জাতীয় সংসদ নির্বাচন
সীমান্ত নিরাপদ রেখে সারা দেশে ৩৭ হাজার বিজিবি মোতায়েন: মহাপরিচালক
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ বাহিনী হিসেবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে অর্পিত সকল দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
সোমবার (৯ ফেব্রুয়ারি) চুয়াডাঙ্গার দামুড়হুদায় অনুষ্ঠিত এক সমন্বয় সভায় তিনি বলেন, ‘ভোটাররা যেন নিরাপদ, শান্তিপূর্ণ ও শঙ্কামুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে।’
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে বিজিবির মহাপরিচালক চুয়াডাঙ্গার দামুড়হুদায় সফর করেন। এ সময় তিনি স্থানীয় সিভিল প্রশাসন, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভায় অংশ নেন।
বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সভায় বিজিবি মহাপরিচালক বলেন, ‘দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত এলাকা সম্পূর্ণ নিরাপদ রেখেই সারা দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্য মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। চুয়াডাঙ্গার দামুড়হুদাসহ সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনি দায়িত্ব পালন করবে।’
তিনি জানান, সারা দেশের ৩০০টি সংসদীয় আসনে ঝুঁকি বিবেচনায় বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির হেলিকপ্টার, কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ), র্যাপিড অ্যাকশন টিম (আরএটি), বিশেষায়িত ক-৯ ডগ স্কোয়াড ইউনিট, ড্রোন এবং বডি-অন ক্যামেরা ব্যবহারের ব্যবস্থাও রাখা হয়েছে।
সমন্বয় সভা শেষে বিজিবির মহাপরিচালক দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজে স্থাপিত নির্বাচনি বেইজক্যাম্পে দায়িত্বরত বিজিবির সকল পর্যায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
সভায় বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, যশোর রিজিয়ন কমান্ডার, কুষ্টিয়া সেক্টর কমান্ডার, চুয়াডাঙ্গা জেলা নির্বাচন কর্মকর্তা, সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন, পুলিশ ও র্যাবসহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা এবং কুষ্টিয়া সেক্টরের অধীন সকল ব্যাটালিয়নের অধিনায়করা উপস্থিত ছিলেন।
১১ দিন আগে
ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধে সিদ্ধান্তে বিএসআরএফের প্রতিবাদ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করার সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)।
সোমবার (৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বিএসআরএফের সভাপতি মাসউদুল হক ও সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল বলেন, একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচনের জন্য জাতি দীর্ঘদিন অপেক্ষা করেছে। কিন্তু নির্বাচন কমিশন হঠাৎ মোবাইল ফোন নিষিদ্ধ করে সাধারণ মানুষকে নির্বাচনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণসহ গণমাধ্যম কর্মীদেরও পেশাদারত্বে বাধা সৃষ্টি করছে।
গণতান্ত্রিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলো সংবাদমাধ্যম। এ ধরনের কর্মকাণ্ড বা বিধিনিষেধ গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং আইনের শাসনের সম্পূর্ণ পরিপন্থী বলে মনে করে বিএসআরএফ ।
সংগঠনটি আরও বলেছে, নির্বাচন কমিশনের অনাকাঙ্ক্ষিত বিধিনিষেধ সাধারণ মানুষের স্বার্থের পরিপন্থী। ইসিকে তাদের এ ধরনের সিদ্ধান্ত থেকে সরে এসে একটি উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বিএসআরএফ। একই সঙ্গে আসন্ন নির্বাচনে গণমাধ্যম কর্মীদের অবাধে কাজ করার সুযোগ প্রদানে অনুরোধ জানানো হয়েছে।
