লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী
রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের সঙ্গে জড়িত হলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কোস্ট গার্ড অথবা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কোনো ব্যক্তি, দল বা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের সঙ্গে জড়িত হলে সংশ্লিষ্ট সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ড সদরদপ্তরে আয়োজিত ‘বাংলাদেশ কোস্ট গার্ড পদক প্রদান, ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের ক্ষেত্রে কোস্ট গার্ড বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরপেক্ষতার প্রশ্নে সরকার বিন্দুমাত্র শৈথিল্য দেখাবে না।
তিনি বলেন, নির্বাচনে যারা নীতিবিবর্জিত কাজ করবে, লোভের বশবর্তী হয়ে অন্যায় কাজ করবে, দায়িত্ব এড়িয়ে চলবে, দায়িত্ব অবহেলা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
কোস্ট গার্ড সদস্যদের অবদান তুলে ধরে উপদেষ্টা বলেন, উপকূলীয় এলাকা ও অভ্যন্তরীণ নৌপথে নিরাপত্তা নিশ্চিতকরণ, অবৈধভাবে মৎস্য আহরণ প্রতিরোধ, অস্ত্র ও মাদক চোরাচালান, মানবপাচার, ডাকাতি ও জলদস্যুতা দমনে কোস্ট গার্ড সাহসিকতার সঙ্গে কাজ করছে। পাশাপাশি নিয়মিত টহল কার্যক্রমের মাধ্যমে দুর্ঘটনাকবলিত নৌযান ও নাবিকদের উদ্ধার কার্যক্রমও সফলভাবে পরিচালনা করছে বাহিনীটি।
প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কোস্ট গার্ডের ভূমিকার প্রশংসা করে উপদেষ্টা বলেন, ঘূর্ণিঝড়, বন্যা ও অন্যান্য দুর্যোগে উপকূলীয় জনগণকে সচেতন করা, উদ্ধার ও ত্রাণ বিতরণ, শীতবস্ত্র ও লাইফ জ্যাকেট বিতরণ এবং রোহিঙ্গা সংকট নিরসন কার্যক্রমে কোস্ট গার্ডের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।
সীমান্তবর্তী নদী এলাকায় নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে মানবপাচার, অস্ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধের পাশাপাশি কোস্ট গার্ড আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ অবদানের স্বীকৃতিস্বরূপ যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ বাহিনীটির প্রশংসা করেছে এবং যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
আসন্ন ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ডের ৩ হাজার ৫৮৫ জন সদস্যসহ সারাদেশে প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এরই অংশ হিসেবে বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় ইতোমধ্যে ১০০টি প্লাটুন মোতায়েন করা হয়েছে।
এ সময় দুর্নীতিকে রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু উল্লেখ করে উপদেষ্টা বলেন, দুর্নীতি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ভেতর থেকে ক্ষয় করে এবং জনগণের আস্থা ধ্বংস করে দেয়।
অনুষ্ঠানে দায়িত্ব পালনে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ৪০ জন কোস্ট গার্ড সদস্যদের পদক প্রদান করা হয়। কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি।
১৮ দিন আগে
অবৈধ বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি সরকারের
অবৈধভাবে বিদেশিদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রবিবার বড়দিন ও থার্টিফার্স্ট নাইটের আইনশৃঙ্খলা নিয়ে আয়োজিত সভার শেষে উপদেষ্টা সাংবাদিকদের এ কথা জানান।
উপদেষ্টা বলেন, অবৈধ বিদেশিদের বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হবে।
