ভোটকেন্দ্র
ভোটকেন্দ্রে ঢুকে ভোট চাওয়ায় কুষ্টিয়া বিএনপির সভাপতি আটক
ভোটকেন্দ্রে ঢুকে ভোটারদের কাছে সরাসরি ভোট প্রার্থনা করায় কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি আমজাদ হোসেনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের হোগলবাড়িয়া ইউনিয়নের গাছের দিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আমজাদ হোসেন ভোটকেন্দ্রের ভেতরে ভোটারদের কাছে সরাসরি ভোট প্রার্থনা করছিলেন, যা নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযুক্তকে আটক করেন।
ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেম মো. নাসিম বলেন, নির্বাচনি আইন অমান্য করে কেন্দ্রের ভেতরে প্রচারণা চালানোর অভিযোগে আমজাদ হোসেনকে আটক করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করা হয়।
উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও অনিন্দ্য গুহ জানিয়েছেন, আটক ওই বিএনপি নেতাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের হেফাজতে রাখা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যাবস্থা নেওয়া হচ্ছে।
৯ দিন আগে
ভোটকেন্দ্রে উচ্ছৃঙ্খল আচরণের দায়ে প্রবাসীকে ৫ দিনের কারাদণ্ড
হবিগঞ্জ-১ আসনের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তার সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ ও ব্যালট পেপার ছেঁড়ার অভিযোগে গোলাম রসুল রাসেল নামের এক ইংল্যান্ডপ্রবাসীকে ৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত ব্যক্তি ধানের শীষের সমর্থক এবং তার পিতা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আজ বেলা ১১টার দিকে গোলাম রসুল ওই কেন্দ্রে গিয়ে হৈচৈ শুরু করেন। তাকে শান্ত করার চেষ্টা করা হলে তিনি ব্যালট পেপার ছিঁড়ে ফেলেন।
পরে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে ৫ দিনের কারাদণ্ড দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রুহুল আমিন।
৯ দিন আগে
ভোলায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ব্যালট ছিনতাই, আটক ১
ভোলা-১ (সদর) আসনের আলীনগর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের মাঠে ককটেল বিস্ফোরণ করে ব্যালট পেপার ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় দেড় ঘণ্টা ওই কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ ছিল।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঘনটাস্থল থেকে জামায়াতে ইসলামীর এক কর্মীকে আটক করা হয়েছে।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. ওমর ফারুক জানান, দুপুর সোয়া ১২টার দিকে একদল গুন্ডা লোক বোমা ফাটিয়ে কেন্দ্রের মধ্যে প্রবেশ করে কেন্দ্রের দায়িত্বরত অনেককে হেনস্তা করেছে। এ সময় তারা ৫৬টি ব্যালট পেপার ছিনিয়ে নেয় এবং ৭৬টি উল্টাপাল্টা সিল মেরে রেখে যায়। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় সে সময় থেকে কিছু সময়ের জন্য ভোটগ্রহণ বন্ধ রাখা হয়।
এ খবর পেয়ে কেন্দ্রে ছুটে যান সংসদ সদস্য প্রার্থী বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামানের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি শান্ত হওয়ার পর দুপুর ২টার পর পুনরায় ভোট গ্রহণ শুরু হয়।
৯ দিন আগে
মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রের কাছে ককটেল বিস্ফোরণ, আটক ৬
মুন্সীগঞ্জ-৩ আসনের সদর উপজেলার মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কাছে কয়েক দফা ককটেল বিস্ফোরণ হয়েছে। এতে কিছু সময়ের জন্য কেন্দ্রটির ভোটগ্রহণ বন্ধ ছিল। এসব ঘটনায় সেনাবাহিনীর তৎপরতায় ৬ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোরে প্রথম দফায় ককটেল বিস্ফোরণের পর সকাল সোয়া ১০টার দিকে মোল্লাকান্দির মহেশপুর থেকে নাহিদ নামের একজনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে ১টি আগ্নেয়াস্ত্র ও ২০টি ককটেল উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া সেনাবাহিনীর ক্যাপ্টেন জুবায়ের আহমেদ অর্ণব জানান, প্রথমে সকাল সোয়া ১০টার দিকে এক যুবককে আটক করা হয়। এরপর দুপুর ১২টার দিকে আবারও দুই দফা ককটেল বিস্ফোরণ হয়। খবর পেয়ে কিছুটা দূরে থাকা সেনা সদস্যরা ছুটে আসেন। সেনাবাহিনী দেখে দৌড়ে পালানোর চেষ্টাকালে ধাওয়া দিয়ে আরও ৫ জনকে আটক করা হয়। পরে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে সেনাবাহিনী।
