সাংবাদিক
এরদোয়ানকে অপমান করার অভিযোগে তুরস্কে ডয়চে ভেলের সাংবাদিক গ্রেপ্তার
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে অপমান করার অভিযোগে জার্মান সম্প্রচারমাধ্যম ডয়চে ভেলের অনুসন্ধানী সাংবাদিক আলিজান উলুদাগকে গ্রেপ্তার করেছে তুরস্ক সরকার। ওই অভিযোগ একটি মামলা দায়ের হওয়ার পর তাকে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) গভীর রাতে উলুদাগকে তার আঙ্কারার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
আলিজান উলুদাগগ ডয়চে ভেলের তুর্কি সার্ভিসে কাজ করেন। তার বিরুদ্ধে এক্সে করা পোস্টের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ আনা হয়েছে।
বিচারব্যবস্থা ও দুর্নীতির মামলার ওপর প্রতিবেদনের জন্য পরিচিত এই সাংবাদিককে গ্রেপ্তারের পর ইস্তাম্বুলে নেওয়া হয়। সেখানে প্রসিকিউটররা তার বিরুদ্ধে প্রেসিডেন্ট এরদোয়ানকে অপমান করার অভিযোগ আনেন। এই অপরাধে তার সর্বোচ্চ ৪ বছরের কারাদণ্ড হতে পারে।
তবে উলুদাগ অভিযোগ অস্বীকার করে বলেন, তার পোস্টগুলো ছিল একজন বিচারবিষয়ক সাংবাদিক হিসেবে করা বৈধ সমালোচনা। আদালতের নথি উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে কুমহুরিয়েত পত্রিকা।
তার গ্রেপ্তারের ঘটনায় সংবাদমাধ্যমের স্বাধীনতার পক্ষে কাজ করা সংগঠনগুলো তীব্র নিন্দা জানায়। এটি গণমাধ্যমের স্বাধীনতা ও গণতান্ত্রিক মানদণ্ডের ওপর আঘাত বলে বর্ণনা করেছে তারা।
অন্যদিকে, ডয়চে ভেলের মহাপরিচালক বারবারা মাসিং উলুদাগের মুক্তি দাবি করে এ গ্রেপ্তারকে ‘ভয় দেখানোর উদ্দেশ্যেমূলক পদক্ষেপ’ বলে উল্লেখ করেন।
ইস্তাম্বুলের চাগলায়ান আদালত ভবনের বাইরে সাংবাদিকরা উলুদাগের আটকাদেশের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার মুক্তির দাবি জানান।
সংবাদমাধ্যম বিষয়ক অধিকার সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স তুরস্ককে সাংবাদিকদের জন্য সবচেয়ে দমনমূলক দেশগুলোর একটি বলে উল্লেখ করেছে। সংগঠনটির দাবি, দেশটির অধিকাংশ গণমাধ্যম সরকারি নিয়ন্ত্রণে এবং সাংবাদিকরা প্রায়ই আইনি চাপ বা ভয়ভীতির মুখে পড়েন।
তুর্কি সাংবাদিক ইউনিয়নের তথ্য অনুযায়ী, বর্তমানে অন্তত ১৪ জন সাংবাদিক বা গণমাধ্যমকর্মী দেশটির কারাগারে আছেন।
৯ ঘণ্টা আগে
জাতীয় প্রেসক্লাবের বাথরুম থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার
রাজধানীর তোপখানা রোডে অবস্থিত জাতীয় প্রেসক্লাবের বাথরুম থেকে এক সাংবাদিকের মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানার ঢাকা মেট্রোপলিট্রন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে বাথরুমের দরজা খুলে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সাংবাদিকের নাম আলী মাসুদ। তিনি দৈনিক দিনকালের সাংবাদিক ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, আজ (মঙ্গলবার) সকালে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফোন দিয়ে বিষয়টি জানান। পরে পুলিশ সেখানে গিয়ে ওয়াশরুমের দরজা খুলে ওই সাংবাদিকের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা তিনি স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন। মরদেহ এখন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রয়েছে।
১১ দিন আগে
রাজশাহীতে স্ত্রীর রহস্যজনক মৃত্যু, সাংবাদিক স্বামী আহত