আরেক প্রশ্নে তিনি বলেন, বাংলাদেশ কতজন অবৈধ বিদেশি রয়েছেন সে বিষয়ে এই মুহূর্তে কোনো তথ্য নেই।
আরও পড়ুন: বাংলাদেশে নয়, ভারতে শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ কোনোভাবেই বরদাশত করা হবে না।
সীমান্তে এক ধরনের উত্তেজনা বিষয়ে উপদেষ্টা বলেন, ‘সীমান্তে আমরা সতর্ক আছি। শুধু সিলেট নয়, বেনাপোল ও অন্যান্য স্থানেও তারা (বিজিবি) সতর্ক রয়েছে। আপনারা সত্যি খবরটা প্রকাশ করেন, যারা মিথ্যা খবর প্রচার করে ওদের মুখে চুনকালি পড়বে।’
সীমান্তে উত্তেজনা দু'দেশের রাজনীতিতে আবার নেতিবাচক প্রভাব ফেলবে কি না- এ বিষয়ে তিনি বলেন, 'এখানে কোনো নেতিবাচক মোড় নেবে না। এছাড়া বর্ডারে ওই রকম বড় ধরনের কিছু ঘটেনি। পরশুদিন আপনারাই পত্রিকায় লিখেছেন, আমাদের একজন গরু আনতে গিয়ে বিজিবির গুলিতে নিহত। ওদিকে যার যার দেশের মধ্যে মিছিল করেছে।'
ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসছেন- এ বিষয়ে উপদেষ্টা বলেন, 'সচিব আসছেন, সচিব পর্যায়ে আলোচনা হবে।'
পররাষ্ট্র সচিবের এই সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্কে স্থিতিশীলতা ফিরবে কি না-জানতে চাইলে উপদেষ্টা বলেন, 'আমার বাসায় আপনি যখন আসছেন, তখন সম্পর্ক অটোমেটিকই একটু অন্যরকম থাকে। ভালো হতে থাকে নাকি? এটাই তো স্বাভাবিক।'
সরকারের চার মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা উন্নতি হয়েছে- প্রশ্নের জবাবে উপদেষ্টা উল্টো প্রশ্ন করেন, 'আপনারাই বলেন উন্নতি হয়েছে কি হয়নি?'
আরও পড়ুন: ভারতের মিডিয়া বাংলাদেশ নিয়ে ব্যাপক অপপ্রচার-মিথ্যা প্রচারণা চালাচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৪০ দিন আগে
কৃষিতে উৎপাদন বাড়াতে হবে: কৃষি উপদেষ্টা
কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘কৃষিতে উৎপাদন বাড়াতে হবে। উৎপাদন বাড়াতে গুণগত বীজ সরবরাহ করতে হবে। যে বীজ কৃষকের কাছে যায় সেগুলো যেন গুণগত মানসম্পন্ন হয়। বীজের মান ভালো না হলে ফসল ভালো হবে না।’
বুধবার (২১ আগস্ট) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের অধীন দপ্তর বা সংস্থা প্রধানদের সঙ্গে মত বিনিময়কালে এ কথা বলেন কৃষি উপদেষ্টা।
সার প্রসঙ্গে কৃষি উপদেষ্টা বলেন, ‘সারের কোনো সমস্যা নেই। কৃষকের কাছে সারটা যেন সময় মতো পৌঁছায় এটা নিশ্চিত করতে হবে। সাপ্লাই চেইন ঠিক রাখতে হবে।’
আরও পড়ুন: খুলনায় সাবেক মেয়র আব্দুল খালেকসহ ১৩৫ জনের বিরুদ্ধে মামলা
উৎপাদন বাড়াতে বীজ ও সারের পাশাপাশি কৃষিতে যান্ত্রিকীকরণ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘যান্ত্রিকীকরণের ক্ষেত্রে কৃষকদের কর্মসংস্থানের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনায় রাখতে হবে।’
উপদেষ্টা কৃষি মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থার মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে থেকে কৃষকদের সেবা নিশ্চিত করতে নির্দেশ দেন।
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে উপদেষ্টা বলেন, ‘দুর্নীতিকে কোনো ধরনের প্রশ্রয় দেওয়া হবে না। কোনো দুর্নীতিবাজের জন্য কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। কৃষকরা দুর্নীতির কারণে বঞ্চিত হচ্ছে। মধ্যস্বত্ত্বভোগী ও অসাধু শ্রেণির জন্য কৃষক দাম পায় না। ছাত্র-জনতার আন্দোলন শুধু কোটাবিরোধী আন্দোলন নয়। এটা দুর্নীতির বিরুদ্ধেও আন্দোলন।’
আরও পড়ুন: চাঁদপুরে দীপু মনিসহ ৬২৪ জনের বিরুদ্ধে মামলা
৫৪৯ দিন আগে