এর আগে, গতকাল রবিবার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. শহিদুল ইসলামের সই করা এক নির্দেশনায় বলা হয়, আসন্ন গণভোট ও সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করা যাবে না।
নির্দেশনা অনুযায়ী, ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে প্রিসাইডিং কির্মকর্তাসহ নির্দিষ্ট ৩ শ্রেণির কর্মকর্তা ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। ওই ব্যক্তিরা হলেন— ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা, ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ এবং ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী আনসার বা ভিডিপির দুই সদস্য। এই নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইসির সংশ্লিষ্ট শাখা থেকে জানা গেছে, নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করা এবং কেন্দ্র থেকে তাৎক্ষণিক কোনো তথ্য বা ছবি আদান-প্রদান বন্ধ করতেই এই কড়াকড়ি আরোপ করা হয়েছে। তবে নির্বাচনের মাঠে দায়িত্বরত আনসার সদস্যরা নির্দিষ্ট অ্যাপ ব্যবহারের মাধ্যমে নিরাপত্তা পর্যবেক্ষণ করবেন বলে তাদের জন্য এই নিয়ম শিথিল করা হয়েছে।
নির্দেশনার ফলে ভোটগ্রহণের দিন ভোটকেন্দ্রের ৪০০ গজের পরিসীমার মধ্যে প্রার্থী বা সাংবাদিকদেরও মোবাইল ফোন বহন বা ব্যবহার করার অনুমতি থাকছে না।
চিঠিতে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার, ৬৪ জেলার জেলা প্রশাসক এবং ঢাকা, চট্টগ্রাম ও খুলনা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাসহ মোট ৬৯ জন রিটার্নিং কর্মকর্তা সিদ্ধান্তটির যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে বলা হয়েছে।
আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে। সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ হবে। এবার ৬৪ জেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজারের বেশি; মোট ভোটকক্ষের সংখ্যা প্রায় আড়াই লাখ।
সংসদ নির্বাচনের ভোটগ্রহণের পাশাপাশি ওই দিন একযোগে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ’ নিয়েও গণভোট অনুষ্ঠিত হবে।
১২ দিন আগে
ফরিদপুরের বিভিন্ন ভোটকেন্দ্রে যাচ্ছে ব্যালট পেপার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের ব্যালট পেপার ও গণভোটের ব্যালট হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করেছে ফরিদপুর জেলা রিটানিং কর্মকর্তার কার্যালয়।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে শুরু হয় এ কার্যক্রম। ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাসের তত্ত্বাবধানে কঠোর নিরাপত্তা ও নির্ধারিত বিধিবিধান মেনে সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার প্রতিনিধির কাছে এ ব্যালট পেপার হস্তান্তর করা হয়।
ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস জানান, কেন্দ্রীয়ভাবে ছাপানো ব্যালট পেপার প্রথমে জেলা প্রশাসকের তত্ত্বাবধানে সংরক্ষণ করা হয়। এরপর আজ পুলিশ ও আনসার বাহিনীর নিরাপত্তায় ব্যালট পেপার উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে হস্তান্তর করা হয়।
তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ব্যালটগুলো বুঝে নেন ফরিদপুরের চারটি সংসদীয় আসনের ৯ উপজেলার সহকারী কমিশনার (ভূমি)।
তিনি আরও জানান, নির্বাচনের আগের দিন সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে।
এ সরকারি কর্মকর্তা বলেন, পুরো প্রক্রিয়া নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সম্পন্ন হচ্ছে। ব্যালট পেপার হস্তান্তরের প্রতিটি ধাপেই নিরাপত্তা ও স্বচ্ছতার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। কোনো ধরনের অনিয়ম রোধে সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে।
এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান মোল্লা বলেন, ‘ব্যালট পেপার হস্তান্তর একটি সংবেদনশীল প্রক্রিয়া। তাই আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করছি।’
ফরিদপুরের চারটি সংসদীয় আসনে এবারে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২৮ জন প্রার্থী। এ জেলায় মোট ভোটার ১৭ লাখ ৭১ হাজার ৯২৩ জন।
১২ দিন আগে
নানা চ্যালেঞ্জের মধ্যেও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি: সিইসি নাসির
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নানা চ্যালেঞ্জ সত্ত্বেও স্বল্প সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (৯ আগস্ট) রংপুর আঞ্চলিক কার্যালয়ে জাতীয় নির্বাচন নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, ‘নির্বাচনী ব্যবস্থায় জনগণের আস্থা পুনঃস্থাপন এখন বড় চ্যালেঞ্জ। মানুষ এই ব্যবস্থার প্রতি আস্থা হারিয়েছে। তাদের আবার ভোটকেন্দ্রে ফিরিয়ে আনা বড় কাজ হবে।
তিনি জানান, শিগগিরই নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার সম্ভাবনা নেই। ‘তফসিল ঘোষণার দুই মাস আগে ভোটের তারিখ জানিয়ে দেওয়া হবে,’ যোগ করেন তিনি।
আরও পড়ুন: সিইসি ও ইসি নিয়োগে হবে বাছাই কমিটি: আলী রীয়াজ
নাসির উদ্দিন জোর দিয়ে বলেন, জাতীয় নির্বাচনে ইসি কোনো দল বা গোষ্ঠীর পক্ষে বা বিপক্ষে কাজ করবে না।
‘আমরা দেশের ১৮ কোটি মানুষের পক্ষ থেকে কাজ করব। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা ইসি প্রতিহত করার চেষ্টা করছে,’ বলেন তিনি।
ভোটাধিকার প্রয়োগে সবাইকে আহ্বান জানিয়ে সিইসি বলেন, ভোট দেওয়া শুধু নাগরিক দায়িত্ব নয়, এটি নৈতিক দায়িত্বও।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছভাবে আয়োজনের জন্য ইসি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান সিইসি।
১৯৬ দিন আগে
নির্বাচনের জন্য বরাদ্দ তহবিল ব্যবহারে সরকার প্রস্তুত: অর্থ উপদেষ্টা
আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য আগেই যে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছিল, সেটা ব্যবহারে সরকার প্রস্তুত বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (১ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: জাতিসংঘ মিশনে শান্তিরক্ষার দায়িত্ব পালন একটি নিয়মিত চ্যালেঞ্জ: সালেহউদ্দিন
বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আগামী জাতীয় সংসদ নির্বাচনের অর্থ বরাদ্দের বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, ‘নির্বাচনের জন্য অর্থের যে বরাদ্দ দেওয়া হয়েছিল, সেখানে আমরা কোনো কার্পণ্য করব না।’
বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডেলিংয়ের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ডিএপি, ইউরিয়া সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এলএনজির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এলএনজি এলে আমরা হয় তো সারের সরবরাহ বাড়াতে পারবো। রংপুরে ৩০টি স্কুল রিনোভেট করার বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে।
২৩৫ দিন আগে
মির্জা ফখরুলের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
সোমবার (১৬ জুন) সকালে ১০টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রায় ১ ঘণ্টার বেশি সময় বৈঠক করেন তারা। বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
আরও পড়ুন: ইউনূস-তারেকের বৈঠক নির্বাচনের পথ প্রশস্ত করেছে: মির্জা ফখরুল
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
২৫০ দিন আগে
ইউনূস-তারেক বৈঠক: নির্বাচনী প্রস্তুতিতে গতি এনেছে বিএনপি