রাজশাহীতে এক সাংবাদিকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সাংবাদিক নিজেও বাসায় আহত অবস্থায় পড়ে ছিলেন। পরে পুলিশ ফায়ার সার্ভিসের সহায়তায় ওই দম্পতিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
নিহত নারীর নাম রওশন আরা (৫৫)। তার স্বামীর নাম গোলাম কিবরিয়া কামাল (৬০)। তিনি কামাল মালিক নামে সাংবাদিকতা করেন। বর্তমানে স্থানীয় দৈনিক রাজশাহী সংবাদের উপসম্পাদক হিসেবে কাজ করছেন। নগরীর হড়গ্রাম বাজার এলাকার একটি বাসায় তিনি ভাড়া থাকেন। কামাল মালিক ডাক বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে নিজ বাসা থেকে ওই দম্পতিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিল্লাল উদ্দিন জানান, রওশন আরাকে তারা মৃত অবস্থায় পেয়েছেন। তার গলায় একটি কাপড় পেচানো ছিল। তবে তার মৃত্যু কীভাবে হয়েছে, সেটি ময়নাতদন্তের পর নিশ্চিত করে বলা যাবে। সাংবাদিক গোলাম কিবরিয়ার হাতে ও পায়ে জখম আছে। তিনি একধরনের রাসায়নিক দ্রব্য পান করেছিলেন। তার অবস্থাও সংকটাপন্ন। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানান এই চিকিৎসক।
পুলিশ জানিয়েছে, তিনতলা বাসার তৃতীয় তলায় ভাড়া থাকেন গোলাম কিবরিয়া। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ বাড়িতে যায়। তাদের বাসার দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে দরজা ভেঙে তাদের বের করা হয়েছে। মেঝেতে রওশন আরা পড়ে ছিলেন। আর বিছানায় আহত অবস্থায় ছিলেন গোলাম কিবরিয়া। পরে দ্রুত ফায়ার সার্ভিসের মাধ্যমে তাদের হাসপাতালে পাঠানো হয়।
দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব বলেন, ঘটনার খবর পেয়ে আমরাও হাসপাতালে যাই। কীভাবে ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে সাংবাদিক কামাল মালিকের অবস্থা সংকটাপন্ন। হাত ও পায়ে জখম আছে। সম্ভবত রগ কেটে গেছে। তাকে আইসিইউতে নেওয়া হচ্ছে।
রাজশাহী নগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, ঘটনাস্থলে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিন বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছে। তারা ঘটনাস্থল পর্যক্ষেণ করেছে। কীভাবে ঘটনা ঘটেছে, সে বিষয়ে তদন্ত চলছে। ওই দম্পতির বাসার দরজা ভেতর থেকে বন্ধ ছিল। যা-ই ঘটুক, তারা নিজেরাই এ ঘটনা ঘটিয়েছেন, এটুকু অনুমান করা যাচ্ছে।
২১ দিন আগে
সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকার জটিলতা সমাধানের আশ্বাস সিইসির
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কাভার করতে সাংবাদিকদের প্রেস কার্ড ও গাড়ির স্টিকার পেতে অনলাইনে আবেদন প্রক্রিয়ার জটিলতা দ্রুত দূর করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় বসে তিনি এ আশ্বাস দেন।
সিইসি বলেন, ‘অনলাইনে সাংবাদিক কার্ড দেওয়ার প্রক্রিয়াটি ইউজার ফ্রেন্ডলি না। এটা আমার নতুন যাত্রা তো, এটা একটা সমস্যা হয়েছে। আপনারা ডিজিটালাইজেশনের বিপক্ষে না, এটা আমরা বুঝি। কিন্তু ইট শুড বি ইউজার ফেন্ডলি। ফার্স্ট টাইম যেহেতু বলছি, নিশ্চয় এটা প্রবলেম হচ্ছে। ইনশাল্লাহ, এটা সমাধান করা হবে।’
নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত ওই বৈঠকে ঢাকা ইউনিয়ন অব জার্নালিস্টস (ডিইউজে), ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) এবং সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বিএসআরএফ নেতারা এই আলোচনায় অংশ নেন।