আটকরা হলেন— রহমত মাঝি (৪২), পারভেজ মাঝি (২৭), মো. কামাল (৩৭), আরশাদ মাঝি ও সালিম মাঝি। আর সকালে আটক হন নাহিদ।
কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা তিতুমীর জানান, সকাল সোয়া ১০টা থেকে আবার কেন্দ্রটিতে ভোট গ্রহণ শুরু হয়। এখনও ভোট গ্রহণ চলছে।
এদিকে ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের শব্দে দৌড়াদৌড়ি শুরু হয়, পরে কেন্দ্রের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী সময়ে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৌঁছালে ৭-৮ মিনিট পর ফটক খুলে দেওয়া হয়।
পুলিশ জানায়, ‘ফুটবল’ ও ‘ধানের শীষ’ সমর্থকদের মধ্যে কেন্দ্রের আধিপত্য বিস্তার নিয়ে এই বিস্ফোরণ ঘটে।
খবর শুনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী ও পুলিশ সুপার মো মেনহাজুল আলম ঘটনাস্থাল পরিদর্শন করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন আলী জানান, কেন্দ্রটিতে আইনশৃঙ্খলা জোরদার করা হয়েছে।
৯ দিন আগে
অবাধ ও সুষ্ঠু ভোটের আশা সেনাপ্রধানের, ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের বিজ্ঞান ভবনে ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সেনাপ্রধান বলেন, ‘আজকে আমাদের জাতির জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, আনন্দের দিন। আমরা গত দেড় বছর এ দিনটার অপেক্ষায় ছিলাম। আজকে আলহামদুলিল্লাহ নির্বাচন হচ্ছে।’
তিনি জানান, সকাল থেকেই সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে এবং ভোটগ্রহণের জন্য অনুকূল পরিস্থিতি বজায় রয়েছে।
জেনারেল ওয়াকার-উজ-জামান আরও বলেন, ‘আমি সকালে খবর নিয়েছি, সারা বাংলাদেশে কোথায় কী ঘটছে। আমার কাছে যে খবর, অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে।
এ সময় ভোটারদের উদ্দেশে তিনি বলেন, এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। সবাই নির্ভয়ে বাসা থেকে বের হয়ে পোলিং স্টেশনে গিয়ে ভোট দিন।
গণমাধ্যমকর্মীদের প্রশংসা করে সেনাপ্রধান বলেন, ‘যারা ভোট দিতে পারছেন না মিডিয়ার লোকজন আপনারা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করছেন। সারা দেশের পরিস্থিতি জনগণকে জানাচ্ছেন। জনগণ আশ্বস্ত হচ্ছেন। তারা ভোট দিতে যাচ্ছেন। ভোট দেওয়ার জন্য উৎসাহী হচ্ছেন।’
সেনাপ্রধান আশা প্রকাশ করেন, নির্বাচন সফলভাবে সম্পন্ন হবে। তিনি বলেন ‘ইনশাআল্লাহ, আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে সক্ষম হব।’
৯ দিন আগে
চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্রের সামনে টাকাসহ জামায়াত সভাপতি আটক
চুয়াডাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে জামায়াতের সভাপতি মো. শরীফকে ভোটকেন্দ্রের সামনে থেকে নগদ ৭৯ হাজার টাকাসহ আটক করা হয়েছে। ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে তাকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হওয়া অর্থ জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে শহরের হাসপাতাল রোডের রিজিয়া খাতুন প্রভাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
আটক মো. শরীফ পৌর এলাকার গুলশান পাড়ার বাসিন্দা।
স্থানীয়রা জানান, ভোটগ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণ পর কেন্দ্রের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন মো. শরীফ (৫০)। তিনি কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলছিলেন এবং নগদ টাকা দিচ্ছিলেন। বিষয়টি নজরে এলে স্থানীয়রা তাকে আটক করে কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশের কাছে সোপর্দ করেন। পরে তার কাছে থাকা নগদ ৭৯ হাজার টাকা জব্দ করা হয়।
প্রত্যক্ষদর্শী পারভেজ খান বলেন, ‘জামায়াত নেতা শরীফ ভোটারদের নগদ টাকা বিতরণ করছিলেন। আমরা নিজের চোখে বিষয়টি দেখেছি।’
