প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়ার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। এর আগে তিনি প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন। তার আবেদন করা পদত্যাগপত্র গ্রহণ করে সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) একইভাবে মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে থাকা শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে সরকার। তিনিও পদত্যাগপত্র দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ওইদিন শেখ আব্দুর রশীদের স্থলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব দেওয়া হয় এবং এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। তবে দায়িত্ব পাওয়ার ২ দিনের মাথায় তিনিও পদত্যাগপত্র জমা দেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ২ অক্টোবর ২ বছরের চুক্তিতে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব নিয়োগ পান সাবেক আমলা মো. সিরাজ উদ্দিন মিয়া। সে অনুযায়ী চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত তার চাকরির মেয়াদ ছিল।