এ সময় ভোটকেন্দ্রে প্রবেশে সাংবাদিকদের প্রিসাইডিং কর্মকর্তার অনুমতি নেওয়ার প্রয়োজনীয়তা প্রসঙ্গে সিইসি বলেন, ‘প্রিজাইডিং কর্মকর্তাকে এটা জাস্ট অবহিত করা, পারমিশন নিয়ে ঢোকার দরকার নাই।’
সাংবাদিকদের তিনি বলেন, ‘আপনাদের নিরাপত্তার বিষয়টা আমরা সার্কুলার (বিজ্ঞপ্তি) করে নিয়েছি। আমরা ক্লিয়ার দিয়ে দিয়েছি অলরেডি। আমরা আপনাদের কাজটাকে সহজ করতে চাই। আপনারা থাকলে, আপনাদের চোখ থাকলে, আমার জিনিসটার ট্রান্সপারেন্সি (স্বচ্ছতা) বাড়বে। আমরা চাই যে আপনারা দেখুন, পর্যবেক্ষণ করুন।’
সমস্যাটি কমিশন শনাক্ত করেছে উল্লেখ করে সিইসি বলেন, ‘আমি তো সিদ্ধান্ত দিতে পারব না। কমিশন বৈঠকের পর আপনারা দ্রুত সময় সময়ের মধ্যে ইনশল্লাহ সিদ্ধান্ত পেয়ে যাবেন।’
সভায় আরও বক্তব্য দেন ডিইউজে সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশিদ আলম, আরএফইডি সভাপতি কাজী এমাদউদ্দীন (জেবেল), বিজেসি চেয়ারম্যান রেজওয়ানুল হক রাজা ও নির্বাহী মিল্টন আনোয়ার, বিএসআরএফ সভাপতি মাসউদুল হক ও সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ বাদল। বৈঠকটি সঞ্চালনা করেন আরএফইডির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
২৩ দিন আগে
ঝিনাইদহের বিশিষ্ট সাংবাদিক আমিনুর রহমান টুকু আর নেই
বার্তা সংস্থা ইউএনবির জেলা প্রতিনিধি ও ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিনুর রহমান টুকু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
সোমবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার আল-মানার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। স্ত্রী ও চার ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন বিশিষ্ট এই সাংবাদিক।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৪ আগস্ট তিনি ব্রেন স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে ঢাকার আল-মানার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আট দিন চিকিৎসাধীন থাকার পরে ইন্তেকাল করেন তিনি।
আজ (সোমবার) রাতে ঝিনাইদহ উজির আলী হাই স্কুল মাঠে তার জানাজা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি আসিফ কাজল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সাবেক সভাপতি এম রায়হান ও সাইফুল মাবুদসহ অন্যান্য নেতারা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় সাংবাদিক নেতারা বলেন, আমিনুর রহমান টুকু ছিলেন জেলার সাংবাদিকদের অভিভাবক ও সমাজ সচেতন ব্যাক্তি। তার মৃত্যুতে জেলাবাসি একজন সুনাগরিককে হারালো।
আরও পড়ুন: ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ইন্তেকাল করেছেন
সাংবাদিক আমিনুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করে আরেকটি বিবৃতি দিয়েছেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা জামাতের আমের আবু বকর মোঃ শাহজাহান, সেক্রেটারি আব্দুল আউয়াল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আবু হুরায়রা, এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক রহমান ও ঝিনাইদাহ ফোরামের সভাপতি মহাব্বত হোসেন টিপু।
১৭৩ দিন আগে
সাংবাদিকদের দলীয় কর্মী নয়, মানুষের কণ্ঠস্বর হতে হবে: আমীর খসরু
সাংবাদিকদের দলীয় কর্মী না হয়ে মানুষের কণ্ঠস্বর হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রামে নগরীর জামাল খানের প্রেস ক্লাব চত্বরে এক সমাবেশে তিনি এই আহ্বান জানান।
চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে ‘সাংবাদিক ছাত্র জনতার সমাবেশে’প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
তিনি বলেন, ‘আপনারা বিএনপির সাংবাদিক হওয়ারও দরকার নেই। আপনারা দেশের সাংবাদিক হন, বাংলাদেশের জনগণের সাংবাদিক হন, মানুষের সাংবাদিক হন। এটাই হচ্ছে নতুন বাংলাদেশের প্রতিজ্ঞা।’
পড়ুন: মির্জা ফখরুলের নেতৃত্বে জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে অংশ নেবে বিএনপি
তিনি বলেন, সাংবাদিকতার নামে যারা স্বৈরাচারের পক্ষে দাঁড়ায়, তারা আসলে সাংবাদিক না। তারা প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে একটি ব্যক্তির পক্ষে, একটি দলের পক্ষে অবস্থান নেয়—তারা সাংবাদিকতার সংজ্ঞার মধ্যে পড়ে না। তারা হয়ে গেছে দলীয় কর্মী। এই জিনিসগুলো আপনাদের অনুধাবন করতে হবে। আমাদের যেন তাদের মতো চলতে না হয়, সেটাও মাথায় রাখতে হবে।
এর আগে তিনি প্রেসক্লাবের সামনে আয়োজিত ‘ক্যামেরায় জুলাই বিপ্লব শীর্ষক প্রদর্শনী’ ঘুরে দেখেন। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের উপর বিভিন্ন শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচির সভাপতিত্বে ও বৈশাখী টিভির ব্যুরো চিফ গোলাম মওলা মুরাদ এবং মিয়া মোহাম্মদ আরিফের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান।
আমীর খসরু বলেন, আমরা ১৫ বছর ধরে সাংবাদিকতার চিত্র সম্মুখভাবে দেখেছি। কারণ আমরা সম্মুখভাগে ছিলাম। আমি সার্বিকভাবে যেভাবে ছিলাম, সাংবাদিকতার চিত্র পরিষ্কারভাবে দেখেছি। কারা নিজের দেশকে বিক্রি করে সাংবাদিকতা করেছে, কারা ফ্যাসিস্ট স্বৈরাচারের সঙ্গে থেকে সুবিধা ভোগ করেছে, সাংবাদিকতার দায়িত্বকে ধ্বংস করেছে, সব দেখেছি।
শেখ হাসিনার সময়ে সাংবাদিকতার ভূমিকা তুলে ধরে আমীর খসরু বলেন, শেখ হাসিনার প্রেস কনফারেন্স শেষে যে সাংবাদিকরা জনগণের কথা না তুলে ধরে স্বৈরাচারের কথা তুলে ধরেছে, তারা কি কোনো সাংবাদিক? তারা তো সাংবাদিকতার মান সম্মান নষ্ট করেছে।
পড়ুন: কাদা ছোঁড়াছুঁড়ি না করে একসঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান ফখরুলের
তিনি আরও বলেন, আপনারা নিশ্চয় দেখেছেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তারেক রহমান সাহেবকে বিদ্রুপ করে একটা কার্টুন ছাপানো হয়েছিল। সবাই ভেবেছিল এই সাংবাদিক বিপদে পড়বে। কিন্তু হলো উল্টো—তারেক রহমান সাহেব স্ট্যাটাস দিলেন, ‘আমরা দেড় দশক ধরে যুদ্ধ করছি—এই সাংবাদিকরা যাতে তাদের এ কাজগুলো করতে পারে। এই কথার মধ্যেই সব মেসেজ চলে এসেছে।
তিনি বলেন, আমরা সত্যিকারের সাংবাদিকতা চাই, নিরপেক্ষতা চাই। সাংবাদিকদের পেশাগত মানদণ্ড অক্ষত রাখতে হবে। এটাই হবে নতুন বাংলাদেশের শপথ। আগামীতে সাংবাদিকরা যদি জনগণের কথা তুলে ধরতে পারে, স্বাধীনতার কথা, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক অধিকার তুলে ধরতে পারে—তাহলেই হবে সফল সাংবাদিকতা।
তিনি আরও বলেন, আমাদের ৩১ দফার মধ্যে আমরা পরিষ্কার করে বলেছি, কী ধরনের সাংবাদিকতা চাই।
অনুষ্ঠানে বক্তব্য দেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহকারী মহাসচিব মুস্তাফা নঈম, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, সিএমইউজে'র সাধারণ সম্পাদক সালেহ নোমান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শিল্পী, মহানগর মহিলাদলের সভাপতি মনোয়ারা বেগম মনি প্রমুখ।
২০০ দিন আগে