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন নেজারত শাখার ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দীন আল আজাদ। তিনি বলেন, ‘জামায়াতের ওয়ার্ড সভাপতি মো. শরীফ নামে একজনকে নগদ ৭৯ হাজার টাকাসহ কেন্দ্রের সামনে থেকে আটক করা হয়েছে। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সকাল ১০টার দিকে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফকে আটক করেন। তার কাছ থেকে উদ্ধার হওয়া ৭৯ হাজার টাকা জব্দ করা হয়েছে। আটক হওয়া ব্যক্তি বর্তমানে চুয়াডাঙ্গা হাজতে রয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ বিষয়ে রিজিয়া খাতুন প্রভাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা আব্দুস সবুর বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি। তবে এটি আমার কেন্দ্রের বাইরে ঘটেছে।’
এই ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
৯ দিন আগে
সিলেটে কোথাও কেন্দ্রের সামনে ভোটারদের দীর্ঘ লাইন, কোথাও ফাঁকা
সিলেটে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। সিলেট নগরের অনেক কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। আবার কোনো কোনো ভোটকেন্দ্র অনেকটাই ফাঁকা দেখা গেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে নগরের সারদা হল কেন্দ্রে গিয়ে দেখা যায় ভোটারদের দীর্ঘ লাইন। পুরুষের চেয়ে নারী ভোটার বেশি। ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রচুর নারীরাও ভোটের লাইনে দাঁড়িয়েছেন।
তবে সকাল সাড়ে ৯ টার দিকে নগরের মদন মোহন কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্র অনেকটাই ফাঁকা। দুই একজন করে ভোটাররা এসে ভোট দিচ্ছেন।
এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জানান, এখানে ২ হাজার ৯৩৩ জন ভোটার রয়েছেন। প্রথম ২ ঘণ্টায় ১৫৪ জন ভোটার ভোট প্রদান করেছেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার সংখ্যা বাড়বে।
ভোটের লাইনে থাকা তোপখানা এলাকার সাথি রানী দাস বলেন, শান্তিপূর্ণভাবে ভোট দিতে সকালেই চলে এসেছি। ভোটের পরিবেশ খুব ভালো।
কাজিরবাজার এলাকার বাসিন্দা শিউলি আক্তার বলেন, সকালে ঝামেলা কম হবে মনে করে এসেছিলাম। এখন দেখি দীর্ঘ লাইন।
সকালে নগরের কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসেছিলেন ৮০ বছরের বৃদ্ধা তৈয়বুন্নেছা। তিনি বলেন, আইডি কার্ড না আনায় প্রথমে ভোট দিতে পারিনি। পরে বাসা থেকে ছেলে আইডি কার্ড নিয়ে আসে। এরপর ভোট দিয়েছি।
সকাল থেকেই শান্তিপূর্ণভাবেই চলছে ভোটগ্রহণ। দুপুর ১২টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সকাল ৮টায় শিবগঞ্জ স্কলার্স হোম কেন্দ্রে ভোট দেন সিলেট-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান। আর ১০ টার কিছু আগে সারদা হল কেন্দ্রে তার ভোট প্রদান করেন বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদীর। তারা দুজনই ভোট নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
এদিকে ভোটার উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, সিলেট অঞ্চলে সাধারণত মানুষ সকালে একটু দেরিতে ভোটকেন্দ্রে আসেন। সেই তুলনায় বিভিন্ন কেন্দ্রে এখন পর্যন্ত যে ভোটের হার দেখা গেছে, তা মোটামুটি সন্তোষজনক। দিন শেষে ৫০–৬০ শতাংশের বেশি হতে পারে বলে তিনি মনে করছেন।
বেলা ১১টা পর্যন্ত কোথাও ১০ শতাংশ, কোথাও ১২ বা ১৫ শতাংশ, আবার কোনো কোনো কেন্দ্রে ১৭ শতাংশ পর্যন্ত ভোট পড়েছে বলে জানান তিনি।
তিনি আশা প্রকাশ করে বলেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরও বাড়বে। এখন পর্যন্ত সামগ্রিক পরিবেশ ভালো রয়েছে বলেও জানান জেলা প্রশাসক। তবে গত রাতে দু-একটি স্থানে সামান্য সমস্যা হলেও তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
প্রার্থী ও ভোটারদের উদ্দেশে সরওয়ার আলম বলেন, নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। সবাইকে সহনশীল আচরণ করতে হবে এবং কোনো ধরনের সহিংসতা বা নির্বাচনী আইন লঙ্ঘন থেকে বিরত থাকতে হবে।
তিনি বলেন, সিলেট জেলার ছয়টি আসনে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, নির্বাচিত হবেন ছয়জন। জনগণ যাকে নির্বাচিত করবেন, সেই ফলাফল সবাইকে মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।