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে লন্ডনে অনুষ্ঠিত বৈঠকের পর আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুরোদমে প্রস্তুতি শুরু করেছে বিএনপি। আগামী বছরের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এই বৈঠকের পরে জাতীয় রাজনীতিতে স্বস্তির বার্তা এসেছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র নেতারা। তারা ইউএনবিকে বলেন, ‘এতে দেশের রাজনৈতিক অঙ্গণে প্রয়োজনীয় স্থিতিশীলতার পথ তৈরি হয়েছে।’
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ইউনূস-তারেক বৈঠকে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা আরও শক্তিশালী হয়েছে, যদিও এটি কিছু রাজনৈতিক দলের ‘অস্বস্তির’ কারণ হয়েছে।
বিএনপি নেতারা মনে করেন, এই বৈঠক নির্বাচন ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা দূর করতে সহায়ক হয়েছে এবং অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপি ও এর মিত্রদের সম্পর্ক উন্নত করেছে।
তাদের বিশ্বাস—সরকার আন্তরিক থাকলে প্রয়োজনীয় সংস্কার, জুলাই সনদ প্রণয়ন এবং গত বছরের জুলাই-আগস্ট গণআন্দোলনে ব্যাপক হত্যাকাণ্ডের ঘটনায় দায়ীদের বিচারের কাজ শুরু করে দ্রুত নির্বাচনসূচি ঘোষণা সম্ভব।
আরও পড়ুন: নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে সরকারের কোনো টানাপোড়েন ছিল না: পরিবেশ উপদেষ্টা
তারেক রহমান শিগগিরই দেশে ফিরে দলকে নেতৃত্ব দেবেন বলে আশা প্রকাশ করছেন দলটির নেতারা। এতে আসন্ন নির্বাচনে বড় জয় নিশ্চিত করতে দলের নেতাকর্মীরাও উজ্জীবিত হবেন বলে মনে করেন তারা।
সরকারের পক্ষ থেকে ২০২৬ সালের এপ্রিল মাসে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দেওয়ার পর বড়া আপত্তি জানিয়েছে বিএনপি। নির্বাচনের সময় এগিয়ে আনার দাবিতে লন্ডনের বৈঠকটি বিশেষ গুরুত্ব বহন করেছে।
বৈঠকের ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করেছেন বিএনপি নেতারা। এখন, নির্বাচনী প্রক্রিয়া নির্বিঘ্নে এগোবেই বলে মনে করছেন তারা।
সরকার ও বিএনপির ঘনিষ্ঠ সূত্র জানায়, অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের এক ঘণ্টা ২০ মিনিটের বৈঠকটি দুই নেতার ব্যক্তিগত প্রতিশ্রুতির পাশাপাশি দুজন সিনিয়র উপদেষ্টা, কয়েকজন সিভিল সোসাইটি সদস্য, বিদেশি কূটনীতিক ও তারেকের ঘনিষ্ঠ এক সহযোগীর সক্রিয় প্রচেষ্টায় সম্ভব হয়েছে।
তারা বলেন, বৈঠকটি বন্ধুত্বপূর্ণ ও সম্মানজনক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে তারেক রহমান এপ্রিলের পরিবর্তে ফেব্রুয়ারিতে নির্বাচন চেয়ে জোর দেন। এতে, অধ্যাপক ইউনূস একমত হয়ে বলেন, রমজানের আগেই নির্বাচন হতে পারে।
তারা বলেন, তারেক রহমান সংস্কার, জুলাই সনদ এবং গণআন্দোলনে নিহতদের বিচার প্রক্রিয়ায় সহযোগিতার ইচ্ছা প্রকাশ করেন। বৈঠকে উভয় নেতাই আন্দোলনে নিহত শিক্ষার্থী ও সাধারণ মানুষের আত্মত্যাগকে সম্মান জানান এবং দেশ পুনর্গঠনের আহ্বান জানান।
সূত্র জানায়, বৈঠকে তারেক রহমান ভবিষ্যতের রূপরেখা তুলে ধরেন। অন্যদিকে, অধ্যাপক ইউনূস পরিষ্কার করে জানান, তার কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নেই, তিনি কেবল সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নির্বাচন নিশ্চিত করতে চান।
বৈঠকে অন্তর্বর্তী সরকারের কিছু অর্থনৈতিক পদক্ষেপের প্রশংসা করে গণতান্ত্রিক রূপান্তরে সহায়তার প্রতিশ্রুতি দেন তারেক রহমান।
বিএনপি স্থায়ী কমিটির একজন সদস্য নিশ্চিত করেছেন, ড. ইউনূসকে তারেক রহমান জানিয়েছেন—নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করলে তার (ড. ইউনূস) অভিজ্ঞতা ও আন্তর্জাতিক সংযোগ কাজে লাগিয়ে দেশ পুনর্গঠনে পরামর্শ নেবে বিএনপি।
বিএনপির ওই নেতা বলেন, ‘নির্বাচনের সময়সূচি অনেকটা চূড়ান্ত হওয়ায় বিএনপি পুরোদমে প্রস্তুতি নেওয়া শুরু করতে যাচ্ছে। ঈদ-উল-আজহার ছুটিতে দলের সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়ে গণসংযোগ করেছেন বলেও জানান তিনি।