দুর্ঘটনার সংবাদ করতে গিয়ে আহত বাবাকে উদ্ধার সাংবাদিকের, হাসপাতালের পথেই মৃত্যু
গিয়েছিলেন সড়ক দুর্ঘটনার সংবাদ সংগ্রহ করতে। দুর্ঘটনায় আহত দুজনের মধ্যে একজন খোদ বাবাকে খুঁজে পেয়ে কিং কর্তব্যবিমুঢ় হয়ে পড়েন সাংবাদিক রাহিদুল ইসলাম। কালক্ষেপণ না করে বাবাকে নিয়ে জেলা সদর হাসপাতালে ছুটে যান তিনি। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বাবাকে নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে রওনা হলেও বাঁচাতে পারেননি বাবাকে। পথে রাজশাহী জেলার পুঠিয়া পার হতেই অ্যাম্বুলেন্সেই মৃত্যুর কোলে ঢলে পড়েন বাবা মজিবর রহমান।
রাহিদুল জানান, বৃহস্পতিবার সকালে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ছুটে যান শহরের বড় হরিশপুর এলাকার দুর্ঘটনাস্থলে। তথ্য সংগ্রহ ও পত্রিকার অনলাইন পেজে লাইভ উপস্থাপনার জন্য।
তিনি বলেন, ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রমের পর আহত ২ জনের মধ্যে ৫৫ বছর বয়সী এক ব্যক্তিকে নিজের পিতা মজিবর রহমানের মতো মনে হয় তার। দৌড়ে কাছে গিয়ে তিনি দেখতে পান এ যে তারই বাবা। ফায়ার সার্ভিসের সঙ্গে আহত বাবাকে নিয়ে যান সদর হাসপাতালে।
পরে সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ছুটতে থাকেন রাজশাহী। কিন্তু পৌঁছতে পারেনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। পথেই শেষ হয়ে যায় রাহিদুলের সবকিছু। লেখাপড়ার পাশাপাশি রাহিদুল নাটোর থেকে প্রকাশিত সাপ্তাহিক সংবাদ শৈলীর স্টাফ রিপোর্টর হিসাবে মাল্টিমিডিয়ায় কাজ করতেন।
ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, ভোরে শহরের বড় হরিশপুর এলাকায় প্রধান সড়কে একটি ট্রাক সিএনজি অটোরিকশাকে পাশ থেকে ধাক্কা দিলে অটো রিকশাটি ছিটকে রাস্তার পাশে গিয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে উদ্ধার অভিযান চালায়।
হাইওয়ে ওসি জানান পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজি নিয়ে চালকরা পালিয়ে যায়। ফলে তাদের আটক করা যায়নি।
২০৫ দিন আগে
ভোটকেন্দ্রে ১০ মিনিটের বেশি থাকতে পারবেন না সাংবাদিকরা, লাইভ সম্প্রচারে নিষেধাজ্ঞা
ভোটকেন্দ্রে সাংবাদিকদের অবস্থান ও লাইভ সম্প্রচারের বিষয়ে নতুন নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন নীতিমালা অনুযায়ী সাংবাদিকরা ভোটকেন্দ্রের বুথে ১০ মিনিটের বেশি অবস্থান করতে পারবেন না। একই সঙ্গে বুথের ভেতর বা সোশ্যাল মিডিয়ায় লাইভ সম্প্রচার করাও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত সপ্তাহে প্রকাশিত ‘নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক বা গণমাধ্যম কর্মীদের জন্য নীতিমালা ২০২৫’ অনুযায়ী, ইসির ইস্যুকৃত বৈধ পরিচয়পত্র থাকলে সাংবাদিকরা ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। তবে কেন্দ্রে ঢুকে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারকে জানিয়ে তবেই খবর সংগ্রহ, ছবি তোলা বা ভিডিও ধারণ করতে হবে।
নীতিমালায় স্পষ্টভাবে বলা হয়েছে, গোপন বুথে ছবি বা ভিডিও তোলা নিষিদ্ধ। বুথে একসঙ্গে দুইটির বেশি গণমাধ্যমের সাংবাদিক প্রবেশ করতে পারবেন না এবং কেউ ১০ মিনিটের বেশি অবস্থান করতে পারবেন না। বুথের ভেতর কোনো ভোটার, এজেন্ট বা কর্মকর্তার সাক্ষাৎকার নেওয়া যাবে না।
