দ্বৈত নাগরিকত্ব
দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী মো. নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট করেছেন ঢাকা ১১ আসনের জাতীয় পার্টির (জাপা) সমর্থিত প্রার্থী শামীম আহমেদ।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দেশের সর্বোচ্চ আদালতে এ রিট করা হয়। রিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশন সচিব, রিটার্নিং কর্মকর্তা ও নাহিদ ইসলামকে বিবাদী করা হয়েছে।
আবেদনে বলা হয়, নাহিদ ইসলাম ২০২৫ সালের ২০ এপ্রিল ক্যারিবিয়ান দ্বীপ রাষ্ট্র ডোমিনিকার নাগরিকত্ব নেন। রিটটি গতকাল (রবিবার) দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন শামীম আহমেদের আইনজীবী মোহাম্মদ মজনু মোল্যা।
তিনি বলেন, আগামীকাল (মঙ্গলবার) রিটটি শুনানির জন্য হাইকোর্টে উপস্থাপন করা হবে।
আইনজীবী মজনু মোল্যা অভিযোগ করে বলেন, নাহিদ ইসলাম ২০২৪ সালের ৮ আগস্ট উপদেষ্টা পরিষদের দায়িত্ব গ্রহণের পরপরই রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহার করে রাতারাতি কমনওয়েলথ অব ডমিনিকার নাগরিকত্ব গ্রহণ করেন। নির্বাচনি হলফনামায় তিনি তা গোপন করেন, যা সংবিধানের ৬৬ অনুচ্ছেদের ২(গ)-এর সরাসরি লঙ্ঘন। সংবিধানের ৬৬(২) (গ) অনুযায়ী তিনি নির্বাচনের অযোগ্য। তাই বিষয়টি নিয়ে আবেদনকারী আদালতের শরণাপন্ন হয়েছেন।
গুলশান এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২১, ২২, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১ ও ৪২ এবং সবুজবাগ এলাকার ২৩ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-১১ আসন। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৩৯ হাজার ৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৮৭৭ জন। নারী ভোটার ২ লাখ ১৬ হাজার ১৯৮ জন। আর তৃতীয় লিঙ্গের ৩ জন ভোটার রয়েছেন।
প্রার্থী হয়েছেন বিএনপির এম এ কাইয়ুম, এনসিপির মো. নাহিদ ইসলাম, স্বতন্ত্র কোহিনূর আক্তার বীথি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের কাজী মো. শহীদুল্লাহ, গণফোরামের মো. আবদুল কাদের, গণঅধিকার পরিষদের মো. আরিফুর রহমান, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মো. জাকির হোসেন, ন্যাশনাল পিপলস্ পার্টির মো. মিজানুর রহমান, জাতীয় পার্টির শামীম আহমেদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ।
১২ দিন আগে
ঋণখেলাপি-দ্বৈত নাগরিকত্বের প্রমাণ পেলে ভোটের পরও ব্যবস্থা: ইসি মাছউদ
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঋণখেলাপি, দ্বৈত নাগরিকত্ব ও অন্য কোনো বিষয়ে তথ্য গোপন করে নির্বাচনে পার পেয়ে গেলেও প্রমাণিত হলে ভোটের পর কমিশন ব্যবস্থা নেবে বলেছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।
সোমবার (২৬ জানুয়ারি) নির্বাচন ভবনের নিজের দপ্তরে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।
ইসি মাছউদ বলেন, ভোটের স্বচ্ছতা নিয়ে ইসি কোনো আপস করবে না। কোনো অযোগ্য প্রার্থী যদি কোনো কারণে নির্বাচনে অংশ নিয়ে জয়ী হন, তবুও পরবর্তী সময়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এখতিয়ার নির্বাচন কমিশনের রয়েছে।
তিনি বলেন, অনেক সময় প্রার্থীরা হলফনামা কিংবা সম্পদের বিবরণীতে ভুল বা মিথ্যা তথ্য দিয়ে থাকেন। এ ধরনের অনিয়ম মোকাবিলায় ২০২৫ সালে গণপ্রতিনিধিত্ব আদেশে নতুন একটি আইনগত বিধান যুক্ত করা হয়েছে। এ লক্ষ্যে গণপ্রতিনিধিত্ব আদেশে ৯১এফ অনুচ্ছেদ সংযোজন করা হয়েছে। নতুন ওই বিধান অনুযায়ী, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরও যদি কোনো প্রার্থীর হলফনামা কিংবা আয়-ব্যয়ের হিসাব বিবরণীতে মিথ্যা তথ্য পাওয়া যায়, তাহলে নির্বাচন কমিশনের ওই প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা থাকবে।
এ সময় আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেয়ার বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন নির্বাচন কমিশনার মাছউদ। তিনি বলেন, আমরা মনে করি রাজনৈতিক দলগুলো সব দিক থেকেই আমাদের পূর্ণ সহযোগিতা করছে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে একটি ভালো নির্বাচন আয়োজন করতে পারব। আমরা কোনো চাপ পাইনি।
এই নির্বাচন কমিশনার বলেন, সংবিধান আমাদের যে দায়িত্ব দিয়েছে, তা পালনে আমরা সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছি। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ আমরা গ্রহণ করছি।
তিনি বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি সন্তোষজনক রয়েছে। আমরা খুবই আশাবাদী। এখন পর্যন্ত যে পরিবেশ আমরা দেখেছি, তাতে পরিস্থিতি বেশ ভালো বলে মনে হচ্ছে। আমি ভোটারদের অনুরোধ জানাই, তারা যেন স্বাধীনভাবে ভোটকেন্দ্রে এসে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেন এবং নাগরিক দায়িত্ব পালন করেন।
২৬ দিন আগে