তিনি জানান, ‘তারেক রহমান এরইমধ্যে সম্ভাব্য প্রার্থীদের তালিকা তৈরি, তথ্য সংগ্রহ ও নির্বাচনী কৌশল প্রণয়নের কাজ শুরু করেছেন।’
এদিকে, আসন ভাগাভাগি নিয়ে বিএনপি শিগগিরই নাগরিক ঐক্য, জাসদ (রব), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, এলডিপি, গণঅধিকার পরিষদ, গণফোরাম, জাতীয় পিপলস পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট, ১২ দলীয় জোট ও সমমনা জোটের সঙ্গে আলোচনা শুরু করবে।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘এই বৈঠক বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি অনিশ্চয়তা কমিয়েছে এবং সুষ্ঠু নির্বাচনের দরজা খুলে দিয়েছে।’
আরও পড়ুন: ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের বৈঠক মঙ্গলবার
তিনি বলেন, ‘আগে প্রশ্ন ছিল—নির্বাচন আদৌ হবে কি না। কিন্তু এখন দেশ নির্বাচনমুখী। কেউ কেউ সংস্কার বা বিচারের কথা বলছে, কিন্তু সেগুলো নির্বাচন থামাতে পারবে না।’
তিনি আরও বলেন, বিএনপি সব ধরনের প্রস্তুতি নিচ্ছে এবং নির্বাচন কমিশনের সময়সূচি ঘোষণার সঙ্গে সঙ্গেই মনোনয়ন ফরম বিক্রি ও প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া শুরু হবে।
বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য সালাহউদ্দিন আহমেদ এই বৈঠককে ‘ঐতিহাসিক’ এবং ‘গণতন্ত্রের বিজয়’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ অনেকদিন ধরেই একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় ছিল। এখন সেই সম্ভাবনা স্পষ্ট হয়েছে।’
তার মতে, একটি গ্রহণযোগ্য নির্বাচন একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করবে।
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন নিয়ে তারা ঐকমত্যে পৌঁছেছেন। এতে দেশের বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ নিয়ে গুরুত্বসহকারে আলোচনা হয়েছে।’
আরও পড়ুন: নির্বাচন যখনই হোক, ইসিকে প্রস্তুত থাকতে হবে: সিইসি
এদিকে, বিএনপি যুগ্ম মহাসচিব শাহিদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, ‘এই বৈঠক দীর্ঘ রাজনৈতিক অনিশ্চয়তার পরে দেশবাসীর মধ্যে শান্তি ও আশার আলো এনেছে। এখন আমরা সবাই নির্বাচন উৎসবের জন্য প্রস্তুত।’
২৫১ দিন আগে
পরাজয় নিশ্চিত জেনে নির্বাচনে অংশ নেয়নি বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, পরাজয় নিশ্চিত জেনে নির্বাচনে অংশ নেয়নি বিএনপি।
তিনি বলেন, ‘২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নিয়েছিল। তখন তারা কিছু আসন পেয়েছিল। এবার তারা পরাজয় নিশ্চিত জেনে নির্বাচন অংশ নেয়নি। পরে নানান বাহানা, নানান দাবি নিয়ে নির্বাচন বর্জনের কৌশল নিয়েছে তারা।’
আজ রবিবার সকাল সাড়ে ১০টায় ফার্মগেটের মনিপুরী পাড়ার বাচা ইংলিশ মিডিয়াম স্কুলে ভোট দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কখা বলেন।
তিনি আরও বলেন, ‘২০১৪ সালের নির্বাচনে বিএনপি যেমন করে জ্বালাও-পোড়াও করেছে, মানুষ হত্যা করেছে; এবারও তারা একই কাজ করছে। তবে দেশের মানুষ এই নির্যাতন চায় না, বিশৃঙ্খলতা চায় না। তাই তারা আজ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসছেন।’
৭৭৬ দিন আগে
নির্বাচন ২০২৪: সারাদেশে সেনাবাহিনী মোতায়েন
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ (বুধবার) সকালে সারাদেশে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
বুধবার (৩ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, নির্বাচনের আগে, নির্বাচনের সময় ও পরে শান্তি-শৃঙ্খলা রক্ষায় ৩ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে।
সংবিধানের 'ইন এইড টু দ্য সিভিল পাওয়ার' অনুচ্ছেদের ১২৬ অনুচ্ছেদ অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন
অনুষ্ঠানে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হচ্ছে।