লাইভ সম্প্রচার সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, বুথের বাইরে নিরাপদ দূরত্বে থেকে লাইভ করা যাবে, তবে তা যেন ভোট গ্রহণ কার্যক্রমে বিঘ্ন না ঘটায়। ভোট গণনার ঘরে সাংবাদিকরা ঢুকে পর্যবেক্ষণ ও ছবি তুলতে পারবেন, তবে লাইভ সম্প্রচার করতে পারবেন না।
পড়ুন: আমি নিজেই এখনো নির্বাচনের তারিখ জানি না: সিইসি
নির্দেশনায় আরও বলা হয়েছে— বুথে কোনো নির্বাচনী উপকরণ স্পর্শ বা সরানো যাবে না, কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর পক্ষে-বিপক্ষে প্রচারমূলক বা উসকানিমূলক কিছু করা যাবে না, প্রিজাইডিং অফিসারের আইনগত নির্দেশনা মেনে চলতে হবে, নির্বাচন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি হয়—এমন কোনো কাজও করা যাবে না।
যদি কেউ এই নির্দেশনা লঙ্ঘন করেন—তাহলে তাদের গণমাধ্যম পাস বাতিল করা হতে পারে এবং নির্বাচনী আইন অনুযায়ী সংশ্লিষ্ট সাংবাদিক ও গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
২০২৩ সালের নীতিমালার মতো এবারো ‘আন্তর্জাতিক সংবাদ সংস্থার বিষয়টি উল্লেখ থাকলেও ‘স্থানীয় সংবাদ সংস্থার নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। এই নীতিমালা জাতীয় নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন—দুই ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
নীতিমালা আরও বলা হয়েছে, ‘একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশ ও নির্বাচনী এলাকা থেকে সংবাদ সংগ্রহের সুযোগ দিতে এই নীতিমালা জারি করা হয়েছে।’
২১১ দিন আগে
ভোলায় অনিয়মের সংবাদ সংগ্রহ করায় হামলা, সাংবাদিকসহ আহত ৬
ভোলায় স্লুইজগেট নির্মাণ কাজে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ৪ সাংবাদিক। এ হামলার প্রতিবাদ করায় স্থানীয় গ্রামবাসীদের ওপরও হামলা করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান গোলাম রাব্বানী কনস্ট্রাকশনের লোকজন। এতে অন্তত ৬জন আহত হয়েছে।
আহতদের মধ্যে সাংবাদিক ফারুক, স্থানীয় বাসিন্দা শামিম ও সেলিম তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেঘনা নদীর তীরে এ ঘটনাটি ঘটে। ঘটনায় শুক্রবার (২৩ মে) আজগর (৪০) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সাংবাদিক ফারুক জানান, মেঘনা নদীর তীরবর্তী একটি স্লুইজগেট নির্মাণে অনিয়মের খবর পেয়ে তিনিসহ ৫জন সাংবাদিক বৃহস্পতিবার (২২ মে) বিকাল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে নির্মাণ কাজে ঢালাইয়ের অনিয়মের ভিডিও ও ছবি ধারণ করেন তারা। এসময় শ্রমিক হাফেজ তাদেরকে ভিডিও ও ছবি তুলতে বাধা দেয় ও মোবাইলফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
তিনি জানান, এরপর সেখানে থাকা বাকী ২৫ থেকে ৩০জন শ্রমিক এসএস ও জিআই পাইপ নিয়ে তাদের ওপর হামলা চালায়। এসময় স্থানীয় লোকজন তাদের উদ্ধারের জন্য আসলে শ্রমিকরা তাদের ওপরও হামলা করেন।
এ ঘটনা তিনিসহ ৬জন আহত হয়েছেন বলে জানিয়েছেন এ সংবাদকর্মী।
ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রকৌশলী মমিন নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা কোনো নিন্মমানের পাথর, বালু ব্যবহার করিনি। সরকারি নীতিমালা অনুসারে পাথর, বালু, সিমেন্ট ব্যবহার করেই ঢালাই দিচ্ছি। যখন সাংবাদিকদের পরিদর্শনের সময় সেখানে ঠিকাদারী প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা ছিল না। শুধু শ্রমিকরা ও পাহাড়াদার ছিল। তাদের সঙ্গে সাংবাদিকদের কথা কাটাকাটি হয়েছে। সাংবাদিকদেরও অবস্থা বোঝা উচিত ছিল বলেও মন্তব্য করেন এই প্রকৌশলী।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ঠিকাদারী প্রতিষ্ঠানটি দুটি স্লুইজগেট, ৬ দশমিক ২ কিলোমিটার মাটির বাঁধ নির্মাণ ও বাঁধের তীরে ব্লক ফেলার কাজ করছে। এ কাজের চুক্তিমূল্য ৭৪ কোটি ১৭ লাখ টাকা।