সামগ্রিক ভোটের হার এখনই নির্দিষ্ট করে বলা কঠিন হলেও দিনের শেষে ভালো একটি উপস্থিতি থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন সরওয়ার আলম। তার মতে, সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত ভোট পড়েছে, যা দিন শেষে ৫০ থেকে ৬০ শতাংশের বেশি হতে পারে বলে তিনি মনে করছেন।
৯ দিন আগে
কুষ্টিয়ায় ব্যালট নিয়ে পালানো সময় যুবক আটক, ৩ বছরের কারাদণ্ড
কুষ্টিয়ার মিরপুরে একটি ভোটকেন্দ্রে ব্যালট পেপার বাক্সে না ফেলে চুরি করে পকেটে নিয়ে পালানোর সময় শাহিন মালিথা (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে তাকে ভ্রাম্যমাণ আদালত ৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার তালবাড়িয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত শাহিন উপজেলার নওদা গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম জানান, আজ (বৃহস্পতিবার) সকালে ওই ভোটকেন্দ্রে ব্যালট পেপার বাক্সে না ফেলে সাদা কাগজ ফেলে ওই যুবক পালিয়ে যাচ্ছিলেন। এ সময় তাকে আটক করা হয়। পরে তিনি দোষ স্বীকার করলে দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
সুষ্ঠুভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠানে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান তিনি।
৯ দিন আগে
ফরিদপুর-১: ভোটকেন্দ্রের পাশে বোমাসদৃশ বস্তু উদ্ধার
ফরিদপুর-১ আসনের মধুখালী উপজেলার ডুমাইন বাজারে ভোটকেন্দ্রের পাশে মাংসের দোকানে বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে মধুখালী উপজেলার ডুমাইন বাজারে ভোট কেন্দ্রের পাশে মাংসের দোকান থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির মো. তাইজুর রহমান বলেন, এটি বোমা নয়। তবে বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে। তবে এটি মারাত্মক কিছু নয়।
তিনি আরও বলেন, বোমা সাদৃশ্য বস্তুটি ব্যাটারি ও তার প্যাচানো অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, জনমনে আতঙ্ক ছড়াতে দুষ্কৃতকারীরা এ ঘটনা ঘটিয়েছে।
৯ দিন আগে
ঝিনাইদহে ভোটারদের দীর্ঘ লাইন, এক কেন্দ্রে ২ ঘণ্টায় পড়েছে ১৪০০ ভোট
ঝিনাইদহে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। শুরু থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কেন্দ্রগুলোর সামনে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে জেলার বিভিন্ন কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। ঝিনাইদহ পৌরসভার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে নারী-পুরুষ ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।
শহরের প্রবাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল থেকেই নারী ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়ে। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জাফরান কবির জানান, এ কেন্দ্রে মোট ভোটার ৫ হাজার ৭৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ হাজার ৬১০ জন এবং নারী ভোটার ৩ হাজার ১৭০ জন।
তিনি জানান, ভোট শুরুর ২ ঘণ্টা ১০ মিনিটের মধ্যেই প্রায় ১ হাজার ৪০০ ভোট পড়েছে।
কেন্দ্রের বাইরে তখনও শত শত ভোটারকে লাইনে অপেক্ষা করতে দেখা যায়।
এছাড়া শহরের সিটি কলেজ, কেশব চন্দ্র মহাবিদ্যালয়, আব্দুর রকিব মাধ্যমিক বিদ্যালয় ও উজির আলী ভোটকেন্দ্রেও ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ করা গেছে। তরুণ ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
প্রতিটি ভোট কক্ষে বিএনপি ও জামাতের পোলিং এজেন্টদের দেখা গেছে। তবে অন্যান্য প্রার্থীদের পোলিং এজেন্ট ছিল না।
সকাল সাড়ে ৭টায় কেশব চন্দ্র মহাবিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ এবং পুলিশ সুপার মাহফুজ আফজাল। তারা ভোটগ্রহণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসউদ জানান, সকাল থেকেই জেলার সর্বত্র শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি ও গোয়েন্দা সংস্থার সদস্যদের তৎপর উপস্থিতিতে কেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঝিনাইদহে নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
৯ দিন আগে