বুদ্ধিমানের কাজ হবে। পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক হওয়া উচিত।
নির্বাচন কমিশনের তফসল ঘোষণাকে স্বাগত জানিয়ে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন।
নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে তিনি জানান, এ বিষয়ে তারা নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং কমিশনের আনুষ্ঠানিক আমন্ত্রণের অপেক্ষায় রয়েছেন।
৬১ দিন আগে
প্রথম আলো-ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার ৯
সম্প্রতি জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার এবং দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার সঙ্গে জড়িত সন্দেহে অন্তত ৯ জন গ্রেপ্তার হয়েছেন। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সোমবার (২২ ডিসেম্বর) সকাল পর্যন্ত তাদের গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে সাতজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন— মো. কাশেম ফারুক, মো. সাইদুর রহমান, রাকিব হোসেন, মো. নাইম, ফয়সাল আহমেদ প্রান্ত, মো. সোহেল রানা এবং মো. শফিকুল ইসলাম।
এছাড়া পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ও গোয়েন্দা পুলিশ আরও দুইজনকে গ্রেপ্তার করেছে। তাদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এদিকে, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রবিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে জানিয়েছেন, সাম্প্রতিক এসব ঘটনায় জড়িত সন্দেহে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ইতোমধ্যে ৩১ জনকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। পাশাপাশি চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনারের বাসভবনের নিকটে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকারীদের মধ্যে তিনজনকে ভিডিও ফুটেজের মাধ্যমে শনাক্ত করা হয়েছে।
গ্রেপ্তার কাশেম ফারুক বগুড়ার আল-জামিয়া আল-ইসলামিয়া কাসেমুল উলুম মাদ্রাসার সাবেক ছাত্র এবং ঢাকার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা। মো. সাইদুর রহমান ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার নোয়াকান্দা গ্রামের বাসিন্দা।
প্রেস উইং জানিয়েছে, শেরপুর জেলার বাসিন্দা গ্রেপ্তার রাকিব হোসেন প্রথম আলো ও ডেইলি স্টারে ভাঙচুর ও অগ্নিসংযোগে সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে ভিডিও ফুটেজে শনাক্ত হয়েছেন। ধ্বংসস্তূপের ছবি তুলে তার আইডি থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়। তিনি তার ফেসবুক আইডি থেকে উসকানিমূলক পোস্টও করেন।
ঢাকার তেজগাঁওয়ের কুনিপাড়া এলাকার বাসিন্দা মো. নাইমকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় এ ঘটনায় লুট হওয়া ৫০ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাইম স্বীকার করেছেন যে তিনি মোট ১ লাখ ২৩ হাজার টাকা লুট করেছেন। লুট করা টাকা দিয়ে তিনি মোহাম্মদপুর থেকে একটি টিভি ও একটি ফ্রিজ কিনেছিলেন, যা ইতোমধ্যে জব্দ করা হয়েছে।
ঢাকার কারওয়ান বাজার রেললাইন এলাকা থেকে গ্রেপ্তার মো. সোহেল রানার বিরুদ্ধে মাদকসহ অন্যান্য আইনে ঢাকার বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে। একই এলাকা থেকে গ্রেপ্তার হওয়া মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে অতীতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুটি মামলা রয়েছে।
গ্রেপ্তার হওয়া অন্যান্যদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
৬১ দিন আগে