স্লুইজগেট নির্মাণ কাজের দায়িত্বে থাকা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সহকারী প্রকৌশলী মেহেদী হাসান কাজে অনিয়মের কথা অস্বীকার করে সাংবাদিকদের বলেন, কাজের কোনো অনিয়ম হচ্ছে না। পাথর বিভিন্ন জায়গায় রাখা আছে। যেগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো ধোয়ার পরেই ব্যবহার করা হয়। তবে সাংবাদিকরা যখন কাজের সাইডে গিয়েছেন তখন সেখানে পাহাদার ও শ্রমিকরা ছিল। তাদের সঙ্গেই ঝামেলাটি হয়েছে। পরে ঠিকাদারী প্রতিষ্ঠান ওই পাহাদারকে কাজ থেকে বাদ দিয়ে দিয়েছে।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাব্বত খান জানান, হামলার ঘটনায় সাংবাদিক ফারুক বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে শুক্রবার থানায় একটি মামলা করেছেন। এক আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে এবং বাকী আসামিদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
২৭৪ দিন আগে
গাজায় রাতভর ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ৮২
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বর হামলায় আরও ৮২ জন নিহত হয়েছেন। বিট্রিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান বৃহস্পতিবার (১৫ মে) লাইভ আপডেট প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
মধ্যপ্রাচ্যের সংবাদ প্রকাশ করা লন্ডনভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়, অবরুদ্ধ উপত্যকাজুড়ে রাতভর বিমান হামলায় নিহত হয়েছেন ৫৭ জন ফিলিস্তিনি। পরে বৃহস্পতিবার সকালে গাজার খান ইউনিস শহরে চালানো হামলায় আরও অনেক হতাহত হয়। সবমিলিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ৮২ জনে দাঁড়ায় বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা।
আরও পড়ুন: ২৫ বছর পর সিরিয়ান নেতার সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বৈঠক
নাসের মেডিকেল কমপ্লেক্সের কর্মকর্তা জানান, হতাহতদের মধ্যে অনেক শিশুও রয়েছে।
বার্তা সংস্থা এপিরে এক ফটোগ্রাফার জানান, বুধবার দিবাগত রাত ও বৃহস্পতিবার পর্যন্ত খান ইউনিস শহরে অন্তত ১০টি বিমান হামলা তিনি প্রত্যগণনা করেছেন। হামলায় নিহতদের লাশ শহরের নাসের হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের অনেকের দেহ খন্ড বিখন্ড ছিল। যেগুলোকে একটি ব্যাগে ভরানো হয়েছিল। হাসপাতালটির মর্গ সূত্র ৫৪ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
আরও পড়ুন: ট্রাম্প মধ্যপ্রাচ্যে: ইসরায়েলি হামলায় ২২ শিশুসহ ৬০ ফিলিস্তিনি নিহত
বার্তা সংস্থা এপি জানিয়েছে, নিহতদের মধ্যে কাতারের টেলিভিশন নেটওয়ার্ক আল আরারি টিভির সাংবাদিক নিহত হয়েছেন। টেলিভিশন নেটওয়ার্কটি তাদের সামাজিক মাধ্যমে জানিয়েছে, পরিবারের ১১ সদস্যসহ সাংবাদিক হাসান সামুর খান ইউনিসে বিমান হামলায় নিহত হয়েছেন। তবে ইসরায়েলি বাহিনী হামলার বিষয়ে তাৎক্ষণিক কিছু জানায়নি।
বুধবার থেকে গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে রাতভর এটি দ্বিতীয় ভয়াবহ বিমান হামলা। যাতে অসংখ্য নারী ও শিশু হতাহত হয়েছে।
২৮২ দিন আগে