আজ সকালে ঢাকার বনানী এলাকায় সেনাবাহিনীর একটি দলকে টহল দিতে দেখা যায়।
সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের অনুরোধে এবং অংশীজনদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এলাকাভিত্তিক মোতায়নের কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।
৬২টি জেলায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য নিয়োগ করা হয়েছে এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এককভাবে ৪৫টি উপজেলায় দায়িত্ব পালন করবে।
আরও পড়ুন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: আগামীকাল থেকে সশস্ত্র বাহিনী মোতায়েন
এছাড়া বিজিবি ও কোস্টগার্ডের সমন্বয়ে সেনাবাহিনী যথাক্রমে ৪৭টি সীমান্তবর্তী উপজেলা ও ৪টি উপকূলীয় উপজেলায় দায়িত্ব পালন করবে।
ভোলা ও বরগুনাসহ উপকূলীয় ১৯টি উপজেলায় নৌবাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন।
বাংলাদেশ বিমান বাহিনী (বিএএফ) পার্বত্য ও প্রত্যন্ত অঞ্চলের ভোটকেন্দ্রে হেলিকপ্টার সহায়তা প্রদান করবে।
এছাড়া নির্বাচনী সহায়তা দেওয়ার জন্য পর্যাপ্ত সংখ্যক বিমান বাহিনীর হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।
সশস্ত্র বাহিনী বিভাগে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সমন্বয়ে একটি সেল গঠন করা হয়েছে। সেলটি ১০ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সহায়তা দিতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে সশস্ত্র বাহিনী।
আরও পড়ুন: নির্বাচন ও থার্টি ফার্স্ট নাইট সামনে রেখে বিজিবির ডগ স্কোয়াড মোতায়েন
৭৮০ দিন আগে
জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঢাবি ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা
জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে জনসমাগম ততই বেড়ে চলেছে।
নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন বিভাগের চূড়ান্ত পরীক্ষা এবার আগেই নেওয়া হয়েছে। ফলে, বেশিরভাগ শিক্ষার্থী হল ত্যাগ করেছেন, করছেন। শুধুমাত্র তারাই আছেন যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন অথবা খণ্ডকালীন চাকরি করছেন।
স্নাতকোত্তরের শিক্ষার্থী মোকছেদুর রহমান পলাশ নির্জন ক্যাম্পাস দেখে বিস্ময় প্রকাশ করে বলেন, এরকমটা শুধু ঈদের ছুটিতেই দেখা যায়। ক্যাম্পাসে আসার পর থেকে এরকম খালি ক্যাম্পাস এর আগে দেখিনি।
তিনি ২০১৮ সালের জাতীয় নির্বাচনের কথা স্মরণ করে বলেন, ক্যাম্পাস তখন অনেক বেশি প্রাণবন্ত ছিল।
আরও পড়ুন: ঢাবি ছাত্রদলের সভাপতিসহ ১১ জনের রিমান্ড
ক্যাম্পাস এভাবে খালি হওয়ায় বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে যেসব ব্যবসা গড়ে উঠেছে সেগুলোতে বেশ প্রভাব পড়ছে। শিক্ষার্থীদের উপস্থিতি কমে যাওয়ায় বেশ কয়েকটি হলের ক্যান্টিন ও দোকানপাট বন্ধ রয়েছে।
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের একটি দোকানের মালিক আরিফ উদ্দিন জানুয়ারির শুরুতেই দোকান বন্ধ করে চাঁদপুরে ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ক্যান্টিন ম্যানেজার ডালিম সরকার বলেন, ‘শিক্ষার্থী সংখ্যা অস্বাভাবিক হারে কমেছে। আমরা সাধারণত ৭০০ থেকে ৭৫০ জন শিক্ষার্থীর জন্য খাবার প্রস্তুত করি। এখন, তা ৩০০-এর আশেপাশে নেমেছে।’
তিনিও ভোট দিতে চাঁদপুরে যাওয়ার পরিকল্পনা করছেন।
জিয়াউর রহমান হলের শিক্ষার্থী রাজু শেখ ভালো মানের খাবারের জন্য নির্ভর করা নতুন ক্যান্টিনটি বন্ধ হয়ে যাওয়া এবং পুরনো ক্যান্টিনে নির্ভর করর চ্যালেঞ্জের কথা জানান। তিনি বলেন, অধিকাংশ দোকানপাট বন্ধ হয়ে গেছে। এমনকি চায়ের স্টল পাওয়াও কঠিন হয়ে দাঁড়াচ্ছে।
আরও পড়ুন: ঢাবি ছাত্রলীগের হামলায় ছাত্র ইউনিয়নের ৪ নেতা-কর্মী আহত
৭৮২ দিন আগে